০৬:২৩ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইনজীবীদের কণ্ঠস্বর ও চেহারা নকল করে প্রায় ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা, যেখানে ১ ডলার সমান ১২৪.৩৭ টাকা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় (সরকারি) আইনজীবীরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই অভিযোগ প্রকাশ করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জ্যাকব সোয়াল, শ্যারন হাজান এবং গাই শিটরিট, যাদের ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রতারণা করতেন। প্রধান নির্বাহী কর্মকর্তার কণ্ঠস্বর ও চেহারা নকল করে গোপন আর্থিক লেনদেনের কথা বলে কর্মীদের নির্দিষ্ট ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ পাঠাতে নির্দেশ দিতেন। এরপর আইনজীবী সেজে প্রতারণার বিষয়টি আরও বিশ্বাসযোগ্য করে তুলতেন।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
এভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২ কোটি ৯০ লাখ ডলারের বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে তাদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সূত্র: এবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন