ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

২০৭৫ সালের মধ্যে প্রবালপ্রাচীর চরম বিপন্ন হওয়ার ঝুঁকিতে: আইইউসিএন


২০৭৫ সালের মধ্যে প্রবালপ্রাচীর চরম বিপন্ন হওয়ার ঝুঁকিতে: আইইউসিএন

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৭৫ সালের মধ্যে বিশ্বের অগভীর পানির প্রায় সব প্রবালপ্রাচীর চরম বিপন্ন হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন)।

বৃহস্পতিবার প্রকাশিত বৈশ্বিক মূল্যায়নের প্রথম এ ধরনের প্রতিবেদনে, বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর ব্যবস্থাকে ‘চরম বিপন্ন’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। এটি ঝুঁকি মূল্যায়নের সর্বোচ্চ শ্রেণি।

প্রবাল তাপমাত্রার প্রতি সংবেদনশীল এবং মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সমুদ্রের তাপমাত্রা বাড়ছে এবং প্রবালের ক্ষতিকর ব্লিচিং বা বিবর্ণ হয়ে যাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে ও তীব্র হচ্ছে।

আরও পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানালেন হুমায়ুন কবির

আইইউসিএনের প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্রের লাল তালিকা মূল্যায়নের বৈজ্ঞানিক প্রধান মিশাল গুদকা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ হুমকি ক্রমেই ঘনিয়ে আসছে এবং তা অত্যন্ত গুরুতর। এর ফলে এসব বাস্তুতন্ত্রের টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।’

জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক কপ-১৭ সম্মেলনে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, প্রাকৃতিকভাবে সমুদ্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া ‘সুপার’ এল নিনো পরিস্থিতির উদ্ভবও এ বছর প্রবালের জন্য ঝুঁকি তৈরি করছে।

আইইউসিএন কপ-১৭ সম্মেলনে তাদের এ মূল্যায়ন তুলে ধরেছে। ২০৩০ সালের মধ্যে জীববৈচিত্র্যের ক্ষয় বন্ধ ও তা পুনরুদ্ধারে ঐতিহাসিক চুক্তির বাস্তবায়নে অগ্রগতি অর্জনের জন্য সম্মেলনে সরকারগুলোর ওপর চাপ বাড়ছে।

মূল্যায়নের জন্য আইইউসিএন জাতিসংঘের জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মধ্যম মাত্রার পরিস্থিতি বিবেচনায় নিয়েছে। এ পরিস্থিতিতে ২১০০ সালের মধ্যে শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে দেওয়া গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে বর্তমান আন্তর্জাতিক অঙ্গীকারগুলো বাস্তবায়িত হলে চলতি শতাব্দীতে তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে বুধবার জাতিসংঘ সতর্ক করেছে।

আইইউসিএন এক বিবৃতিতে বলেছে, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তাপীয় চাপ বিশ্বজুড়ে প্রবালপ্রাচীরের অবক্ষয়ের সবচেয়ে ধারাবাহিক হুমকি।’

সংস্থাটি জানায়, অতিরিক্ত মাছ ধরাও প্রবালের ক্ষতি করছে। কারণ, কিছু তৃণভোজী মাছ ও শিকারি প্রাণী শৈবালের বিস্তার নিয়ন্ত্রণ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

প্যারটফিশ ও অন্যান্য গ্রুপার মাছ অতিরিক্ত আহরণের ফলে বিশ্বের ৬৩ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র হুমকির মুখে রয়েছে। উপকূলীয় উন্নয়ন, দূষণ, পর্যটন এবং ঘন ঘন শক্তিশালী ঝড়ও প্রবালপ্রাচীরের জন্য বড় হুমকি।

আরও পড়ুন: আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবায় ভারত-ইউএনডিপির সাত দশক

চরম বিপন্ন প্রবালপ্রাচীর

আইইউসিএনের বিশ্লেষণে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ১২৭টি প্রবালপ্রাচীর ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব প্রবালপ্রাচীরের মোট আয়তন ১ লাখ ৮৮ হাজার ৩৬২ বর্গকিলোমিটার।

বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক জীববৈচিত্র্যসমৃদ্ধ কয়েকটি প্রবালপ্রাচীরকেও ‘চরম বিপন্ন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোরাল ট্রায়াঙ্গল, ক্যারিবীয় অঞ্চলের মেসোআমেরিকান ব্যারিয়ার রিফ ব্যবস্থা এবং লোহিত সাগরের প্রবালপ্রাচীর।

