০৭:১১ পি.এম
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগের প্রেক্ষিতে আলতাফ হোসেন চৌধুরী এমপির ডিও লেটারের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পত্র প্রেরণ করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী প্রধানমন্ত্রী বরাবর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য একটি অনুরোধপত্র পাঠান।
পত্রে তিনি উল্লেখ করেন যে, পটুয়াখালী জেলা দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক, বাণিজ্যিক এবং পর্যটন সম্ভাবনাময় জেলা। পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এছাড়াও, পটুয়াখালী ইপিজেড, পায়রা সমুদ্র বন্দর এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বৃহৎ উন্নয়ন প্রকল্পের কারণে পটুয়াখালী শহরের গুরুত্ব এবং জনসংখ্যা নগরায়ন ও নাগরিক সেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পটুয়াখালী পৌরসভা দীর্ঘকাল ধরে জেলা সদরের প্রধান নগর প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে নগর সম্প্রসারণ, জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, যানজট নিয়ন্ত্রণ এবং অন্যান্য আধুনিক নাগরিক সুবিধার ক্রমবর্ধমান চাহিদা বিদ্যমান পৌরসভার কাঠামোর মাধ্যমে যথাযথভাবে পূরণ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
পটুয়াখালীর সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে পরিকল্পিত নগরায়ন নিশ্চিতকরণ, উন্নত অবকাঠামো নির্মাণ, আধুনিক নাগরিক সেবা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প ও বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং পটুয়াখালী ইপিজেড, পায়রা সমুদ্র বন্দর ও কুয়াকাটা কেন্দ্রীক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক নগরকেন্দ্র হিসেবে পটুয়াখালীর সামগ্রিক উন্নয়ন আরও সুসংহত হবে।
তিনি প্রধানমন্ত্রী বরাবর লেখা পত্রে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সদয় নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সদয় বিবেচনা ও অনুমোদন কামনা করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর বরাবর এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর ঐ আধা সরকারি পত্রের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মোঃ উজ্জল হোসেন গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর আবেদনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন