প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন ঝোপঝাড় ও কোণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয় এবং মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। বাড়ি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, অব্যবহৃত টায়ার কিংবা পরিত্যক্ত কোনো পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার করে মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন