ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন


ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন

যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তা করতে গিয়ে মার্কিন নাগরিকদের গ্রেফতার করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইসরাইলি বাহিনীর এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরবতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন।

সিনেটরের অভিমত হলো, শীর্ষ পর্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না হওয়ার কারণে ইসরাইল দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে এবং একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে।

ঘটনাটি ঘটে অধিকৃত পশ্চিম তীরে, যেখানে স্থানীয় ফিলিস্তিনিরা জলপাই সংগ্রহের কাজ করছিলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাহায্য করতে যান কিছু মার্কিন প্রতিনিধি। এদের মধ্যে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ব্র্যাড ল্যান্ডারও ছিলেন। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ তাদের সবাইকে আটক করে। যদিও পরে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হয়, তবে তার সঙ্গে থাকা অন্যান্য মার্কিন আন্দোলনকারী এবং কয়েকজন ধর্মযাজক এখনও বন্দি রয়েছেন।

আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক

এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে সিনেটর ভ্যান হোলেন স্পষ্ট করে জানান, "শুধু একজনকে ছেড়ে দিলেই সব চুকেবুকে যায় না," এবং তিনি দাবি করেন যে ইসরাইল সরকারকে বাকিদেরও অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমেরিকানদের সঙ্গেই যদি ইসরাইল এমন আচরণ করতে সাহস পায়, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কী পরিমাণে নির্যাতন চালাচ্ছে, তা সহজেই বুঝে নেওয়া যায়।"

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ এম


বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

বরিশাল মহানগরীর টিবি হাসপাতাল এলাকার টিবি পুকুরপাড়ে মাদকবিরোধী তৎপরতার সময় দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের বিরুদ্ধে। গত ২০ অক্টোবর রাতে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফারুক নিজেও দুই যুবকের গায়ে হাত তোলার কথা স্বীকার করে ঘটনাটিকে ভুল বলে মন্তব্য করেছেন।

তবে তাঁর দাবি, এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগের খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। যুবকদের আচরণ তাঁর কাছে অসম্মানজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে তিনি এমন সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, তাঁদের মারধর না করে পুলিশকে খবর দেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল।

ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনা: অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর রাতে টিবি হাসপাতাল এলাকার টিবি পুকুরপাড়ে মাদকবিরোধী তৎপরতার সময় ফারুকের সঙ্গে থাকা কয়েকজনের উপস্থিতিতে দুই যুবককে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক লাইভের দৃশ্যেও দুই যুবকের গায়ে হাত তোলার ঘটনা দেখা গেছে বলে প্রতিবেদকের পর্যবেক্ষণ।

তবে ভিডিওটির সম্পূর্ণ অংশ, ঘটনার আগে ও পরের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দুই যুবকের পরিচয় ও বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ভিডিওতে দৃশ্যমান ঘটনাপ্রবাহের বাইরে কী ঘটেছিল, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তালাশ বিডিকে দেওয়া বক্তব্যে মনিরুজ্জামান খান ফারুক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুরো ঘটনা উঠে আসেনি। এলাকায় মাদক বিক্রির অভিযোগের কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কয়েকজন যুবকের মাদক সেবনের খবর পেয়ে দলীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বলে দাবি করেন তিনি।

ফারুক বলেন, “আসলে অন্যায় হয়েছে, গায়ে হাত তোলা উচিত হয়নি। তাদের যে আচার-ব্যবহার, তার কারণে আমি কাজটা করে ফেলেছি। তবে উচিত ছিল তাৎক্ষণিক পুলিশকে খবর দিয়ে তাদের আইনের হাতে সোপর্দ করা। পরবর্তীতে এরকম করার আগে অবশ্যই আরও সতর্ক হব।”

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল কি না, জানতে চাইলে ফারুক জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না; তিনি হঠাৎ সেখানে গিয়েছিলেন।

তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তিনি বা তাঁর কর্মীরা চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির সঙ্গে জড়িত নন। বরিশালে চাঁদাবাজ ও মাদক কারবারিদের আশ্রয় না দেওয়ার বিষয়ে দলীয় হাইকমান্ডের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও অপরাধের অভিযোগে কাউকে শারীরিকভাবে আঘাত করা বা নিজ উদ্যোগে শাস্তি দেওয়ার এখতিয়ার কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার নেই। কারও বিরুদ্ধে মাদক বিক্রি বা সেবনের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়াই যথাযথ পন্থা।

ফারুকের বক্তব্যে মারধরের ঘটনা স্বীকারের পাশাপাশি ভুলের বিষয়টিও উঠে এসেছে। তবে তাঁর দেওয়া ব্যাখ্যা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরলেও মারধরের আইনগত বৈধতা প্রতিষ্ঠা করে না।

