০৫:৫৮ পি.এম
মাদারীপুর, ৮ আগস্ট ২০২৬ : মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে সাহায্য করেন।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করানোই যথেষ্ট নয় বরং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জাতির মেরুদণ্ড শিক্ষকদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপর নির্ভর করে।
রাজৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ শনিবার দুপুরে সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
জাহান্দার আলী মিয়া আরও বলেন, ‘আপনারা শিক্ষকরা ছাত্র ছাত্রীদের মানুষ করেন। মা-বাবা সন্তান জন্ম দেন, আর শিক্ষিত করেন আপনারা।’ শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সভায় বক্তারা উল্লেখ করেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। বক্তাদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশেও শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা রয়েছে। তিনি অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর এবং কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়লে তার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বললেন।
সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
সভায় ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি এবং মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ও রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন