ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’: প্রভা


‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’: প্রভা

অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। এই পরিস্থিতিতে পরীমনির পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি একই সঙ্গে নিজের জীবনে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, পরীমনির ঘটনায় তিনি চুপ থাকতে পারছেন না। তার মতে, কিছু বিষয় নিয়ে প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। এ সময় তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার জন্যও আহ্বান জানান।

ভিডিওতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রভা বলেন, একটি প্রসাধনীর মেলা অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন। সেখানে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার খুব কাছাকাছি চলে আসছিলেন। প্রভা বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তির হাত ক্রমেই তার শরীরের কাছাকাছি চলে আসছিল বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: শাহরুখ নিজেকে বকতে বলেছিলেন, জানালেন ফারাহ

প্রভার ভাষ্য অনুযায়ী, ওই সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তিনি জানান, সাংবাদিক না হলে তিনি নিজের স্যান্ডেল দিয়েই ওই ব্যক্তিকে মারতেন। এমনকি হাসিমুখে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার আচরণে তিনি অস্বস্তি বোধ করছেন।

পরীমনির ঘটনার প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত দাবি করেছেন। তবে তার ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। কেউ কেউ ভিডিওটির মন্তব্যঘরে তার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ভারত, চীনসহ চার দেশকে হরমুজে বিশেষ ছাড় দিচ্ছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


কেন ভারত, চীনসহ চার দেশকে হরমুজে বিশেষ ছাড় দিচ্ছে ইরান?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচলের ওপর আরোপিত কড়াকড়ি থেকে ভারত, চীন, কাতার ও ইরাককে বিশেষ ছাড় দিয়েছে ইরান।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই চারটি দেশের জাহাজগুলো এখন থেকে কোনো বাধা ছাড়াই এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে। এমনকি মার্কিন বাহিনীও এসব দেশের জাহাজের চলাচল আটকাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিভিন্ন কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে এই ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতকে ছাড় দেওয়ার মূল কারণ হলো দেশটি থেকে জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানি সচল রাখা।

অন্যদিকে, পরাশক্তি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও রাজনৈতিক সমর্থন ধরে রাখতেই বেইজিংয়ের জাহাজগুলোর জন্য এই করিডোর উন্মুক্ত রাখা হয়েছে।

ইরানি কর্মকর্তা হায়াত মোকাদ্দাম জানান, ভারতীয় ও চীনা জাহাজগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য ট্রানজিট ফি দিতে হলেও কাতারের জাহাজগুলোর ক্ষেত্রে কোনো মাশুল নেওয়া হচ্ছে না। তবে ইরাকি জাহাজের ক্ষেত্রে মাশুলের বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি।

বিশ্লেষকদের মতে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী এই হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সেতুর রেলিং ভাঙার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


কুমিল্লার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সেতুর রেলিং ভাঙার অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজারে ব্যক্তিগত স্থাপনার সুবিধার্থে একটি সরকারি সেতুর রেলিং ভেঙে ফেলার অভিযোগ সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে উঠেছে। স্থানীয় বাসিন্দারা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাথেরপেটুয়া-হাসনাবাদ সড়কের বাইশগাঁও বাজারে অবস্থিত সরকারি সেতুটির পাশেই সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের একটি বহুতল স্থাপনা ও দোকান রয়েছে। অভিযোগ করা হয়েছে যে, উক্ত দোকানে ক্রেতাদের চলাচলের সুবিধার্থে এবং স্থাপনা রক্ষার স্বার্থে সেতুর রেলিংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল বারী তুহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা রাষ্ট্রীয় সম্পদ। কোনো জুলুমকারী বা অত্যাচারকারীর এই ধরনের কাজকে সমর্থন করা যায় না। সংশ্লিষ্ট সরকারি বিভাগকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

আরেক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উল্লাহ মন্তব্য করেন, “সরকারি সম্পত্তি মানেই জনগণের সম্পত্তি। উনি কোন ক্ষমতায় এটা ভাঙছেন, উনিই ভালো জানেন। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

রেলিং ভাঙার বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “দোকানে কাস্টমার যেন সহজে যাতায়াত করতে পারে, সে জন্য দোকানদার এটা ভেঙে ফেলেছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী আমাকে বিষয়টি জানানোর পর আমি গতকালই সেটি মেরামত করে দিয়েছি।”

এদিকে, স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান জানিয়েছেন, “ইতিমধ্যে ক্ষতিপূরণ আদায় করে রেলিংটি মেরামত করিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা প্রকৌশলী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ব্যবহার করে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


এআই ব্যবহার করে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইনজীবীদের কণ্ঠস্বর ও চেহারা নকল করে প্রায় ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা, যেখানে ১ ডলার সমান ১২৪.৩৭ টাকা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় (সরকারি) আইনজীবীরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই অভিযোগ প্রকাশ করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জ্যাকব সোয়াল, শ্যারন হাজান এবং গাই শিটরিট, যাদের ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রতারণা করতেন। প্রধান নির্বাহী কর্মকর্তার কণ্ঠস্বর ও চেহারা নকল করে গোপন আর্থিক লেনদেনের কথা বলে কর্মীদের নির্দিষ্ট ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ পাঠাতে নির্দেশ দিতেন। এরপর আইনজীবী সেজে প্রতারণার বিষয়টি আরও বিশ্বাসযোগ্য করে তুলতেন।

এভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২ কোটি ৯০ লাখ ডলারের বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে তাদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও কোডার্সট্রাস্টের সঙ্গে ইউপিসের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয় ও কোডার্সট্রাস্টের সঙ্গে ইউপিসের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ‘ট্রাম্প সেন্টারে’ এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, ইউনিভার্সিটি ফর পিসের ডিন প্রফেসর মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কার্যক্রম অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। সহযোগিতার এই পরিধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা উন্নয়নের মতো আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনে প্রবেশের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় তার বিশাল কলেজ নেটওয়ার্ককে কাজে লাগিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও গ্র্যাজুয়েটদের কাছে এসব কার্যক্রম পৌঁছে দিতে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। অন্যদিকে, ইউনিভার্সিটি ফর পিস শান্তিশিক্ষা, সংঘাত নিরসন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান, প্রশিক্ষক এবং পাঠ্যবস্তু সরবরাহ করবে। এ ছাড়া ডিজিটাল দক্ষতার সমন্বয়ে স্বল্পমেয়াদি, পেশাগত ও সনদভিত্তিক কোর্স চালু, পাঠ্যক্রম উন্নয়ন, যৌথ গবেষণা এবং শিক্ষা ও গবেষণাসংক্রান্ত তথ্য বিনিময়ের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক কনফারেন্স, কর্মশালা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমও যৌথভাবে আয়োজন করা হবে।

এই সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষক সমাজের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকেরা আধুনিক ডিজিটাল দক্ষতা, শান্তিশিক্ষা, মানবাধিকার ও সংঘাত নিরসনসংক্রান্ত বিষয়গুলো নিজ নিজ পাঠদানে যুক্ত করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, তিন প্রতিষ্ঠানের এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) মানসম্মত শিক্ষা (এসডিজি ৪), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি ৮) এবং শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি ১৬) অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস কোস্টারিকাভিত্তিক একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ এর অন্যতম স্বাক্ষরকারী (সিগনেটরি) দেশ। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শান্তি, সংঘাত নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%