আরও পড়ুন: ‘প্রতিবাদ দমনের পরিণতি কী, শ্রীলঙ্কা-বাংলাদেশের দিকে তাকান’

শক্ত প্রবাল, যেগুলো প্রবালপ্রাচীরের জীবন্ত ভিত্তি তৈরি করে, বেশির ভাগ বিলুপ্ত হয়ে সেখানে শৈবাল, ভাঙা প্রবালের টুকরো ও স্পঞ্জের আধিক্য দেখা দিলে একটি প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র ধসে পড়েছে বলে বিবেচিত হয়।

গত সপ্তাহে ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০২০ সাল নাগাদ বিশ্বের প্রায় অর্ধেক প্রবাল প্রজাতি বিলুপ্তির ‘বর্ধিত আপেক্ষিক ঝুঁকিতে’ ছিল। এ অবক্ষয়ের প্রধান কারণ ছিল জলবায়ু পরিবর্তন।

এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে

গুরুতর সতর্কতা সত্ত্বেও আইইউসিএন বলেছে, বিশ্বের অধিকাংশ অঞ্চলের প্রবালপ্রাচীর এখনো পুরোপুরি হারিয়ে যায়নি।

আরও পড়ুন: টেসলা মানুষের মতো রোবট অপটিমাসের উৎপাদন শুরু করেছে

সংস্থাটির মতে, ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস বাদ দিয়ে শুধু গত ৫০ বছরে ঘটে যাওয়া পরিবর্তন বিবেচনা করলে বিশ্বের ২৪ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্রকে ‘চরম বিপন্ন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হতো। ভবিষ্যৎ উষ্ণায়নের প্রভাব যুক্ত করায় এ হার বেড়ে ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।

গুদকা বলেন, ‘সবচেয়ে ভয়াবহ পরিণতি এড়াতে সংরক্ষণ প্রচেষ্টা ও জলবায়ু কার্যক্রম জোরদার করার জন্য এটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সময়সীমা দাঁড় করেছে।’

তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলে উপকূলীয় সমুদ্র গবেষণা ও উন্নয়ন সংস্থা কর্ডিও ইস্ট আফ্রিকার গবেষণা পরিচালকও।

তিনি আরও বলেন, ‘আগামী কয়েক বছরে আমরা যে পদক্ষেপ নেব, তা নির্ধারণ করবে শতাব্দীর শেষভাগে এসব বাস্তুতন্ত্র কেমন থাকবে—আমরা যেভাবে এগুলোকে চিনি, সেভাবে টিকে থাকবে, নাকি সম্পূর্ণ ভিন্ন বাস্তুতন্ত্রে রূপান্তরিত হবে, যার মূল্য প্রকৃতি ও মানুষের কাছে কম হবে।’

আরও পড়ুন: ফেরাউনের জন্মদিনে আবু সিম্বেল মন্দিরে ‘অদ্ভুত’ দৃশ্য দেখলেন হাজারো মানুষ

আইইউসিএনের মহাপরিচালক গ্রেথেল আগুইলার বলেন, প্রবালপ্রাচীরকে পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা জানি, কী করা প্রয়োজন—নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো, সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করা এবং সহনশীল উপকূলীয় বাস্তুতন্ত্র ও এগুলোর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য ধারাবাহিক বিনিয়োগ নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৭ এম


নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : আলাউদ্দিন।

এদিকে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পলাশের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি ও রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি ঘোষণা করে। #
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৮ এম


সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদির কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ অবতরণ করে।

এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় মো. শাহেদ আহম্মেদ নিহত হন। তিনি বগুড়ার শাহজাহানপুরের রফিকুল ইসলামের পুত্র ছিলেন।

২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট (নম্বর BS 362) যাত্রা শুরু করে। পরে, ফ্লাইটটি ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন শাহেদ আহম্মেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০০ মাইল সাঁতরে ইতিহাস গড়লেন মার্কিন নারী ক্যাথরিন ব্রিড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৮ এম


৯০০ মাইল সাঁতরে ইতিহাস গড়লেন মার্কিন নারী ক্যাথরিন ব্রিড

৩৩ বছর বয়সী মার্কিন ওপেন-ওয়াটার সাঁতারু ক্যাথরিন ব্রিড অসাধ্য সাধন করেছেন। তিনি মাত্র ১১১ দিনের মধ্যে ক্যালিফোর্নিয়ার ৯০০ মাইল দীর্ঘ উপকূল সাঁতরে পার হয়ে একটি অবিশ্বাস্য ইতিহাস গড়েছেন। এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রা শুরু হয়েছিল গত ১ জুলাই ওরেগন সীমান্ত থেকে এবং সফলভাবে শেষ হয় ১৯ অক্টোবর মেক্সিকোর টিজুয়ানা সীমান্তে।

