ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরব থেকে ১০ হাজারের বেশি প্রবাসী ফেরত


সৌদি আরব থেকে ১০ হাজারের বেশি প্রবাসী ফেরত

সৌদি আরবে আইন ভঙ্গের কারণে এক সপ্তাহের মধ্যে ১০ হাজারেরও বেশি প্রবাসী বিতাড়িত হয়েছেন। একই সময়ে গ্রেফতার হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ অভিযানের পর এই বড় ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

অক্টোবর মাসের প্রথম সাত দিনে দেশজুড়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। সৌদি প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই দেশটির থাকার নিয়ম, কাজের নিয়ম কিংবা সীমান্ত আইন লঙ্ঘন করেছেন। সীমান্ত দিয়ে চুরি করে সৌদি আরবে ঢোকার চেষ্টা করার সময় এক হাজারেরও বেশি মানুষ আটক করা হয়েছে, যাদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

আরও পড়ুন: মোজতবা খামেনি বাবার পথ বেছে নিয়েছেন, সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু

বর্তমানে ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, এর মধ্যে আড়াই হাজারের বেশি নারীও রয়েছেন। যারা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে রয়েছেন, তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হচ্ছে পাসপোর্ট বা ট্রাভেল পারমিট তৈরির জন্য, যাতে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

বেআইনিভাবে থাকা প্রবাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন কিংবা যাতায়াতে সাহায্য করেছেন, তারাও ছাড় পাচ্ছেন না। এই অপরাধে ইতোমধ্যে ২১ জনকে আটক করা হয়েছে। দেশটির সরকার স্পষ্টভাবে সতর্ক করেছে যে, অবৈধ প্রবাসীদের যেকোনোভাবে সাহায্য করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে। সাহায্যকারীর গাড়ি বা বাড়িও বাজেয়াপ্ত করা হবে।

মক্কা, রিয়াদসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা বাহিনী অনুরোধ করেছে যে, যেকোনো অনিয়মের খবর জানাতে ৯১১ নম্বরে ফোন করুন।

আরও পড়ুন: নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকির কারণে বদর প্রতিরক্ষা চুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ফাইনালে, পাকিস্তানকে হারালো ৩২ রানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ফাইনালে, পাকিস্তানকে হারালো ৩২ রানে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ফাইনালে পৌঁছেছে পাকিস্তানকে পরাজিত করে। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানের ব্যবধানে হারানোর মাধ্যমে জুনিয়র টাইগ্রেসরা ফাইনালে চলে গেছে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। সাদিয়া ইসলাম সর্বোচ্চ ৪৪ রান করেন, যিনি মাত্র ২৮ বলে এই রান করেন। অন্যদের মধ্যে শিরিনা খাতুন ৪০ বলে ৩২ রান করেন। শেষ দিকে সাদিয়া আক্তার ৭ বলে ১৪ রান করেন এবং নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপের মধ্যে পড়ে। ওপেনার রাভাইল ফারহান বাদে অন্যরা সুবিধা করতে পারেননি। রাভাইল ২৬ বলে ৩৬ রান করেন। আকসা ৩২ বলে ২৩ রান করেন এবং রোজিনা ১৬ বলে ১৩ রান করেন। পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি।

বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিম মেধা ৩ উইকেট নেন। এছাড়া নিশিতা আক্তার নিশি ২ উইকেট নেন। আফরিন মিম, অপর্ণা দাস তিথি এবং জান্নাতুল ফেরদৌসি ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে বাংলাদেশ দল ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে এবং ফাইনাল নিশ্চিত করেছে। টাইগ্রেসরা শ্রীলংকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে, যেখানে স্বাগতিক পাকিস্তান বাদ পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি চালানোর নির্দেশ ব্যাংকগুলোকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি চালানোর নির্দেশ ব্যাংকগুলোকে

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগামী তিন মাসের জন্য বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেছে। এই কর্মসূচির আওতায়, প্রতি শনিবার এডিস মশা নিধনের জন্য বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথ এবং অন্যান্য স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা সহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এ পরিস্থিতিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালন করতে হবে। এ সময় প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথসহ সব স্থাপনা এবং আশপাশের এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে—এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সার্কুলারে পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার এবং প্লাস্টিকের বোতলসহ যেসব পাত্রে পানি জমতে পারে, সেগুলো ধ্বংস বা অপসারণ করতে বলা হয়েছে। পাশাপাশি ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে।

ব্যাংকের কার্যালয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাংকের কর্মস্থল ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে অথবা কয়েল ব্যবহার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান—যেমন পৌর সভা ও সিটি করপোরেশনের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি’ - অপুর জন্মদিনে আব্রামের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি’ - অপুর জন্মদিনে আব্রামের শুভেচ্ছা

আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনে তার ছেলে আব্রাম খান জয় মাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছে। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভালোবাসা প্রকাশ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে। ছেলের এই ছোট্ট বার্তা আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে ছেলের শুভেচ্ছাবার্তা প্রকাশিত হয়েছে। সেখানে জয় লিখেছে, "হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।" এই বার্তার সঙ্গে সে ভালোবাসার ইমোজি যুক্ত করেছে। ছোট্ট এই বার্তায় সন্তানের মমতা ও ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল। নাচ শেখার সূত্র ধরে তিনি একসময় অভিনয়জগতে প্রবেশ করেন। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন।

তবে পরবর্তী বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন অপু। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর শাকিব-অপু জুটি একের পর এক সিনেমায় বাণিজ্যিক সাফল্য অর্জন করে। ধীরে ধীরে তারা ঢালিউডের জনপ্রিয় জুটিগুলোর অন্যতম হয়ে ওঠেন।

দীর্ঘ অভিনয়জীবনে অপু বিশ্বাস ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি অপু বিশ্বাস প্রযোজনাতেও যুক্ত হয়েছেন। ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। দুই দশকের অভিনয়জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই তারকা।

তবে পর্দার ব্যস্ততা কিংবা তারকাখ্যাতির বাইরেও অপু বিশ্বাসের জীবনে বিশেষ জায়গা দখল করে রেখেছে ছেলে আব্রাম খান জয়। জন্মদিনে ছেলের সঙ্গে কেক কাটার মুহূর্ত এবং ভালোবাসাভরা শুভেচ্ছাবার্তা আবারও মা-ছেলের মধুর সম্পর্কের চিত্র তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় প্রশাসনের ‘অ্যাকশন’! সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল ভেকু

আন্তর্জাতিক ডেস্ক

‎আহমেদ আক্তার রানা ‎কুলাউড়া উপজেলা প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কুলাউড়ায় প্রশাসনের ‘অ্যাকশন’! সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল ভেকু

‎‎মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে এক্সকাভেটর (ভেকু) দিয়ে উচ্ছেদ করা হয়েছে আব্দুল আহাদ মিয়ার নির্মিত স্থাপনা।
রোববার (১১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি খালের ওপর নির্মিত স্থাপনাটি অপসারণ করা হয়।
‎সরকারি খাল দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে প্রশাসন
‎সরকারি খালের জায়গা অবৈধ দখলমুক্ত রাখা, জনস্বার্থ রক্ষা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
‎সরকারি সম্পদ দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়ভাবে খাল রক্ষা ও অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সরকারি খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%