ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমার হুমকির কারণে বিমান চলাচল ব্যাহত


ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমার হুমকির কারণে বিমান চলাচল ব্যাহত

ইউরোপের বিভিন্ন দেশে যাত্রীবাহী উড়োজাহাজে একের পর এক বোমা হামলার হুমকির ফলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) অন্তত সাতটি ফ্লাইট এবং ইসরায়েলগামী একটি প্রমোদতরিতে বোমা রাখার হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় জরুরি নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে কয়েকটি বিমানবন্দরে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশের একটি বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছে। তবে তল্লাশি চালিয়ে কোথাও কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।

বুধবার (৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হুমকির মুখে পড়া সব উড়োজাহাজ নিরাপদে অবতরণ করেছে। আক্রান্ত উড়োজাহাজগুলোর মধ্যে আয়ারল্যান্ডের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস এবং পোল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা লটের ফ্লাইট অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রায়ানএয়ারের চারটি ফ্লাইট সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে।

পোল্যান্ডে ওয়ারশগামী দুটি ফ্লাইটে বোমা রাখার হুমকি দেওয়া হয়। কোপেনহেগেন থেকে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট নিরাপদে ওয়ারশর শপিন বিমানবন্দরে অবতরণ করে। পরে উড়োজাহাজটি পরীক্ষা করার জন্য বিমানবন্দরের একটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, মার্কিন শেয়ারবাজারে চাঙা; কমল তেলের দাম

অন্যদিকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা লটের একটি ফ্লাইটকে ওয়ারশর শপিন বিমানবন্দরের পরিবর্তে মডলিন বিমানবন্দরে পাঠানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

ইতালিতে ডাবলিন থেকে রোমগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিতে দেশটির বিমানবাহিনীর দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান পাঠানো হয়। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। এর আগে লিসবন থেকে আসা আরেকটি রায়ানএয়ারের ফ্লাইটেও বোমা শনাক্তের বিশেষ তল্লাশি চালানো হয়। যাত্রী, লাগেজ ও উড়োজাহাজ পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

স্পেনেও ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা থাকার খবর পেয়ে জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করে দেশটির বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইনা। উড়োজাহাজটি মুরসিয়া বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এ ছাড়া ইতালির বার্গামো থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইট এবং ডাবলিন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের আরেকটি ফ্লাইটও হুমকির মুখে পড়ে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের পর উড়োজাহাজ দুটিতে তল্লাশি চালানো হয়। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি

যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বা সেখানে অবতরণের কথা ছিল—এমন চারটি উড়োজাহাজে হুমকির তথ্য পাওয়া যায়। ম্যানচেস্টার বিমানবন্দরের একটি ফ্লাইট নিয়েও সতর্কবার্তা আসে। পরে পরীক্ষা-নিরীক্ষায় কোনো নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়নি।

একই দিন রাতে গ্রিসের সাইরোস দ্বীপের কাছে নোঙর করা পানামার পতাকাবাহী ‘ক্রাউন আইরিস’ নামের একটি প্রমোদতরিতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। এতে প্রায় ১ হাজার ৫০০ যাত্রী ও নাবিক ছিলেন। ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাত্রা করা জাহাজটি থেকে সবাইকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এরপর জাহাজটির যাত্রা পুনরায় শুরুর কথা জানানো হয়।

এর আগে সোমবার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইট মাঝআকাশে বোমা হামলার হুমকি পায়। পরে সেটিকে হাঙ্গেরির বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলুস রুসিন-সেন্দি জানান, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা সতর্কতা ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানার পর দেশটির গ্রিপেন যুদ্ধবিমান দ্রুত আকাশে উড়ে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণে সহায়তা করে।

‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের কনিষ্ঠ সদস্য হিসেবে জেন-জিদের উত্থান

ইউরোপজুড়ে এসব হুমকির ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো দেশকেও সরাসরি দায়ী করেনি। তবে ইউরোপীয় কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে সাইবার হামলা, নাশকতা এবং বিভিন্ন ধরনের ‘হাইব্রিড হামলায়’ জড়িত থাকার অভিযোগ করে আসছেন। যদিও মস্কো ও তেহরান উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছে।

চলতি সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটের ফ্রিজ অচল করে দেওয়ার মতো সাইবার হামলার ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের ধারণা, এ ধরনের ভুয়া বোমা হামলার হুমকিও কম খরচে পরিচালিত এবং দায় অস্বীকার করা যায়—এমন বিশৃঙ্খলা সৃষ্টির কৌশলের অংশ হতে পারে।

বিমান চলাচলের ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওসপ্রে ফ্লাইট সলিউশনের কর্মকর্তা রাইস জোনস বলেন, এক দিনে সাতটি বোমা হামলার হুমকিতে একাধিক ফ্লাইট আক্রান্ত হওয়ার ঘটনা ব্যতিক্রমী। তাঁর মতে, নির্দিষ্ট কোনো দেশ, বিমান সংস্থা কিংবা রুটকে লক্ষ্য না করে সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করাই এসব হুমকির উদ্দেশ্য হতে পারে। তথ্যসূত্র: আলজাজিরা, রয়টার্স, এএফপি

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত মেয়র মামদানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ ক্যারোলিনায় সিনেট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