ক্যাথরিন প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা খোলা সমুদ্রে সাঁতার কাটতেন। লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই অর্জন আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।"

চার মাসের এই রোমাঞ্চকর যাত্রা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ‘এল নিনো’র প্রভাবে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে তাকে বারবার দিক পরিবর্তন করতে হয়েছে। এতে তার সাঁতারের সময় ও দূরত্ব উভয়ই বেড়ে যায়। এছাড়াও, সমুদ্রের দ্রুততম শিকারি ‘মাকো হাঙর’-এর মুখোমুখি হতে হয়েছিল তাকে।

হাঙর দেখার মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই দলের ক্যাপ্টেন মেইসি ব্রিস্টো তাকে নিরাপদে ৫২ ফুট দীর্ঘ নৌকায় তুলে নেন। ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কুইন ফিটজগেরাল্ড জানান, এল নিনোর প্রতিকূল পরিস্থিতিতে এমন উচ্চাভিলাষী অভিযান সফল করা ক্যাথরিনের অসাধারণ প্রতিভার প্রমাণ।

ঐতিহাসিক এই অর্জনের পর ক্যাথরিন ব্রিড তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পুরো ক্রু দলের প্রতি কৃতজ্ঞতা জানান। সমুদ্রের বুকে টানা প্রায় চার মাস কাটানোর পর তিনি মধ্য আমেরিকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ছুটি কাটাতে যাবেন। এরপর সমুদ্র সংরক্ষণ এবং সাধারণ মানুষকে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে নিজের এই রোমাঞ্চকর যাত্রার গল্প সবার কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই অদম্য সাঁতারুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই চালিত সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ এম


এআই চালিত সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে, যখন বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে হ্যাকারদের জন্য সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা এবং সেগুলো কাজে লাগানো সহজ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে, অনলাইনে নিরাপদ থাকার জন্য বিশেষজ্ঞরা পাঁচটি পরামর্শ প্রদান করেছেন।

১. একাধিক স্তরের নিরাপত্তা চালু করুন: প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। পাশাপাশি, দ্বিস্তরীয় বা বহুধাপের পরিচয় যাচাইকরণ (এমএফএ) চালু রাখা প্রয়োজন। সম্ভব হলে, পাসওয়ার্ডের বিকল্প হিসেবে পাসকি ব্যবহার করা উচিত।

২. স্বয়ংক্রিয় আপডেট চালু রাখুন: ফোন, কম্পিউটার, রাউটার এবং অন্যান্য ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রে স্বয়ংক্রিয় আপডেট চালু রাখা উচিত। নিরাপত্তা ত্রুটি সংশোধনে প্রকাশিত আপডেটগুলো দ্রুত ইনস্টল করা জরুরি।

৩. সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করুন: ব্যবহৃত অ্যাপ ও ডিজিটাল সেবাগুলো নিয়মিতভাবে আপডেট করা উচিত। স্মার্ট হোম ডিভাইসসহ যেসব যন্ত্রে নিরাপত্তা আপডেট কম আসে, সেগুলোর বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

৪. প্রতারণামূলক লিংক থেকে সতর্ক থাকুন: বড় কোনো সাইবার হামলার খবর ছড়ালে, প্রতারকেরা ভুয়া বার্তা দিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে পারে। অ্যাকাউন্ট সুরক্ষার নামে আসা অপরিচিত লিংকে ক্লিক না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করা উচিত।

৫. অনলাইন লেনদেনে সতর্ক থাকুন: ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী হলেও, অপরিচিত অনলাইন বিক্রেতা বা কম সুরক্ষিত ওয়েবসাইটে কেনাকাটার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার না করার পাশাপাশি, সন্দেহজনক লেনদেনের বিষয়ে নজর রাখা উচিত।

ব্যক্তিগত সতর্কতা গুরুত্বপূর্ণ, তবে সব সাইবার ঝুঁকি ব্যবহারকারীর পক্ষে ঠেকানো সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত নিরাপত্তা ত্রুটি সংশোধন, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এবং আক্রান্ত সিস্টেমে অনুপ্রবেশ ঘটেছে কি না, তা যাচাই করা অত্যন্ত জরুরি।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%