ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেকনাফে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৪০ দোকানের মালামাল


টেকনাফে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৪০ দোকানের মালামাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিউ জামাল মার্কেটের পাশে অবস্থিত সায়েম এন্টারপ্রাইজ নামের একটি টাইলস ও রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানে থাকা দাহ্য পদার্থ ও রংয়ের কারণে মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার ধারণ করে এবং পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

স্থানীয়দের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে নিউ জামাল মার্কেটের একটি ম্যাট্রেস তৈরির প্রতিষ্ঠান, ওয়ালটন শোরুমসহ বেশ কয়েকটি দোকান আগুনের কবলে পড়ে।

 

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। টেকনাফ ও উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়। হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, "রাতে সায়েম এন্টারপ্রাইজের রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের মার্কেট ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।"

হ্নীলা বাজারের ইজারাদার আবদুল্লাহ বিন কাদের জানান, রঙের দোকান থেকে আগুন ছড়িয়ে প্রথমে ম্যাট্রেস তৈরির একটি প্রতিষ্ঠানে লাগে।

 

এরপর ওয়ালটন শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, হ্নীলা বাজারে অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ এম


জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিংহজানী রোড এলাকায় জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতির দায়িত্ব পালন করেন বিএনপি নেতা সৈয়দ শওকত জামান। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাবেক উপমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হজ, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, যুবদল নেতা ইকরামুল হক মানিক প্রমুখ।

বক্তারা জানান, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা বটমূলে বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। পরবর্তীতে প্রয়াত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ এম


দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নানা কর্মসূচি, উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে আজ দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে সেখানে সমাধিস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে, তিনি ফাতেহা পাঠ করেন এবং দলের প্রয়াত প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারপার্সনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ উন্মুক্ত হলে সেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ।

‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’-এমন নানা স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে।

প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।

এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির নেতা-কর্মীরা অতীতের রাজনৈতিক সংগ্রাম ও অর্জনের স্মৃতি স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলায় নতুন প্রত্যয় ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ এম


সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান প্রতিমন্ত্রীর

দলের প্রত্যেক নেতাকর্মীকে দলের ‘মিডিয়া সেল’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ছয় মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না। বিএনপি যতবারই সরকার গঠন করেছে, কখনোই ব্যর্থ হয়নি। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়েও সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যম ও ডায়নামিক নেতৃত্ব দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ওই গুপ্ত বাহিনী, যারা আমাদের মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা হাদিস ও জান্নাতের কথা বলে, তারা আজ ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা তারেক রহমানের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারেক রহমানের ছয় বছরের অর্জনকে সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টি, বিভিন্ন অপসংস্কৃতি ও অপপ্রচারের মাধ্যমে ধ্বংস করে আমাদের ইমেজ নষ্ট করতে চায়।

তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচার করে বাংলাদেশের মানুষকে অন্তত একটি বার্তা দিতে চাই—বিএনপি যতবারই সরকার গঠন করেছে, কখনোই ব্যর্থ সরকার হয়নি।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফীসহ বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০২ এম


প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-তে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর বরিশাল বাফার গোডাউনের ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম গাজীকে নিয়ে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই সংবাদের বিভিন্ন তথ্য ও অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য ও ব্যাখ্যা প্রদান করেছেন শাহ আলম গাজী। একই সঙ্গে সংবাদের কয়েকটি বিষয়কে অসত্য, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর দাবি করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক লিখিত প্রতিবাদপত্রে শাহ আলম গাজী বলেন, তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, সেসব বিষয়ে তার ভিন্ন বক্তব্য ও ব্যাখ্যা রয়েছে। তার বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হলে পাঠক ও জনসাধারণের কাছে বিষয়টির একটি পূর্ণাঙ্গ ও সঠিক চিত্র প্রতিফলিত হতো বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীনে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রচলিত সরকারি বিধিবিধান, দাপ্তরিক নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