দক্ষিণ ক্যারোলিনায় সিনেট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ জয় লাভ করেছেন। এই জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটরা একটি আসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যা আগে রিপাবলিকানদের দখলে ছিল। আসনটি বর্তমানে সাময়িকভাবে রিপাবলিকান গ্রাহামের অধীনে ছিল, যিনি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন।

বিজয়ী ভাষণে অ্যান্ড্রুজ উল্লেখ করেন, যারা তাকে ভোট দেননি, তাদেরও তিনি নিজের প্রতিনিধি হিসেবে গণ্য করবেন।

সমর্থকদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দক্ষিণ ক্যারোলিনার যেসব মানুষ আমাকে ভোট দেননি, তাদের সঙ্গে আমার সব বিষয়ে মতের মিল নাও থাকতে পারে। হয়তো আজ আমি তাদের ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। তবে তাদের আশ্বস্ত করতে চাই, আমিও তাদের সিনেটর।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কথা শুনব, আপনাদের পাশে থাকব এবং আপনাদের ও আপনাদের সন্তানদের জন্য ঠিক ততটাই লড়াই করব, যতটা নিজের সন্তানদের জন্য করতাম।’

অ্যান্ড্রুজ জানান, একজন সিনেটর হিসেবে এটাই হবে তার দায়িত্ব পালনের ধরন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনে বাস সংকট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


শ্রমিক আন্দোলনে বাস সংকট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহণের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গাজীপুর ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাসের সংখ্যা কমে যাওয়ার ফলে যাত্রীদের বিভিন্ন বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অফিসগামী মানুষ বাসে উঠতে না পারার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানোর ব্যাপারে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, কলেজ গেট, চেরাগ আলী, মিল গেট, স্টেশন রোড, টঙ্গী, আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, বিএনএস ও জসিমউদ্দীন রোড এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। এসব এলাকায় ঢাকাগামী বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। একইভাবে ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহগামী গণপরিবহণের চলাচলও কম দেখা গেছে। কোথাও কোথাও যানবাহনের ধীরগতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। কোনো বাস স্টেশনে থামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিন্তু অধিকাংশ বাস আগে থেকেই যাত্রীতে পরিপূর্ণ থাকায় অনেকেই উঠতে পারছেন না। কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পরও বাস না পেয়ে বিকল্প যানবাহনের খোঁজ করছেন। আবার অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাসে উঠছেন।

কলেজ গেট এলাকায় বাসের অপেক্ষায় থাকা রবিউল ইসলাম জানান, তিনি সকাল সাড়ে ৮টা থেকে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু দীর্ঘ সময়েও বাসের দেখা মিলছে খুব কম। দু-একটি বাস এলেও সেগুলোতে তিল ধারণের জায়গা থাকছে না। বাস থামার সঙ্গে সঙ্গে ওঠার জন্য সবাই হুড়োহুড়ি করছেন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে চেষ্টা করেও বাসে উঠতে পারছেন না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এভাবে চলতে থাকলে সময়মতো অফিসে পৌঁছানো সম্ভব হবে না। গত কয়েক দিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে যাতায়াতে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম নামের আরেক যাত্রী একই পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, সড়কে বাসের সংখ্যা অনেক কমে গেছে। একটি বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাস এলেও ভেতরে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে গাদাগাদি করে উঠছেন। আবার অনেকেই বাসে ওঠার সুযোগ পাচ্ছেন না। এতে কর্মস্থলে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের বোর্ডবাজার, বাইপাসসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। শ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে পরিবহণ চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত ৩১ অক্টোবর থেকে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শ্রমিকদের দাবি, বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। তাদের ভাষ্য, দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির সঙ্গে বর্তমান মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এ বেতনে সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

এ আন্দোলনের মধ্যে গত ২ নভেম্বর গাজীপুরের বাহাদুরপুর এলাকায় সংঘর্ষে পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) আহত হন। পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত থাকায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি সড়ক পরিবহণেও এর প্রভাব পড়ছে।

শ্রমিকদের আন্দোলনের কারণে একদিকে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে গণপরিবহণ সংকটে প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ সকাল ১১টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ সকাল ১১টায়

চলমান আন্দোলন এবং কারখানা বন্ধের পরিস্থিতির কারণে তৈরি পোশাক খাতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার মধ্যেই আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল ১১টায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রমিক অসন্তোষ মোকাবেলা করতে এবং মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি প্রদর্শনের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা এবং সরকারি কর্মকর্তাদের সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূত্রগুলো জানায়, প্রথম সভার মাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এই সভার।

মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছি।"

তিনি আরও বলেন, "আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতা বলেন, "সভাটি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত আমি জানতে পেরেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে বিষয়টি জানানো হয়েছে।"

রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যুর ছয় দিন পর পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় কংগ্রেসে দেওয়া একটি ভাষণে তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

বুধবার মাদ্রিদ-সেভিলে রেলপথে দুর্ঘটনাটি ঘটে, যা তোলেদো প্রদেশের উরদার কাছে সংঘটিত হয়। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

সংঘর্ষের পর ট্রেনটির কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইরিওর ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন, যার মধ্যে একটি শিশু রয়েছে, এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, “স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহণমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন না।”

গত জানুয়ারিতে দেশটিতে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। ওই দুর্ঘটনার উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অস্কার।

গত সপ্তাহের দুর্ঘটনাটি আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে গণ্য করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।

স্পেনে আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রেল দুর্ঘটনা ও পরিবহণমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%