০৪:২৮ পি.এম
ভারত বর্তমানে ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। এই বিষয়ে সরাসরি যুক্ত তিনটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
২০২২ সালে সম্পাদিত এক চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই নতুন এই চুক্তির খবর সামনে এসেছে। ভারতীয় দুটি সূত্র জানিয়েছে, ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস সিস্টেম কেনার পরিকল্পনা করছে, যার আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চুক্তির সম্ভাব্য মূল্য ৭০ কোটি থেকে ৮০ কোটি মার্কিন ডলার হতে পারে। এর আগে নৌবাহিনীর ব্যবহারের জন্য ফিলিপাইনের কাছে ৩৭.৫ কোটি ডলার মূল্যের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন করেছিল ভারত। তবে এবারের চুক্তির অঙ্ক পূর্ববর্তী চুক্তির তুলনায় বেশি।
দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ফিলিপাইন নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে তাদের নতুন চুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে চিফ অব স্টাফ গ্রেপ্তার
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোং রয়টার্সকে জানিয়েছেন, তাদের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার ‘দিল্লি ডিফেন্স ডায়ালগ’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো বলেন, তারা আরও ব্রহ্মোস ইউনিট পাওয়ার আশা করছেন এবং সিস্টেমটিকে ফিলিপাইনের পরিবেশের জন্য আরো উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকাও জমা দিয়েছেন।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ভারত প্রথমবার এই অস্ত্র ব্যবহার করার পর থেকেই এর চাহিদা বেড়েছে। গত জুলাইয়ে ভারত ইন্দোনেশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় এবং ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ অন্যান্য দেশের সঙ্গে এই সিস্টেম নিয়ে আলোচনা চলছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত অর্থবছরে ভারতের প্রতিরক্ষা খাতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি বেড়ে ৩৮৪.২৪ বিলিয়ন রুপিতে (৪.১১ বিলিয়ন ডলার) পৌঁছেছে।
আরও পড়ুন: পুতিনের দূতের সাথে বৈঠক করে ট্রাম্পের বড় ইউরোপীয় নিরাপত্তা চুক্তির ইঙ্গিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন