০৭:৩৭ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি পূর্বে আরো দুই মেয়াদে কক্সবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ৩য় মেয়াদে পুনরায় আমীর নির্বাচিত হলেন।
শপথ গ্রহণের অনুষ্ঠান আজ ৯ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক। এ সময় চট্টগ্রাম অঞ্চল টিমের অন্যতম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতান্ত্রিক রীতিনীতি ও গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।" তিনি উল্লেখ করেন যে, যেকোনো সংকট ও জরুরি পরিস্থিতিতে জামায়াত শতভাগ গঠনতন্ত্র অনুসরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী জেলা ও মহানগরী আমীর নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি নতুন নেতৃত্বের অধীনে জেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে শক্তিশালী করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: মহিলা দল নেত্রীর রাস্তা দখল করে গাছ রোপণ, বিএনপি নেতারা মুক্ত করল
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানাদেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আখতার আহমদ, আবদুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা আমীর ও জেলা মজলিশে শূরার সদস্যবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন