ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা


চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের হস্তক্ষেপের কারণে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার এবং নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা গ্রেফতার থেকে রক্ষা পেয়েছেন।

মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ নগর ভবনে গেলে বাধার সম্মুখীন হয়। পরে পুলিশ বগাকে গ্রেফতার না করেই ফিরে যেতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগা নগর ভবনে অবস্থান করছেন- এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে পৌঁছায়। নগর ভবন থেকে বের হলে তাকে গ্রেফতারের জন্য পুলিশ প্রস্তুতি নেয়। পুলিশ সদস্যদের উপস্থিতি জানার পর মেয়রের কার্যালয়ে অবস্থানরত বগা বের হননি। কিছু প্রত্যক্ষদর্শী ওই সময় তাকে নগর ভবনে দেখেছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা

একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে বলেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে পুলিশ বগাকে গ্রেফতার না করেই নগর ভবন ত্যাগ করে।

এরপর মেয়র ডা. শাহাদাত হোসেন নগর ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। বগার অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়রের অনুসারীরা তাদের ধাক্কা দেন এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাড়িতে ওঠার আগে মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’

ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা ডিসি-উত্তরের কার্যালয়ে গেলে সেখানে খুলশী থানার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক চলছিল। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ডিসি-উত্তর কার্যালয়ে কেউ নেই।

আরও পড়ুন: ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফের মৃত্যু

এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় বগাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বগা বাসার গোপন পথ দিয়ে পালিয়ে যান। বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। সর্বশেষ এক সপ্তাহ আগে বগার গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের দাবি, মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


ট্রাম্পের দাবি, মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে

শ্রেণিকক্ষের অপ্রতুলতা, শিক্ষকদের অভাব এবং শিক্ষাখাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার কারণে গত দুই সপ্তাহ ধরে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই আন্দোলন এখন আরও তীব্র আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা সড়কে নেমে প্রায় দুই হাজার স্কুল ব্লকেড করেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে। তার মতে, ব্যাপকহারে অভিবাসী আসার সুযোগ দেওয়ার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্সে যা ঘটছে তা ব্যাপক নিয়ন্ত্রণের বাইরে ব্যাপক অভিবাসনের ফল। এটি কোনো স্কুলের বিষয় নয়, বরং ইসলামের বিষয়, যা এক সময়ের গ্রেট দেশ ফ্রান্স দখলের চেষ্টা করছে।

এর আগে গত আগস্টে আসন্ন মধ্যবর্তী মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের ‘জিহাদি’ বলে মন্তব্য করেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে মিশিগানের প্রাইমারি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মুসলিম ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদের প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেছিলেন বলে ধারণা করা হয়।

অধিকারকর্মীরা বলছেন, নভেম্বরের নির্বাচনের আগে ডানপন্থি ভোটারদের আকৃষ্ট করতে রিপাবলিকান আইনপ্রণেতা ও নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে এ ধরনের বক্তব্য ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী বক্তব্যকে আরও উসকে দিচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ার পর ফরাসি সরকার এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য তার মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো যেসব শিক্ষক শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকেন তাদের বাদ দিতে হবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘসময় ক্লাস চলার বিষয়টি পর্যালোচনা করতে হবে এবং দুপুরের খাবারের জন্য আরও বেশি সময় দিতে হবে।

এছাড়া শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, পুরাতন স্কুলগুলোর পর্যবেক্ষণ করে এগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে শিক্ষাখাতে বাজেট কমানোর জন্য সরকারের পরিকল্পনা থেকে সরে আসাও তাদের অন্যতম বড় দাবি।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে, যা গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য করা হচ্ছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক এবং সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৮ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, কল্যাণপুর থেকে মিরপুর-১-গামী সড়কের ডান পাশের এলাকাও এই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস জানায়, এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বৃন্দাবনে ভূগর্ভস্থ পানির ট্যাংকের গ্যাসে ৪ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


ভারতের বৃন্দাবনে ভূগর্ভস্থ পানির ট্যাংকের গ্যাসে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের চৈতন্য বিহারে অবস্থিত গুরুকুলাম নামক একটি সংস্কৃত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাটির নিচের পানির ট্যাংক পরিষ্কার করার সময় সন্দেহভাজন বিষাক্ত গ্যাসের কারণে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার মথুরা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র প্রকাশ সিং জানান, ট্যাংক থেকে দুর্গন্ধ বের হওয়ার পর শিক্ষার্থীরা সেটি পরিষ্কার করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকটির গভীরতা ছিল প্রায় ১২ থেকে ১৪ ফুট। জেলা ম্যাজিস্ট্রেট আরও জানান, মধ্যপ্রদেশের আশিস কুমার শর্মা এই আবাসিক সংস্কৃত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন, যেখানে প্রায় ২০০ শিক্ষার্থী ভর্তি রয়েছে। বর্তমানে সেখানে প্রায় ১০০ শিক্ষার্থী অবস্থান করছে।

তিনি বলেন, প্রথমে শিক্ষার্থীরা একটি মোটরের সাহায্যে ট্যাংক থেকে পানি বের করে। কিছু পানি থেকে যাওয়ার পর তারা ট্যাংকটি পরিষ্কার করতে শুরু করে। একজন শিক্ষার্থী ট্যাংকের ভেতরে নামার পর অচেতন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার কারণে সে অচেতন হয়ে পড়ে।

ওই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পরে আরো চার শিক্ষার্থী ট্যাংকের ভেতরে নামে। পাঁচজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে। পরে তাদের সবাইকে ট্যাংক থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট জানান, এ ঘটনায় চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রুদ্র নামে একজন শিক্ষার্থী বেঁচে গেছে এবং সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শ্লোক কুমার জানান, নিহত চার শিক্ষার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হচ্ছে। বেঁচে যাওয়া শিক্ষার্থীকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাকে আরো ভালোভাবে পর্যবেক্ষণের জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষার্থীটি সচেতন ছিল এবং কথা বলছিল।

জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘মুখ্যমন্ত্রীর নজরে ঘটনাটি আসার পর তিনি দ্রুত বিষয়টি দেখেন। তিনি উদ্ধার ও ত্রাণকাজ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আহত শিক্ষার্থীকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন।’ সিং বলেন, ‘ঘটনাটি কিভাবে ঘটল, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রয়োজনীয় স্বীকৃতি ছিল কি না এবং কোন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানো হয়েছিল, তা জানতে ম্যাজিস্ট্রেটের তদন্ত করা হবে।’

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে থাকা নজরদারি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান গ্রেফতার

পুলিশ সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তার গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন হয়।

জ্যোতি সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে স্থানীয় রাজনীতিতে তার একটি পরিচিতি রয়েছে। তিনি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%