ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি, ব্র্যাক কর্মকর্তাদের ৮ লাখ টাকা লুট


গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি, ব্র্যাক কর্মকর্তাদের ৮ লাখ টাকা লুট

গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া নৌ ডাকাতির ঘটনা সম্বন্ধে জানানো হয়েছে। নৌ ডাকাতদল যাত্রীদের পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নিতে সক্ষম হয় বিপুল পরিমাণ নগদ টাকা, মোবাইল ফোন ও নারী যাত্রীর ব্যাগ।

এ ঘটনার সময় ব্র্যাক এনজিওর দুই কর্মকর্তা থেকে প্রায় ৮ লাখ টাকা লুট করে নেওয়া হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ডাকাতির এই তথ্য প্রকাশ পায়।

দুপুরের দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাঁটাতারা থেকে ফজলুপুর ইউনিয়নের কাবিলপুর ঘাটের খেয়া নৌকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া ব্র্যাক এনজিওর দুই কর্মকর্তার নাম হল সহকারী শাখা ব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র রায় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) রাকিবুল হাসান। সেই নৌকায় ১০/১২ জন যাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

সূত্র থেকে জানা যায়, দুপুরবেলা ফজলুপুর ইউনিয়নের কাবিলপুর চরের খেয়া ঘাট থেকে সাইদুর রহমান নামের একজন নৌকা চালক নৌকা ছাড়েন। নৌকা ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই ডাকাতরা হামলা চালায়। ডাকাতরা যাত্রীদের পিস্তল ও ধারালো অস্ত্র ধরে ব্র্যাকের দুই এনজিওকর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, তিন নারী যাত্রীর ব্যাগ, এবং দুটি মোবাইল ফোন লুট করে।

নৌকার চালক সাইদুর বলেন, একটি ছোট নৌকায় ৮-১০ জনের ডাকাত দল এ হামলা চালিয়েছে। তারা তার কাছ থেকেও নৌকা ভাড়া কালেকশনের টাকা এবং এক মহিলার হাতে থাকা ১০ হাজার টাকা লুট করে নেয়। তিনি বলেন, ডাকাতদের মুখ ঢাকা ছিল তাই তাদের চেনা যায়নি।

নৌকার যাত্রী এবং কাবিলপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, দুজন ডাকাত তাদের নৌকায় বসে পিস্তল তাক করে ছিল এবং তারা নৌকাযাত্রী তার মামাতো বোন জান্নাতির ব্যাগ ছিনিয়ে নেয়। এইচএসসি পরীক্ষার্থী জান্নাতির ব্যাগে তার বোনের অ্যাডমিট কার্ড ছিল।

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) মোশাররফ হোসেন বলেন, ফজলুপুর ইউনিয়নে বৃহস্পতিবারের মাসিক কালেকশনে ব্র্যাকের ৬ জন স্টাফ অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে সহকারী শাখা ব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র রায় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) রাকিব হাসান ছিলেন যারা সকালের কালেকশনের ৭ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য রওনা হয়েছিলেন। বাকি সদস্যরা কালেকশন শেষ করে পরে আসতেন। কিন্তু নৌকায় সংঘবদ্ধ ডাকাতরা তাদের পুরো টাকা লুট করে নেয়। তিনি জানান যে, ব্র্যাকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণে ফুলছড়ি থানায় তারা উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফজলুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম খাঁ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা রাত ১০টার দিকে জানান, ভুক্তভোগীরা থানায় এসেছেন এবং প্রাথমিকভাবে জানা গেছে যে, ডাকাতরা তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা লুটে নিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি বালিয়াডাঙ্গী

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:০৬ এম


স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয়

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বিনামূল্যে আজ ৯ জুলাই (বৃহস্পতিবার) রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করায়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি নিরাপদ রক্তদান, রক্তের প্রয়োজনীয়তা এবং জরুরি পরিস্থিতিতে রক্তদাতার ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন।

ঠাকুরগাঁও শাখার আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান জানান, অনেক শিক্ষার্থীই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানে না। ফলে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এ বিষয়টি বিবেচনায় রেখেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার সদস্য সচিব রাসেল রানা মেহেদী, জানান একজন সচেতন শিক্ষার্থী ভবিষ্যতে একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা হতে পারেন। তাই শিক্ষাজীবন থেকেই রক্তদানের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। মানবিক সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখার একনিষ্ঠ সদস্য (যুগ্ন আহ্বায়ক) প্রবাসী মোঃ হারুন অর রশিদ জানান এ ধরনের সকল মানবিক কাজগুলো ঠাকুরগাঁও শাখার মাধ্যমে ছড়িয়ে পড়ুক এবং সকল অবহেলিত মানুষের পাশে থাকুক। হারুন অর রশিদ সবসময় স্বপ্নযাত্রীর সাথে ও পাশে থেকে কাজ করে যাবেন,
তিনি আরও বলেন বিদেশে পাড়ি দিয়েও এমন কাজ দেখে তিনি সেখান থেকে প্রশান্তি খোজে পান।

কর্মসূচিতে ফাউন্ডেশনের ঠাকুরগাঁও আহ্বায়ক, সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে নিয়মিত এ ধরনের আয়োজনের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু জন্মদাতা পিতার দেওয়া নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি ‘ইয়নাথান হুন’ নাম গ্রহণ করেছেন। তিনি তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। অতীতে তিনি ‘হুন’ পদবি ব্যবহার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে ‘ইয়াইর হুন’ নামেও পরিচয় দিতেন।

বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইস্যু করা কর-সংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয়সংক্রান্ত তথ্যের সঙ্গে নতুন নাম ‘ইয়োনাথান হুন’ ব্যবহার করা হয়েছে। সেখানে ঠিকানা হিসেবে আগের মতোই ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে। এই ঠিকানা ‘কাল্পনিক’ বলেই বেশি পরিচিত।

হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এমন সময় ইয়াইর নেতানিয়াহুর এই নাম পরিবর্তনের তথ্য সামনে এলো, যখন নেতানিয়াহু পরিবার দেশ-বিদেশে রাজনৈতিক ও আইনি নানা বিতর্কের মুখে রয়েছে।

গাজায় যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক ও ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ নিয়ে অতীতে ইয়াইরও বিতর্কের মুখে পড়েছেন।

২০১৮ সালে ইসরাইলি টেলিভিশনে প্রচারিত একটি অডিও রেকর্ডিংয়ে ইয়াইরকে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে বলতে শোনা যায়, তার বাবা এক ধনকুবেরের স্বার্থে বহু বিলিয়ন ডলারের একটি গ্যাস চুক্তি এগিয়ে নিতে সহায়তা করেছিলেন। ওই রেকর্ডিং প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এরপর থেকে ইয়াইর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বিভিন্ন রক্ষণশীল ও উগ্র-ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও ইসরাইলের একাধিক দুর্নীতির মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে : হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:১০ এম


বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি।”

এনসিপির এই নেতা অভিযোগ করেছেন, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। বেকারত্বের সমস্যা এখনও কমেনি, দ্রব্যমূল্যের চাপও কমেনি। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান।

তিনি অভিযোগ করেছেন, “চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চাওয়া হলেও অনেক ক্ষেত্রে শুধু পক্ষের পরিবর্তন হয়েছে।” সোনাগাজীতে আগে এক পক্ষ বালুর ব্যবসা করত, কিন্তু এখন আরেক পক্ষ করছে; আগে এক পক্ষ মামলা বাণিজ্য করত, কিন্তু এখন অন্য পক্ষ করছে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কারণ ছিল বেকারদের কর্মসংস্থানের দাবি। কিন্তু এখনো বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের কথা বললেও গত ছয় মাসে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে।” জনগণের প্রকৃত অবস্থা বুঝতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। শিক্ষিত বেকার যুবকদের হাতে চাকরি তুলে দেওয়ার পরিবর্তে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ১০ গ্রাম প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ এম


খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ১০ গ্রাম প্লাবিত

টানা ২ দিনের ভারি বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেছে।

এতে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ করে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই বন্যার পানি আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে।

অনেক পরিবারের ঘরে কোমর পর্যন্ত পানি ওঠে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা প্রয়োজনীয় আসবাব, কাপড়-চোপড় ও মূল্যবান জিনিসপত্র ও গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায়। কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন, আবার অনেকে স্থানীয় আশ্রয়কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নিয়েছেন।

বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন।

তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন।

পরে স্থানীয় একটি মাদ্রাসা থেকে মাইকিং করে প্লাবিত এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে গেছে।

অনেক অংশ পানির নিচে চলে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি আরও বাড়লে সড়কটিতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে হবিগঞ্জ সদর উপজেলার সঙ্গে মিরপুর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম বলেন, ইতোমধ্যে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। আমরা কন্ট্রোল রুম চালু করেছি ও ঘটনাস্থলে রয়েছি। দুর্যোগ মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%