প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের হস্তক্ষেপের কারণে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার এবং নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা গ্রেফতার থেকে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ নগর ভবনে গেলে বাধার সম্মুখীন হয়। পরে পুলিশ বগাকে গ্রেফতার না করেই ফিরে যেতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগা নগর ভবনে অবস্থান করছেন- এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে পৌঁছায়। নগর ভবন থেকে বের হলে তাকে গ্রেফতারের জন্য পুলিশ প্রস্তুতি নেয়। পুলিশ সদস্যদের উপস্থিতি জানার পর মেয়রের কার্যালয়ে অবস্থানরত বগা বের হননি। কিছু প্রত্যক্ষদর্শী ওই সময় তাকে নগর ভবনে দেখেছেন বলেও জানিয়েছেন।
একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে বলেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে পুলিশ বগাকে গ্রেফতার না করেই নগর ভবন ত্যাগ করে।
এরপর মেয়র ডা. শাহাদাত হোসেন নগর ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। বগার অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়রের অনুসারীরা তাদের ধাক্কা দেন এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গাড়িতে ওঠার আগে মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’
ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা ডিসি-উত্তরের কার্যালয়ে গেলে সেখানে খুলশী থানার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক চলছিল। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ডিসি-উত্তর কার্যালয়ে কেউ নেই।
এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় বগাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বগা বাসার গোপন পথ দিয়ে পালিয়ে যান। বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। সর্বশেষ এক সপ্তাহ আগে বগার গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন