০৪:১৬ পি.এম
পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে গুলির ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পাশের এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হামলার পর বিভিন্ন স্থান থেকে তিনটি আলাদা গাড়িতে করে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলে তাকে ধরার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজন নিহত হন। এছাড়া ইউকারিতানদির গ্রামে দুই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন।
আরও পড়ুন: জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’
তুর্কি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে একটি লাল মিনিভ্যানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার হাতে একটি লম্বা আগ্নেয়াস্ত্র ছিল।
দৈনিক মিলিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর ব্যবহৃত একটি গাড়ি কাদায় আটকে পড়ে। পরে গাড়িটি ফেলে রেখে তিনি পায়ে হেঁটে পালিয়ে যান। এ ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দিয়ে সন্দেহভাজনকে ধরতে অভিযান জোরদার করে। পরে তাকে এসকিশেহির প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়।
আফিওনকারাহিসার গভর্নরেট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতের জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ১.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন