ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে


হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যখন তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ করে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত সিলেট নগরে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকরা বর্তমানে মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কারণে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ফিলিপাইনে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ভারত ফিলিপাইনে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা করছে

ভারত বর্তমানে ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। এই বিষয়ে সরাসরি যুক্ত তিনটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

২০২২ সালে সম্পাদিত এক চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই নতুন এই চুক্তির খবর সামনে এসেছে। ভারতীয় দুটি সূত্র জানিয়েছে, ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস সিস্টেম কেনার পরিকল্পনা করছে, যার আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চুক্তির সম্ভাব্য মূল্য ৭০ কোটি থেকে ৮০ কোটি মার্কিন ডলার হতে পারে। এর আগে নৌবাহিনীর ব্যবহারের জন্য ফিলিপাইনের কাছে ৩৭.৫ কোটি ডলার মূল্যের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন করেছিল ভারত। তবে এবারের চুক্তির অঙ্ক পূর্ববর্তী চুক্তির তুলনায় বেশি।

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ফিলিপাইন নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে তাদের নতুন চুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোং রয়টার্সকে জানিয়েছেন, তাদের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার ‘দিল্লি ডিফেন্স ডায়ালগ’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো বলেন, তারা আরও ব্রহ্মোস ইউনিট পাওয়ার আশা করছেন এবং সিস্টেমটিকে ফিলিপাইনের পরিবেশের জন্য আরো উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকাও জমা দিয়েছেন।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ভারত প্রথমবার এই অস্ত্র ব্যবহার করার পর থেকেই এর চাহিদা বেড়েছে। গত জুলাইয়ে ভারত ইন্দোনেশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় এবং ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ অন্যান্য দেশের সঙ্গে এই সিস্টেম নিয়ে আলোচনা চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত অর্থবছরে ভারতের প্রতিরক্ষা খাতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি বেড়ে ৩৮৪.২৪ বিলিয়ন রুপিতে (৪.১১ বিলিয়ন ডলার) পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, জিমের অভিনয় যাত্রা কেমন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, জিমের অভিনয় যাত্রা কেমন?

মাফতুহা জান্নাত শিশুশিল্পী হিসেবে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। এরপর পড়াশোনার জন্য কিছু সময় বিরতি নেন। পরে নতুন করে শুরু করে দর্শকদের কাছে জিম নামে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

তিনি শাবানা ও শাবনূরের ভক্ত ছিলেন। ছোটবেলায় তাদের সিনেমা দেখে অভিনয়ের স্বপ্ন দেখতেন মাফতুহা জান্নাত। তবে তার অভিনয়ের শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। পরে শিশুশিল্পী হিসেবে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান।

সপ্তম শ্রেণিতে পড়ার সময় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান মাফতুহা জান্নাত। সিনেমাটিতে রানুর (জয়া আহসান) ছোটবেলার স্মৃতিচারণার অংশে তাকে দেখা গিয়েছিল। কিন্তু শৈশবের সেই অভিনয় নিয়মিত হয়নি। পড়াশোনার জন্য দীর্ঘ বিরতি ছিল। ২০২৩ সালে তিনি আবার নতুন করে ফিরেছেন।

বাবু সিদ্দিকীর পরিচালনায় ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি ছিল মাফতুহা জান্নাতের প্রথম নাটক। কীভাবে তিনি এই সুযোগটি পেলেন? এ প্রসঙ্গে জিম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বাবু সিদ্দিকী ভাইয়ের সঙ্গে পরিচয়। আমার অভিনয়ের আগ্রহের কথা জেনে তিনি সুযোগ দিয়েছিলেন। এভাবেই শুরু।’

এরপর তিনি মাবরুর রশিদ বান্নাহর ‘যত্ন’ নাটকে কাজ করেন। এ প্রসঙ্গে মাফতুহা জান্নাত বলেন, ‘যত্ন’ নাটকটি আমার টার্নিং পয়েন্ট ছিল। নাটকের ইরা চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এখনো দর্শক দূর থেকে ইরা নাম ধরে ডাকেন। আরশ খান ভাইয়ের সঙ্গে দর্শক আমাদের জুটি পছন্দ করেন। দর্শকের এই ভালোবাসার কারণে সকাল আহমেদ ভাই নির্মাণ করেন ‘দোষটা কার?’

এ নাটকেও দর্শক আমাদের জুটি পছন্দ করেছেন। এই নাটকে চেনা ছকের বাইরে গিয়ে আমাকে চরিত্রের জটিল মনস্তত্ত্ব ফুটিয়ে তুলতে হয়েছিল, যা আমাকে নতুন চ্যালেঞ্জ নিতে উসকে দিয়েছিল। কাজটি প্রকাশের পর সাধারণ দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলাম। এটি আমার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দিয়েছিল।

সম্প্রতি জিমের আলোচনায় থাকার প্রধান কারণ হচ্ছে—‘বিষপাখি’, ‘পেট্রোল’ ও ‘আহা একি মায়া’। এই তিন নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা রয়েছে। তার কাছে প্রতিটি কাজের অভিজ্ঞতা আলাদা মনে হয়েছে।

জিম বলেন, ‘দর্শক এখন একঘেয়ে গল্প দেখতে চান না। তিনটি নাটকের গল্প একটির চেয়ে অন্যটি সম্পূর্ণ আলাদা। রোমান্স, ড্রামা থেকে সাইকোলজিক্যাল থ্রিলার—বিভিন্ন ধরনের গল্পে দর্শক নতুনত্ব পেয়েছেন। প্রতিটি চরিত্রে চেষ্টা করেছি, সাধারণ মানুষ যেন নিজের জীবনের সঙ্গে চরিত্রগুলো মেলাতে পারেন। চরিত্রের চেনা রূপ ও বাস্তবতাই দর্শকদের মন ছুঁয়েছে বলে মনে করি।’

তিনি আরও বলেন, অনেক নির্মাতা ও প্রযোজক নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ঝুঁকি নিতে চান না। ফলে শুরুতে একই ধরনের চরিত্রের প্রস্তাব বেশি আসে। অভিনয়দক্ষতা প্রমাণের জন্য বৈচিত্র্যময় ও শক্তিশালী চরিত্র পাওয়া নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘শুরুতে আমাকেও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুনদেরও প্রতিভা আছে। তাদের সুযোগ দেওয়া দরকার।’

অভিনয়ে শরীরী ভাষার গুরুত্বও তিনি এই পড়াশোনার মাধ্যমে বুঝতে শিখেছেন।

অভিনেত্রী বলেন, ‘অভিনয়ে শুধু সংলাপ বললেই হয় না। চোখের ইশারা কিংবা শরীরের ছোট্ট কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে অনুভূতি প্রকাশ করা যায়। কীভাবে অতিরঞ্জন না করে একটি চরিত্রের আবেগ ফুটিয়ে তুলতে হয়, নাট্যকলার পড়াশোনা আমাকে তা শিখিয়েছে। স্ক্রিপ্ট পড়ার পর এর ভেতরের মূল ভাবনা বুঝতেও সুবিধা হয়। পরিচালকের চাওয়া অনুযায়ী অভিনয় করতে এটি অনেক সাহায্য করে।’

ভবিষ্যতে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চান মাফতুহা জান্নাত? নির্দিষ্ট কোনো নির্মাতার নাম বলতে চাননি তিনি। বরং সব নির্মাতার সঙ্গেই কাজ করার আগ্রহ রয়েছে। তবে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দিতে চান। বিশেষ করে মনস্তাত্ত্বিক জটিলতা রয়েছে, এমন চরিত্রে অভিনয়ের ইচ্ছা তাঁর। সাদা-কালো বিভাজনের বাইরে পর্দায় তুলে ধরতে চান মানুষের মনের নানা রূপ। পাশাপাশি বাস্তব জীবনের শক্তিশালী নারীদের গল্পও অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে আনতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলার সৌন্দর্যে মুগ্ধ পর্যটক, হাজাছড়ায় বাড়ছে পর্যটন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


শাপলার সৌন্দর্যে মুগ্ধ পর্যটক, হাজাছড়ায় বাড়ছে পর্যটন সম্ভাবনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি থেকেই পরিচিতি বাড়তে শুরু করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকার লাল শাপলা বিলের। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এ বিল দেখতে এখন প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন এলাকার ভ্রমণপিপাসু মানুষ। লাল শাপলার সমারোহ, পানিতে রাজহাঁসের বিচরণ আর চারপাশের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

