সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩৫ পি.এম
চলতি বছরের (২০২৬ সাল) হজ কার্যক্রম শেষ হওয়ার পর, সৌদি সরকার চিকিৎসা খরচের নামে এজেন্সিগুলোর আইবিএএন অ্যাকাউন্টে রক্ষিত প্রায় ১০ কোটি টাকা (৩০ লাখ সৌদি রিয়াল) আটকে রেখেছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি দ্রুত এই টাকা ছাড় করানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এই দাবি করেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘২০২৬ সালে হজ কার্যক্রম শেষ হওয়ার পর এজেন্সিগুলোর আইবিএএনে (আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট) রক্ষিত টাকা ফেরত আনতে গেলে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রায় ৩০ লাখ সৌদি রিয়াল আটকে দেয় এবং মেডিকেল বিলের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে এই ৩০ লাখ সৌদি রিয়াল দাবি করেন।’
তিনি আরও বলেন, ‘হজ চুক্তি কিংবা পূর্বে কোনো মাধ্যমে আমাদের সরকার কিংবা এজেন্সি বা হজযাত্রী কাউকে এ বিষয়ে অবহিত না করে হঠাৎ এ সিদ্ধান্তে আমরা বিস্মিত।’
হাবের মহাসচিব উল্লেখ করেন, ‘এই মুহূর্তে কোনো হজযাত্রী চিকিৎসা ব্যয় খাতে কোনো টাকা পরিশোধ করবেন না। আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে উল্লেখিত ৩০ লাখ সৌদি রিয়াল দ্রুত ছাড় করানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এ বিষয়ে মন্ত্রণালয়কে লিখিতভাবেও বিষয়টি অবহিত করেছি।’
তিনি বলেন, ‘সরকারের পদক্ষেপে যদি এ বিষয়ে সফলতা না আসে তাহলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আপৎকালীন তহবিল থেকে এ টাকা পরিশোধ করার দাবি করছি। হজযাত্রীরা এ টাকা পরিশোধ করবেন না, তাই এজেন্সির পক্ষে এ বিশাল টাকা পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়।’
হাবের মহাসচিব জানান, হজ চুক্তিতে কিংবা এর আগে কোনো মাধ্যমে বাংলাদেশ সরকার, হজ এজেন্সি বা হজযাত্রীদের এ বিষয়ে অবহিত করা হয়নি। তাই হঠাৎ করে এ অর্থ দাবি করায় তারা বিস্মিত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শেবাচিম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেলায়েত বাবলুকে দেখতে যান তারা। এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, সহ-সভাপতি ও বাংলাদেশ টুডের ব্যুরো চিফ জিহাদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান’র ফটোসাংবাদিক পারভেজ সরদার, প্রচার সম্পাদক ও দৈনিক দক্ষিণাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও সকাল সংবাদ-এর সম্পাদক সিহাব তোহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক বেলায়েত বাবলুর দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ তার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। সম্প্রতি বুকে ব্যাথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তিন বাবলু। তার হার্টের সমস্যা থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য রেফার্ড করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে নদী ও সরকারি জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে এ পোনা অবমুক্ত করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় কাউখালী উপজেলার মোট ১৩টি প্রতিষ্ঠান ও উন্মুক্ত জলাশয়ে মোট ২৯৫ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় ও উন্নত জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মাছের পোনা অবমুক্তকরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, সরকারি ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মূল লক্ষ্য হলো দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো। এর মাধ্যমে আমাদের আমিষের ঘাটতি মেটানোর পাশাপাশি স্থানীয় প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের নতুন সুযোগ তৈরি হবে। আমরা আশা করি, এই মাছগুলো বড় হওয়া পর্যন্ত সবাই সচেতন থাকবেন এবং অবৈধভাবে পোনা মাছ ধরা থেকে বিরত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র 'ছৈলার চরে' জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছৈলার চরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "ছৈলার চরকে কেবল সাধারণ পর্যটনকেন্দ্র নয়, বরং একটি 'সাংস্কৃতিক ভিলেজ' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটিকে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন স্পট হিসেবে উন্নত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে এবং জেলার সার্বিক পর্যটন খাতের ব্যাপক প্রসার ঘটবে।"
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জেলার পর্যটন কেন্দ্রগুলোকে সাজানো গেলে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এ জন্য দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি সদর ইউএনও সেগুফতা মেহনাজ।
এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : রাশিয়ার বিভিন্ন হামলায় ইউক্রেনজুড়ে রোববার অন্তত ৮ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মস্কো যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর এসব হামলা সংঘটিত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর প্রায় ৩ হাজার ৯০০টি ড্রোন, বিমান থেকে নিক্ষেপ করা বোমা ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কিয়েভে হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের অভিযোগ, আসন্ন কঠিন শীতের প্রস্তুতির মধ্যে মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার হামলায় একটি শিশু-কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৬ বছর বয়সী একটি কিশোরীও রয়েছে।
জেলেনস্কি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে রাতের হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। কিয়েভে রাশিয়ার একটি ড্রোন হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন।
ওডেসা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, কৃষ্ণসাগরসংলগ্ন দক্ষিণাঞ্চলে পরিচালিত ‘বড় ধরনের হামলায়’ আরও একজন নিহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কিয়েভের প্রশাসন বলছে, ‘শত্রুপক্ষ কিয়েভ অঞ্চলে হামলাকারী ড্রোন দিয়ে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে।’
প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১২টি বাড়ি, একটি গুদাম ও একটি উৎপাদনকেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে।
ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপের জানিয়েছেন, রুশ হামলায় আবাসিক ভবন, একটি দোকান, একটি হোটেল, একটি চিকিৎসাকেন্দ্র এবং একটি শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলার অভিযোগের প্রেক্ষিতে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ২ হাজার ২০০টির বেশি হামলাকারী ড্রোন, প্রায় ১ হাজার ৬৫০টি বিমানবোমা ও বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।’
তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলাগুলোর লক্ষ্য ছিল দেশের বিভিন্ন এলাকায় দুটি কিন্ডারগার্টেন, দুটি স্কুল, আবাসিক ভবন ও অন্যান্য বেসামরিক অবকাঠামো।
পরে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়া যদি সত্যিই যুদ্ধের উত্তেজনা কমানোর কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিত—যেমনটি তারা বিশেষ করে মার্কিন আলোচকদের কাছে দাবি করছে— তাহলে ‘শাহেদ ড্রোন দিয়ে এ ধরনের সন্ত্রাস চালানো হতো না।’
মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভে কিয়েভস্টার নামে একটি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার এবং ওমেগা টেলিকম নামে আরেকটি প্রতিষ্ঠানের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব প্রতিষ্ঠান ইউক্রেনের সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