০৪:২০ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং মোট অন্তত ১০ জন আহত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে।
দলের মিডিয়া সেল থেকে সোমবার (৫ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ অক্টোবর দিবাগত রাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বর্বরোচিত হামলা চালানো হয়েছে ছাত্রদলের সন্ত্রাসীদের দ্বারা। এই হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এডভোকেট জুবায়ের বলেন, হামলায় আহত হয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিদ্যমান থাকাকালীন ক্যাম্পাসে সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করা বা আইনের কাছে সোপর্দ না করার বিষয়টি আরও বেশি উদ্বেগজনক।
এডভোকেট জুবায়ের বলেন, মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষা করার স্বার্থে অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, ভবিষ্যতে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তাবে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন