ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ফার্মগেটে লাভলী পরিবনের বাসে আগুন লাগাল দুর্বৃত্তরা


ফার্মগেটে লাভলী পরিবনের বাসে আগুন লাগাল দুর্বৃত্তরা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের দ্বারা আগুন লাগানোর ঘটনা সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের বাসে আগুন লাগার সংবাদের ভিত্তিতে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এবং আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছিল।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বন্ধে জি-৭ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওপর চাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


যুদ্ধ বন্ধে জি-৭ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওপর চাপ

ইউক্রেন যুদ্ধের যৌক্তিক সমাধান নিশ্চিত করার পাশাপাশি ইরানের সঙ্গে সামরিক উত্তাপ এড়ানোর উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। প্যারিসে বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭-এর শীর্ষ কূটনীতিকদের দু'দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে নিজেদের গভীর উদ্বেগের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে তুলে ধরছেন ইউরোপের প্রতিনিধিরা।

যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকটি ইউরোপীয় মিত্রদের জন্য ওয়াশিংটনের কৌশল ও পরিকল্পনা সরাসরি জানার একটি বড় সুযোগ তৈরি করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান দেখতে দেখতে পঞ্চম বছরে পা দিতে চলেছে। অন্যদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পরও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা একেবারে খারিজ করে দিচ্ছে ওয়াশিংটন।

প্যারিসের এই বৈঠকটির মধ্যেই ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার মস্কো এবং কিয়েভের প্রতিনিধি দলগুলোর মধ্যে মার্কিন মধ্যস্থতায় আলোচনা সূচি নির্ধারিত রয়েছে।

তবে এই আলোচনা ঘিরে ইউরোপের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপীয় দেশগুলোর ভয়, কিয়েভকে হয়তো কোনো অসম বা ক্ষতিকর চুক্তি মেনে নিতে বাধ্য করা হতে পারে। পাশাপাশি ইউরোপকে এড়িয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের মধ্যে নতুন নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা করে ফেলতে পারে বলেও তারা উদ্বিগ্ন। ইউরোপের এই ভয় আরও বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যখন তিনি সম্প্রতি রাশিয়া, ইউক্রেন ও "পুরো ইউরোপকে" জড়িয়ে একটি "খুব বড় চুক্তির" পূর্বাভাস দিয়েছিলেন।

ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলো দ্রুত কূটনৈতিক সমাধান এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালী' দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জোর তাগিদ দিচ্ছে। সূত্র: এএফপি, টাইম্‌স অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি শাওন নিজের বাড়ির প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


এমপি শাওন নিজের বাড়ির প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন

কুমিল্লার চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সড়ক দুটি সম্প্রসারণ ও নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আতিকুল আলম শাওন নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন।

সড়ক দুটি হলো— চান্দিনা ডাকঘর থেকে শ্রীমন্তপুর ব্রিজ এবং হাজী সাহেবের মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত।

রোববার (৮ নভেম্বর) বিকালে স্থানীয় সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরইউটিডিপি প্রকল্পের আওতায় সড়ক দুটির নির্মাণ ব্যয় ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা ধরা হয়েছে।

এদিকে, নিজে দাঁড়িয়ে থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে নিজের বাড়ির নিরাপত্তা প্রাচীর ভাঙতে সহযোগিতা করেন মো. আতিকুল আলম শাওন এমপি।

তিনি জানান, সড়কটি ১৮ ফুট প্রস্থ এবং ৪ ফুট বক্স ড্রেন মিলিয়ে ২২ ফুট প্রশস্ত হবে। এই সড়কের পাশে যাদের বাড়িঘর বা দোকান রয়েছে, তাদের তিনি সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সরকার, পৌর বিএনপি নেতা মো. নাছির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক খান, যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শরীফ খান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহাবুব আলম দোলন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের নাম ফয়সাল ও সুকুমার।

ঢাকার সিএমএম হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, ‘একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আমরা সেটিকে জব্দ করেছি।’ তিনি আরও বলেন, ‘ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসি প্রসিকিউশন স্যার এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিলা দল নেত্রীর রাস্তা দখল করে গাছ রোপণ, বিএনপি নেতারা মুক্ত করল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


মহিলা দল নেত্রীর রাস্তা দখল করে গাছ রোপণ, বিএনপি নেতারা মুক্ত করল

ভোলার দৌলতখান উপজেলায় শত বছরের পুরোনো সরকারি রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ স্থানীয় মহিলা দল নেত্রীর বিরুদ্ধে উঠেছে। এ বিষয়ে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হওয়ার পর রাস্তাটি মুক্ত করা হয়েছে।

উপজেলার বিএনপির নেতারা রাস্তা থেকে গাছ সরিয়ে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করেছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার পর উপজেলা বিএনপির উদ্যোগে গাছগুলো সরানোর কাজ শুরু হয়।

এর আগে, গত ৮ নভেম্বর ‘দৈনিক যুগান্তর’-এর অনলাইন এবং পরবর্তীতে প্রিন্টে এ সংক্রান্ত সংবাদ গুরুত্বসহকারে প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে।

জানা গেছে, চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শনিরকান্দি এলাকায় শত বছরের পুরোনো সরকারি রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ স্থানীয় মহিলা দলের সভাপতি জাহানারা বেগমের বিরুদ্ধে উঠেছে। এর ফলে দীর্ঘদিন ধরে প্রায় ৩৫টি পরিবারের সদস্যদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

রাস্তা থেকে গাছ সরিয়ে চলাচলের উপযোগী করে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেছেন, "দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের বিষয়টি আমাদের নজরে আসে। জনসাধারণের চলাচলের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আজ রাস্তা থেকে গাছগুলো সরিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, চরখলিফা ইউনিয়ন বিএনপির সভাপতি পান্নু মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%