০১:৪৬ পি.এম
দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত ছোট মহেশপুর গ্রামের একটি নয়নজলিতে (ছোট জলাশয়) সারি সারি লাল শাপলা ফুটে উঠেছে। উজ্জ্বল সবুজ পাতার মাঝে লাল শাপলার এই অসাধারণ সমাহার একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। ব্যস্ত সড়ক দিয়ে চলাচলের সময় প্রাকৃতিক সৌন্দর্যটি চোখে পড়তেই অনেক পথচারী থমকে দাঁড়িয়ে যান। ক্লান্তি ভুলে, কয়েক মুহূর্তের জন্য হলেও শাপলার এই রূপ সকলের মনকে মুগ্ধ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু যুবকের স্বতঃস্ফূর্ত উদ্যোগের ফলে সাধারণ একটি জলাশয় এখন আকর্ষণীয় সৌন্দর্যকেন্দ্রে রূপান্তরিত হয়েছে। প্রায় তিন বছর আগে, অবসর সময়ে আড্ডা ও বিশ্রামের জন্য ওই নয়নজলির পানির ওপর বাঁশ দিয়ে একটি ছোট টং ঘর নির্মাণ করেন তাঁরা। পরবর্তীতে, জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে সেখানে শাপলা গাছ রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা শুরু করেন। ধীরে ধীরে শাপলার বংশবিস্তার ঘটে এবং জলাশয়টি লাল শাপলার অভয়ারণ্যে পরিণত হয়।
কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন বা বড় ব্যয়ের প্রয়োজন ছাড়াই, কেবল নিজেদের সদিচ্ছা ও পরিচর্যায় যুবকদের এই নান্দনিক উদ্যোগ এলাকার প্রাকৃতিক পরিবেশকে নতুন মাত্রা প্রদান করেছে।
আরও পড়ুন: ভয়াবহ দূষণে কক্সবাজার সমুদ্রসৈকত, হঠাৎ হাজির ‘বর্জ্যদানব’
জলাশয়ের এই রূপ নিয়ে স্থানীয় সংবাদকর্মী রোকনুজ্জামান রোকন মন্তব্য করেন, "পথের ধারে এমন শাপলার সমাহার সচরাচর চোখে পড়ে না। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ জুড়ানো যায়, যা যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে মনে প্রশান্তি এনে দেয়।" তিনি স্থানীয় যুবকদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, "তাদের এই নিরলস প্রচেষ্টা পথচারীদের চলাচলের পথে বাড়তি আনন্দ যোগ করছে।"
স্থানীয় এক যুবক জানান, অবসর সময় কাটানোর জন্য প্রথমে বাঁশ দিয়ে টংঘর তৈরি করা হলেও পরে শাপলা গাছ লাগিয়ে এর সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, "পথচারীরা ফুল দেখে আনন্দ পান—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতের সময় এই লাল শাপলার সৌন্দর্য তাঁরও নজর কাড়ে। তিনি স্থানীয় যুবকদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, "সবাই যদি একটু সচেতন থাকে, তবে এই প্রাকৃতিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে রক্ষা করা সম্ভব।"
আরও পড়ুন: চিলমারী–রৌমারী নৌপথে ফেরি ও কর্মী উধাও, কোটি টাকার উন্নয়ন নিয়ে উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন