১২:০৭ এম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু জন্মদাতা পিতার দেওয়া নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি ‘ইয়নাথান হুন’ নাম গ্রহণ করেছেন। তিনি তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। অতীতে তিনি ‘হুন’ পদবি ব্যবহার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে ‘ইয়াইর হুন’ নামেও পরিচয় দিতেন।
বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইস্যু করা কর-সংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয়সংক্রান্ত তথ্যের সঙ্গে নতুন নাম ‘ইয়োনাথান হুন’ ব্যবহার করা হয়েছে। সেখানে ঠিকানা হিসেবে আগের মতোই ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে। এই ঠিকানা ‘কাল্পনিক’ বলেই বেশি পরিচিত।
হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এমন সময় ইয়াইর নেতানিয়াহুর এই নাম পরিবর্তনের তথ্য সামনে এলো, যখন নেতানিয়াহু পরিবার দেশ-বিদেশে রাজনৈতিক ও আইনি নানা বিতর্কের মুখে রয়েছে।
আরও পড়ুন: ৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ
গাজায় যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক ও ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ নিয়ে অতীতে ইয়াইরও বিতর্কের মুখে পড়েছেন।
২০১৮ সালে ইসরাইলি টেলিভিশনে প্রচারিত একটি অডিও রেকর্ডিংয়ে ইয়াইরকে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে বলতে শোনা যায়, তার বাবা এক ধনকুবেরের স্বার্থে বহু বিলিয়ন ডলারের একটি গ্যাস চুক্তি এগিয়ে নিতে সহায়তা করেছিলেন। ওই রেকর্ডিং প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এরপর থেকে ইয়াইর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বিভিন্ন রক্ষণশীল ও উগ্র-ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও ইসরাইলের একাধিক দুর্নীতির মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।
আরও পড়ুন: জাগপা: বিএনপি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন