০৪:১৫ পি.এম
দীর্ঘ ১৬ বছরের সংসারজীবন অতিবাহিত হয়েছে। স্ত্রী ইকরার সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত আজও আলভীর স্মৃতিতে অমলিন রয়েছে। কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলো এখন অভিনেতা জাহের আলভীর মনে কষ্টের জন্ম দেয়। প্রিয় মানুষকে হারানোর শোক বুকে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের জীবনের কঠিন সময় এবং স্ত্রীকে হারানোর বেদনা নিয়ে আলভী কথা বলেন। তিনি জানান, ইকরার সঙ্গে কাটানো পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে এখনো কষ্ট অনুভব করেন। তবে তিনি এসব স্মৃতি ভুলে যেতে চান না। বরং সবসময় অনুভব করতে চান, যেন ইকরা তাদের সঙ্গেই আছেন এবং সন্তানের মা হিসেবে দূর থেকে আশীর্বাদ করছেন।
স্ত্রীকে হারানোর পর, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এখন একমাত্র সন্তান। ছেলেকে নেতিবাচক পরিবেশ ও ক্ষতিকর মানুষের প্রভাব থেকে দূরে রেখে সুন্দরভাবে বড় করার লক্ষ্য তার প্রধান। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সন্তানের কাছে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করেন তিনি। দীর্ঘ সময় ছেলের কাছ থেকে দূরে থাকাও এখন তার জন্য কঠিন হয়ে উঠেছে।
আরও পড়ুন: রাজের ‘ফিরে আসার গল্পে’ অভিনয় করছেন ফেস অফ টুমরোর রাইসা
সন্তানের মানসিক অবস্থার বিষয়েও আলভী সতর্ক রয়েছেন। চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞদের পরামর্শ মেনে, ছেলেকে কোনো কিছু জোর করে বোঝানোর চেষ্টা করছেন না। স্বাভাবিকভাবে যেন সে পরিস্থিতি বুঝতে পারে এবং শোক কাটিয়ে উঠতে পারে, সে জন্য প্রয়োজনীয় সময় দিচ্ছেন তারা।
নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আলভী জানান, একপর্যায়ে প্রবল অস্থিরতা ও শ্বাসকষ্টের মতো অনুভূতি হচ্ছিল তার। কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে ধরার পর মনে হয়েছে, তিনি এখনো বেঁচে আছেন এবং ছেলের জন্য তাকে বেঁচে থাকতে হবে। আপাতত ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনা নেই, বাবা-ছেলের একসঙ্গে এগিয়ে যাওয়া এবং নিজের অভিনয়জীবন নিয়েই ভাবছেন তিনি।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা জটিলতা, কারাবাস ও আইনি প্রক্রিয়া শেষে, প্রায় সাত মাস বিরতি দিয়ে অক্টোবরের মাঝামাঝি আবারও নাটকের শুটিংয়ে ফেরেন জাহের আলভী। নতুন করে কাজ শুরু করে অভিনয়জগতে নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।
আরও পড়ুন: সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন