বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০১:৩৬ এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী গ্রীষ্মের আগেই এই খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রীর মতে, দেশের কোনো রাজনৈতিক কার্যালয়ে এটিই প্রথম সৌর প্যানেল স্থাপনের ঘটনা।
প্রতিমন্ত্রী আরও জানান, সৌর বিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে ওই কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হয়েছে। এই প্যানেলটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপিত হয়েছে। নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা রয়েছে। তার মতে, তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে স্থাপন ব্যয়ের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তিনি আশা করেন, এ উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে।
মানুষের আগ্রহের প্রেক্ষাপটে সরকার এ খাতে নীতি সহায়তা প্রদান করছে বলে জানান প্রতিমন্ত্রী। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সেচ পাম্পগুলোকে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতে রূপান্তর করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে এবং কৃষকদের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সামনে আব্দুল আহাদ ট্রেডার্স নামের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, দর্শনা থানার সদাবরী পশ্চিমপাড়ার মৃত আবুল দফাদারের ছেলে জহিরুল হক (৪০) এবং সদাবরী মাদড়াসাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে আসানুর হক (৩৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৭৬টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ১ হাজার ১০৩টি নিভিয়া সফট ক্রিম, এবং ক্লোবেটাসল প্রোপিওনেট ও জেন্টামাইসিন সালফেটযুক্ত ৬৮০টি ক্রিম উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা। এছাড়া, পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত দুটি পুরোনো ব্যাটারিচালিত ভ্যানও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানিয়েছেন, উদ্ধারকৃত পণ্য ও ভ্যানের জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বয়স কম, এবং তিনি ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে প্রবেশ করেছেন—এমন মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। গেন্ডারিয়া এলাকায় ইশরাকের মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অভিজ্ঞতাহীন এবং ‘খামখেয়ালি’ পদক্ষেপ।
মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি এই মন্তব্য করেন। গেন্ডারিয়ার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইশরাকের নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র রাখা আইনগতভাবে বৈধ হলেও, একজন দায়িত্বশীল সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর পক্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এ ধরনের অভিযান পরিচালনা করা মোটেও সমীচীন নয়।
তিনি স্পষ্টভাবে বলেন, সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করা কোনো মন্ত্রীর কাজ নয়। ইশরাক হোসেনের বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতা—দুটোই কম। বাবার (সাদেক হোসেন খোকা) পরিচয়ে পোষ্য কোটায় রাজনীতিতে আসার কারণে তার অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট।
নিলোফার চৌধুরী মনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইশরাক হোসেন কোনো কুচক্রী মহল বা ‘বুদ্ধিদাতাদের’ উসকানিতে পড়ে এ ধরনের ‘ফিল্মি স্টাইলের’ পদক্ষেপ নিয়েছেন। মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, মাদকসেবীদের পেছনে এভাবে অস্ত্র উঁচিয়ে সময় অপচয় না করে মূল মাদক মাফিয়া বা সাপ্লাই সিন্ডিকেটের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এমপি-মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি হিসেবে মূল্যায়ন করে তিনি জানান, বিএনপির এই পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মনি আরও উল্লেখ করেন, ঢাকা শহরের রাজনীতিতে সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে ইশরাক একটি অত্যন্ত পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম এবং তার মূল রাজনৈতিক লক্ষ্য ছিল সিটি কর্পোরেশন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতিশীল অবস্থানকে ‘মাছের মায়ের পুত্রশোক’ বলে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিএনপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়া এবং আগামী নির্বাচনে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে ইশরাককে সুকৌশলে উসকে দিয়ে আজকের এই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়ে থাকতে পারে।
মাদক সমস্যার তীব্র নিন্দা জানিয়ে এই সংরক্ষিত নারী সংসদ সদস্য বলেন, মাদক বর্তমান বাংলাদেশের এক নম্বর প্রধান সমস্যা। তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বত্র মাদকের জাল গভীরভাবে ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আমলার নেপথ্য সহযোগিতার কারণে সদিচ্ছা থাকা সত্ত্বেও এই সমস্যার স্থায়ী সমাধান করা কঠিন হয়ে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের পর এবার আফগানিস্তানের কাছে পরাজিত হলো বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ কোনোভাবেই জয়লাভের সম্ভাবনা তৈরি করতে পারেনি। আফগানিস্তান ৮৭ বল বাকি থাকতেই ১৬১ রানের লক্ষ্য পূরণ করে সহজ জয় নিশ্চিত করে। বাংলাদেশ ৭ উইকেটে ম্যাচটি হারিয়েছে।
রান রেটের সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে তাওহিদ হৃদয়ের দল। যদি আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকানো যেত, তবে ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তা সম্ভব হয়নি।
২৭.১ ওভারে আফগানিস্তানের ব্যাটাররা ১২১ রান সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের বিদায় নিশ্চিত করে। রহমত শাহ ৬৭ রানে অপরাজিত থেকে ম্যাচটি আফগানিস্তানকে ৩৫.৩ ওভারে জিতিয়ে দেয়। আগামী ২৩ অক্টোবর ফাইনালে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে খেলা হবে।
দলটির জয় নিশ্চিত করতে ৯৩ বলে ৬৬ রানের জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদি। অধিনায়ক রেহমাত ৯০ বলে পাঁচ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন। শাহিদি ৫৪ বলে চার চারে ৩৬ রান করেন।
ত্রিদেশীয় সিরিজে টানা দুই ওয়ানডেতে পরাজিত হয়ে বাংলাদেশ ছিটকে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরের সময় তিনি বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই তথ্য প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা করবেন। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের দিকে যাত্রা করবেন তিনি। ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশগ্রহণ করবেন তিনি। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী : ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে সম্প্রতি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নারী তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। তাঁর স্বামী অসুস্থ। অভাবের কারণে তিনি অনাগত সন্তানকে ‘বিক্রি’ করতে চান। পরে প্রধানমন্ত্রীর নজরে আসে প্রকাশিত সংবাদটি। প্রতিবেদনটি প্রকাশের দিনই তিনি মানবিকভাবে বিবেচনায় সংশ্লিষ্ট পরিবারটির খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।
নির্দেশনার পর দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তাঁর পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সন্তান প্রসবের যাবতীয় চিকিত্সার খরচ বহন এবং কর্মসংস্থানেরও আশ্বাস দেওয়া হয়েছে।
জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আঁখির স্বামী দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত। স্বামীর চিকিত্সা ও সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত। সেই ঋণের টাকা পরিশোধের অসহায় চেষ্টা থেকেই আঁখি তাঁর গর্ভের সন্তান ‘বিক্রি’ করার মতো কঠিন ও হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