সরকারি চাকরির আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে শাহ আলম গাজী বলেন, তার ও তার পরিবারের নামে থাকা সম্পদ বৈধ উৎস থেকে অর্জিত। এসব সম্পদের বিষয়ে কোনো আইনগত বা প্রশাসনিক কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য বা নথিপত্র চাইলে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যাখ্যা ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রদান করতে প্রস্তুত রয়েছেন।

পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যবসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে তিনি বলেন, তার পরিবারের সদস্যরা স্বতন্ত্রভাবে নিজ নিজ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। তার সরকারি দায়িত্ব বা পদমর্যাদা ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অবৈধ সুবিধা প্রদান কিংবা সরকারি কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

বরিশাল বাফার গোডাউনের সার ব্যবস্থাপনা ও পরিবহনসংক্রান্ত অভিযোগের বিষয়েও তিনি ভিন্নমত পোষণ করেন। শাহ আলম গাজী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা এবং প্রচলিত সরকারি বিধিবিধান অনুসরণ করেই গোডাউনের সার ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি সার পরিবহন, সংরক্ষণ, গ্রহণ ও বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম কিংবা সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত যেকোনো অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত করতে পারে। তিনি এ ধরনের যেকোনো বৈধ তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রকাশিত প্রতিবেদনে তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত অবস্থান নিয়ে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেসব বিষয়েও তিনি ভিন্নমত প্রকাশ করেন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ তিনি সমর্থন করেন না এবং এ ধরনের অভিযোগের সঙ্গে নিজেকে সম্পৃক্ত মনে করেন না।

এ ছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে সংবাদ প্রকাশে প্রভাব বিস্তার কিংবা বদলি ঠেকানোর বিষয়ে প্রতিবেদনে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, সে বিষয়েও তিনি আপত্তি জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে কোনো আইনগত বা দাপ্তরিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র ও সিদ্ধান্তের বিষয়। তিনি এ ধরনের অভিযোগেরও প্রতিবাদ জানান।

প্রতিবাদপত্রে শাহ আলম গাজী আরও বলেন, তার ধারণা অনুযায়ী, কিছু ব্যক্তি বা মহল সংবাদমাধ্যমের কাছে তার সম্পর্কে একপক্ষীয় বা অসম্পূর্ণ তথ্য উপস্থাপন করে থাকতে পারে। এর ফলে প্রতিবেদনে বিষয়গুলো সম্পর্কে এক ধরনের ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। তবে তিনি বলেন, সংবাদমাধ্যম তাদের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংবাদ প্রকাশ করে থাকে—এ বিষয়টির প্রতি তিনি সম্মানশীল। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে যাচাই ও উপস্থাপন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাকে নিয়ে কোনো অনুসন্ধান বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, প্রাসঙ্গিক নথিপত্র এবং যাচাইযোগ্য তথ্য যথাযথভাবে বিবেচনা করা হবে। এতে পাঠক ও জনসাধারণ কোনো বিষয়ে একপাক্ষিক তথ্যের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ চিত্র সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাবেন।

শাহ আলম গাজী বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন বা সরকারি দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য-প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট আইনগত ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃপক্ষ, দুর্নীতি দমন কমিশন (দুদক) অথবা আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো সংস্থার নিরপেক্ষ ও আইনানুগ তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হলে তিনি প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য দিয়ে সহযোগিতা করবেন। একই সঙ্গে তিনি মনে করেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং অভিযোগের পক্ষে যাচাইযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শাহ আলম গাজী আশা প্রকাশ করেন, তার এই প্রতিবাদপত্র ও ব্যাখ্যা অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করবে। এতে পাঠক ও জনসাধারণ প্রকাশিত সংবাদের পাশাপাশি তার বক্তব্য, অবস্থান ও ব্যাখ্যা সম্পর্কেও অবগত হওয়ার সুযোগ পাবেন।

সবশেষে, তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে প্রকাশিত সংবাদের বিভিন্ন তথ্য ও অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বরিশাল বাফার গোডাউনের ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম গাজী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং প্রচলিত আইন ও নৈতিকতার আলোকে বিষয়গুলো উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

প্রতিবাদকারী
শাহ আলম গাজী
ভারপ্রাপ্ত ইনচার্জ
বরিশাল বাফার গোডাউন
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%