০৪:২৭ পি.এম
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা ২০০ কোটি রুপির অর্থ আদায়ের মামলায় সাক্ষী হিসেবে দিল্লির আদালতে হাজির হবেন। তার সাক্ষ্য নেওয়ার জন্য ৬ নভেম্বর রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, গত ২ নভেম্বর মামলার শুনানিতে নোরা আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন তার আইনজীবী আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পেশাগত ব্যস্ততার কারণে নির্ধারিত দিনে হাজির হতে পারবেন না বলে জানানো হয়।
আদালত নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিং মন্তব্য করেন, সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত থাকা তার দায়িত্ব। পরে তাকে ৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে দিঘীর মন্তব্য
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোর্টিস হেলথকেয়ারের সাবেক প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি আদায় করেছেন। উল্লেখ্য, শিবিন্দর তখন একটি অর্থ পাচার মামলায় কারাগারে ছিলেন। তার জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অদিতির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
এ মামলায় নোরা ফাতেহি অভিযুক্ত নন; তাকে সাক্ষী হিসেবে আদালতে ডাকা হয়েছে। উল্লেখযোগ্য যে, মামলার তদন্তে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের নামও উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন