রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:২৮ এম
চাঁদপুর মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। "সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন-দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদ এবং ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম. মাহাবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল এবং সহকারী অধ্যাপক ডা. মো. নোমান হোসেন, সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার গুরুত্ব অপরিসীম। সঠিক চিকিৎসাসেবা এবং অ্যান্টিভেনম সময়মতো গ্রহণের মাধ্যমে সর্পদংশনে আক্রান্ত রোগীর জীবন রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালে পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬। রূপাতালী বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কোতোয়ালি থানা চ্যাম্পিয়ন এবং কাউনিয়া থানা রানার্সআপ হয়েছে। অন্যদিকে নারী বিভাগে কাউনিয়া থানা চ্যাম্পিয়ন** এবং *কোতোয়ালি থানা রানার্সআপ* হয়েছে।
‘ক্রীড়ায় পেশা, পরিবার পাবে ভরসা; মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে মোট আটটি দল নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রথম পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে উভয় বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কোতোয়ালি থানা ও কাউনিয়া থানা কাবাডি দল।
নারী বিভাগের ফাইনালে কোতোয়ালি থানা নারী কাবাডি দলকে পরাজিত করে কাউনিয়া থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে নারী বিভাগে কাউনিয়া চ্যাম্পিয়ন এবং কোতোয়ালি রানার্সআপ হয়।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কাউনিয়া থানার খেলোয়াড় ঝর্ণা নারী বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
পুরুষ বিভাগের ফাইনালেও মুখোমুখি হয় কোতোয়ালি ও কাউনিয়া থানা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে *কাউনিয়া থানাকে পরাজিত করে কোতোয়ালি থানা কাবাডি দল চ্যাম্পিয়ন* হয়। ফলে পুরুষ বিভাগে *কোতোয়ালি চ্যাম্পিয়ন এবং কাউনিয়া রানার্সআপ* হয়েছে।
বিজয়ী দলের খেলোয়াড় ইমাম পুরুষ বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল খেলা দেখতে রূপাতালী পুলিশ লাইন্স মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ ও দুর্দান্ত নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, জাতীয় খেলা কাবাডির প্রসারের পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পুলিশ ও কমিউনিটির মধ্যে আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকাসক্তি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা রয়েছে।
টুর্নামেন্ট শেষে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন কোতোয়ালি, রানার্সআপ কাউনিয়া এবং নারী বিভাগের চ্যাম্পিয়ন কাউনিয়া, রানার্সআপ কোতোয়ালি** দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে মামলা করার পর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বারকে বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশে তাকে ভূরুঙ্গামারী থেকে লালমনিরহাটের আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তার স্থলে আদিতমারীর কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুককে ভূরুঙ্গামারীতে পদায়ন করা হয়েছে। পূর্বে তার বদলির আদেশ হলেও প্রভাব খাটিয়ে বাতিল করে নেন কৃষি কর্মকর্তা। তিনি ৩ সেপ্টেম্বর ২৩ থেকে সেপ্টেম্বর ২৬ মোট ৩ বছর উপজেলায় কর্মরত ছিলেন। রয়েছে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীর সিরোইল বাস টার্মিনালে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে যমুনা বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কাউন্টারের স্টাফ আলাউদ্দিনের অভিযোগ, সুজন, তাঁর ভাই রিপন, রকি ও ফিরোজ কাউন্টারে এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও আরও তিন স্টাফকে মারধর করা হয়। এ সময় কাউন্টারের চেয়ারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর এবং কাউন্টারে থাকা আনুমানিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা লুট করা হয় বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের ক্যামেরার সামনে দেওয়া বক্তব্যে আলাউদ্দিন অভিযুক্তদের নাম উল্লেখ করেন।
তবে অভিযোগের বিষয়ে সুজন, রিপন, রকি ও ফিরোজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।
কাউন্টার মালিক নিজাম ও রাজিব হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ করার কথা জানান। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মো. ফজলুর রহমান।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে।
সারা দেশের অধস্তন জেলা আদালতগুলোর ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোট পড়ার হার ছিল ৮৪ দশমিক ৭৩ শতাংশ। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. কামাল হোসেন ১৩৩, মো. আসাদ-উদ-দৌলা (মাসুম) ৭২, মো. হাফিজুল ইসলাম ৪৭, মো. আবু ছায়েদ ২০ এবং আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট পেয়েছেন।
ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীদের ঐক্য, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
নির্বাচনে অংশ নেওয়া ভোটার ও সাধারণ কর্মচারীরা বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতা চালু এবং পদোন্নতির জটিলতা নিরসনসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবির বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