ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যা মামলায় আসামি সাংবাদিক রাসেল রানা, বাদী চেনেন না


হত্যা মামলায় আসামি সাংবাদিক রাসেল রানা, বাদী চেনেন না

নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে সংঘর্ষের ফলে এক যুবকের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মামলায় ১৫ জন আসামির মধ্যে স্থানীয় সাংবাদিক রাসেল রানা অন্তর্ভুক্ত হলেও বাদী নিজেই তাকে চেনেন না বলে জানিয়েছেন।

এ ঘটনার পর জেলা ও উপজেলাজুড়ে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভূবন মৌজায় প্রায় ১৪ বিঘা সরকারি ভিপি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় কয়েকজন কৃষক দীর্ঘদিন ধরে ওই জমিতে লিজ নিয়ে ফসল ফলিয়ে আসছিলেন। চলতি বছরে নিহত মাসুদ রানা, তার বাবা আফজাল হোসেন ও ভাই রিফাত হোসেন উক্ত জমি লিজের জন্য আবেদন করেন। তবে প্রশাসন এ বছর কোনো পক্ষকেই লিজ প্রদান করেনি।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

লিজ না পেলেও পুরোনো অভ্যাসে একপক্ষ জমিতে ফসল আবাদ করতে গেলে তা নষ্ট করার অভিযোগ ওঠে। এর জেরে গত ১০ সেপ্টেম্বর সকালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। গুরুতর আহত মাসুদ রানাকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৫ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাসুদ রানার মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর রাতে তার ছোট ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় ১৫ নম্বর আসামি হিসেবে দৈনিক ‘টাইমস টুডে’র নওগাঁ জেলা প্রতিনিধি রাসেল রানাকে অন্তর্ভুক্ত করা হয়।

তবে মামলার বাদী রিফাত হোসেনের বক্তব্যে উন্মোচিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য। বাদী স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ১৫ নম্বর আসামিকে চেনেন না। সংঘর্ষের সময় তিনি বলেন, "আমার সামনেই আমার ভাইকে রাজা, জাহাঙ্গীর, কুদ্দুস ও ফটিক নামে চারজন মিলে মারধর করেছে। আমি সাংবাদিক রাসেল রানাকে চিনিই না।"

মামলায় সাংবাদিক রাসেল রানার নাম কীভাবে এলো জানতে চাইলে তিনি জানান, মামলা করার সময় তাদের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার চাচা উপস্থিত ছিলেন। তবে কে এই নাম দিয়েছে, তা তার জানা নেই।

আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সাংবাদিক রাসেল রানার দাবি, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বলেন, "বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করায় প্রতিহিংসাবশত চেয়ারম্যানের নির্দেশে তাকেই এই হত্যা মামলায় জড়ানো হয়েছে।"

​

তবে অভিযুক্ত বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত মারামারির বিষয়ে অবগত থাকলেও কে কাকে আসামি করেছে তা তিনি জানেন না। এমনকি বাদীর সঙ্গে থানায় যাওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

বিষয়টি নিয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, সংঘর্ষে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর

তদন্তের বিষয়ে ওসি আরও জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে ওই সাংবাদিকের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া না গেলে চার্জশিট (অভিযোগপত্র) থেকে তার নাম বাদ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, জেলা প্রতিনিধি নেত্রকোনা

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন ঝোপঝাড় ও কোণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয় এবং মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। বাড়ি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, অব্যবহৃত টায়ার কিংবা পরিত্যক্ত কোনো পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার করে মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী কলেজের প্রসপেক্টাসে আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


কাউখালী কলেজের প্রসপেক্টাসে আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির ক্ষোভ