বিশেষ করে ভোরের দৃশ্য যেন এ বিলের সবচেয়ে বড় আকর্ষণ। সকালের কুয়াশা ভেদ করে যখন পানির বুকে লাল শাপলা ফুটে ওঠে, তখন পুরো বিলজুড়ে তৈরি হয় অপরূপ এক দৃশ্য। শাপলার ফাঁকে ফাঁকে রাজহাঁসের বিচরণ প্রকৃতির সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা। তবে এ সৌন্দর্য উপভোগের সুযোগ খুব বেশি সময় থাকে না। সকাল ১১টা পর্যন্ত শাপলাগুলো ফুটে থাকতে দেখা যায়। তাই ভোরেই দর্শনার্থীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।

পর্যটকের সংখ্যা বাড়লেও তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখনো গড়ে ওঠেনি। বর্তমানে বিলে মাত্র দুটি নৌকা রয়েছে। ফলে দর্শনার্থীদের চাপ বাড়লে সবাই নৌকায় চড়ে বিলের ভেতরে যাওয়ার সুযোগ পান না। অনেককে মাঝবিলের সৌন্দর্য কাছ থেকে না দেখেই হতাশ হয়ে ফিরতে হয়।

বিল দেখতে আসা খাগড়াছড়ির জয়া চাকমা জানান, ফেসবুকে ছবি দেখে বিলটি দেখতে এসেছেন তারা। বাস্তবে বিলের সৌন্দর্য ছবির চেয়েও বেশি। স্থানীয়দের আন্তরিক সহযোগিতায় নৌকায় করে বিলের মাঝখানে ঘুরেছেন এবং শাপলার সঙ্গে ছবি তুলেছেন। পুরো ভ্রমণটি তাদের কাছে আনন্দদায়ক ছিল।

কবাখালী থেকে আসা দর্শনার্থী আসিফ বলেন, শাপলা বিলটির সৌন্দর্যের কথা অনেক শুনেছেন। এবার সরাসরি এসে মুগ্ধ হয়েছেন। রাস্তার পাশেই বিলটির অবস্থান হওয়ায় যাতায়াতও বেশ সহজ।

স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এ বিলকে ঘিরে দীঘিনালায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। দর্শনার্থীদের সুবিধার্থে সরকারি কিংবা প্রশাসনিক উদ্যোগে আরও কয়েকটি নৌকার ব্যবস্থা করা হলে পর্যটকেরা সহজে বিলের ভেতরে ঘুরে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে বিলের প্রাকৃতিক পরিবেশ ও শাপলার সৌন্দর্য রক্ষায় দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষ করে শাপলা না ছিঁড়ে এবং পরিবেশের ক্ষতি না করে সৌন্দর্য উপভোগ করার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

যেভাবে যাবেন

দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মেরুং বাজার হয়ে হাজাছড়া এলাকার লাল শাপলা বিলে পৌঁছানো যায়। এ পথে অটোরিকশার ভাড়া জনপ্রতি প্রায় ৬০ টাকা। চাইলে মোটরসাইকেলেও সহজে যাওয়া সম্ভব।

তবে শাপলার সৌন্দর্য উপভোগ করতে সকাল সকাল রওনা হওয়া ভালো। কারণ বেলা ১১টার পর শাপলাগুলো আর আগের মতো ফুটে থাকে না।

প্রাকৃতিক সৌন্দর্যের এই আকর্ষণকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় নৌকা, নিরাপদ যাতায়াত ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে হাজাছড়ার লাল শাপলা বিল হয়ে উঠতে পারে দীঘিনালার অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু

তরুণ ও মেধাবীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ৭৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

সূত্রে জানা যায়, এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকোত্তর ও স্নাতকধারীরা বিনামূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটি বর্তমান প্রযুক্তিনির্ভর চাকরির বাজারের চাহিদা বিশ্লেষণ করে সময়োপযোগী কোর্স পরিচালনা করে থাকে।

এই প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকারের এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এটি তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি ১৯ বছর ধরে চলছে এবং এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা বর্তমানে দেশে-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

সুযোগ-সুবিধা : এটি একটি সম্পূর্ণ বিনা মূল্যের প্রশিক্ষণ প্রোগ্রাম। কোর্সটির মূল্য প্রায় দুই লাখ টাকা। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের জন্য ‘প্লেসমেন্ট সেল’ এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

যা জানা প্রয়োজন : চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। পূর্ববর্তী কোনো রাউন্ডের কোর্সে অংশগ্রহণকারী প্রার্থীরা নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স কেবল ঢাকায় অনুষ্ঠিত হয়।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,

৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,

৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,

৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,

৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,

৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,

৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,

৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,

৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,

৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা রাউন্ড ৭৫–এর জন্য আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%