পিরোজপুরের কাউখালী সরকারি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের জন্য ব্যবহৃত প্রসপেক্টাসে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রশংসা অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নতুন শিক্ষার্থীদের হাতে দেওয়া ভর্তি-সংশ্লিষ্ট প্রকাশনায় রাজনৈতিক বক্তব্য থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষ পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের প্রসপেক্টাসে ‘প্রতিষ্ঠা ও নামকরণ’ শিরোনামের লেখায় উল্লেখ করা হয়েছে, কাউখালী মহাবিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে কলেজ প্রতিষ্ঠায় তৎকালীন সংসদ সদস্য ও স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগীর ভূমিকার পাশাপাশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি জাতীয়করণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসপেক্টাসের ‘শিক্ষা প্রতিষ্ঠানের শপথবাক্য’ অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং তাঁর আদর্শ অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে। একই অংশে শিক্ষার্থীদের দেশ, দেশের মানুষ ও জাতীয় কল্যাণে কাজ করার শপথের কথাও বলা হয়েছে।

এদিকে ভর্তি প্রসপেক্টাসে সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড ও শেখ হাসিনা পরিবারের প্রশংসাসূচক বক্তব্য থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তাদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি সহায়িকা বা প্রসপেক্টাসে শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য, শিক্ষা কার্যক্রম, নিয়মনীতি ও প্রতিষ্ঠানের ইতিহাস থাকা স্বাভাবিক। কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রশংসামূলক বক্তব্য নতুন শিক্ষার্থীদের কাছে রাজনৈতিক বার্তা হিসেবে উপস্থাপিত হতে পারে।

তাদের আরও অভিযোগ, এ ধরনের লেখা শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় রাজনৈতিক প্রচারের বাইরে রেখে শিক্ষার্থীদের জন্য নিরপেক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। কলেজ কর্তৃপক্ষের ভর্তি সহায়িকা বইয়ে আওয়ামী লীগ সরকারের প্রশংসামূলক বক্তব্য কীভাবে স্থান পেল, তা তদন্ত করে দেখা দরকার। বর্তমান শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে প্রভাবিত করা কিংবা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে এসব লেখা যুক্ত করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

এই বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, এই লেখার পূর্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, পুরোনো বই অনুসরণ করতে গিয়ে এসব লেখা নতুন ভর্তি সহায়িকা বইয়ে ছাপানো হয়েছে।

এ বিষয়ে কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু বলেন, “ভর্তি সহায়িকা বই প্রকাশের জন্য ইংরেজি বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামকে আহ্বায়ক করে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। পুরোনো বই অনুসরণ করতে গিয়ে এসব লেখা ছাপানো হয়েছে। আজ ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে বই বিতরণ করার পর বিষয়টি আমার নজরে আসে। তাৎক্ষণিকভাবে বই বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বই প্রকাশের দায়িত্বে থাকা মনিরুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ জানান, “এডিসি শিক্ষা কে আহ্বায়ক এবং জেলা শিক্ষা কর্মকর্তা ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা বললেন গাজী নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা বললেন গাজী নজরুল

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, তার ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আত্মহত্যা করার সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ২২ মিনিটে তাদের আদালতে নেওয়া হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার দুই আসামির জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন, পাঁচটি কারণ উল্লেখ করে।

বেলা ৩টা ১২ মিনিটে আসামিদের আদালতের পঞ্চম তলার এজলাসে নেওয়া হয়। এ সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর এগুলো খুলে দেওয়া হয়।

বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এজলাসে উপস্থিত হন। এক মিনিট পর মামলার শুনানি শুরু হয়।

তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে সর্বোচ্চ মেয়াদের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে বিচারক এজলাস ত্যাগ করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, "আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।"

মরিয়ম কেন আত্মহত্যা করেছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে আমি জানি না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় জমি দখলের অভিযোগ,বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


ভালুকায় জমি দখলের অভিযোগ,বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় রাজিয়া খাতুনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন মো. শামীম (২৫), ফখরুল (৩০) ও মার্জিয়া খাতুন (২০)।

এ সময় রাজিয়া খাতুন ও তার মেয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মা-মেয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। একপর্যায়ে তাদের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাজিয়া খাতুনের মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন,যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়ে ভালুকা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

ভুক্তভোগী রাজিয়া খাতুন অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। অভিযুক্তরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালানো এবং মেয়ের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে,অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%