ঘটনার প্রকৃত পরিস্থিতি নির্ধারণে সংশ্লিষ্ট দুই যুবকের বক্তব্য, ভিডিওর পূর্ণাঙ্গ দৃশ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য গুরুত্বপূর্ণ।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে ফরিদ সিকদার ও তাজের পারিবারিক সম্পর্ক নিয়ে দাবি করা হয়েছে। ফটোকার্ডটিতে বলা হয়েছে, মাদকবিরোধী তৎপরতার সময় ফারুকের সঙ্গে থাকা ফরিদ সিকদার আটক হওয়া এক যুবক তাজের বাবা।

তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফরিদ সিকদার ও তাজের পরিচয়, তাঁদের পারিবারিক সম্পর্ক এবং ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা প্রয়োজন। যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের দাবিকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের বক্তব্য জানতে চাওয়া হয়। এ সময় তাঁকে জানানো হয়, গত এক মাসে বরিশাল মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকেরাও পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন। এসব অভিযানে মাদক কারবারের অভিযোগে অনেককে আটক করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাউকে মারধর করতে দেখা যায়নি বলে প্রতিবেদকের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

এরপর গত ২০ অক্টোবর রাতে মাদকবিরোধী তৎপরতার সময় দুই যুবককে মারধরের অভিযোগ সম্পর্কে পুলিশের আইনগত অবস্থান ও বক্তব্য জানতে চাওয়া হলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, পিপিএম কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, সংশ্লিষ্ট দুই যুবকের বক্তব্য এবং ঘটনাটি সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক অবস্থান পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ এম


নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

হবিগঞ্জের সুতাং নদী বর্তমানে নাব্যতা-সংকটে পড়ে মরা খালে পরিণত হয়েছে। নদীটির চিহ্ন মুছে যাওয়ার পথে রয়েছে। অন্যদিকে, শিল্পবর্জ্যের কারণে নদীর পানি বিবর্ণ হয়ে গেছে। এই বিষাক্ত পানির ফলে মাছসহ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। পরিবেশের জন্য একটি হুমকি দেখা দিয়েছে।

এক সময়কার সমৃদ্ধ জলপথ সুতাং নদী এখন তীব্র পরিবেশগত সংকটের সম্মুখীন। কারখানার শিল্পবর্জ্য নদীটিকে বিষাক্ত জলাশয়ে পরিণত করেছে। নদীতে স্বচ্ছ পানির কোনো অস্তিত্ব নেই, বরং শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যের কালো পানি প্রবাহিত হচ্ছে। খরস্রোতা এ নদীটি এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। শিল্পকারখানার বর্জ্য নদীটিকে মারণব্যাধিতে আক্রান্ত করেছে। এর ফলে সুতাং নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। শিল্পবর্জ্যের দূষণে নদীটি এখন মানুষের দুঃখ হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হলো কোম্পানিগুলোতে নিয়মিত ইটিপি (বর্জ্য শোধনাগার) ব্যবহার না করা। ফলে মারাত্মক দূষণে জলজ প্রাণী বিলুপ্ত হয়ে পড়েছে এবং স্থানীয় কয়েক হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন।

অন্যদিকে, বিষাক্ত পানি ব্যবহারের কারণে চাষাবাদে জমির ফসল নষ্ট হচ্ছে। নদীর পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। নিয়মনীতির তোয়াক্কা না করে কোম্পানিগুলো পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের লোকজন যেন এসব অনিয়ম দেখছেন না। মনে হচ্ছে কোম্পানিগুলোর এসব অনিয়মের প্রতি নজরদারি করার কেউ নেই।

সুতাং নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারের ওপর দিয়ে লাখাই উপজেলার মাদনা এলাকা হয়ে কিশোরগঞ্জে মেঘনার শাখা কালনী নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীর দৈর্ঘ্য ৮২ কিলোমিটার এবং গড় প্রস্থ ৩৬ মিটার।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের নজরদারির অভাবে নদীটি কালের আবর্তে বিলীন হতে চলেছে। শিল্পদূষণের পাশাপাশি পাহাড়ি ঢল ও অতি বর্ষণের কারণে ভারত থেকে আসা উজানের পানি ও পলিমাটিতে ভরাট হয়ে নদীটি নাব্যতা হারিয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানার দূষিত বর্জ্য সুতাং নদীতে ফেলা হচ্ছে। এখানে গড়ে ওঠা অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় বর্জ্য শোধনাগার (ইটিপি)। যেসব কোম্পানিতে ইটিপি রয়েছে, সেগুলো অতিরিক্ত খরচের ভয়ে নিয়মিত চালানো হচ্ছে না। সরকার ও পরিবেশ অধিদপ্তরকে দেখাতে অনেক কোম্পানি ইটিপি স্থাপন করেছে, কিন্তু এগুলো বন্ধ রেখে কারখানার বর্জ্য সুতাং নদীতে ফেলা হচ্ছে। অথচ শিল্পকারখানাতে ইটিপি ব্যবহার বাধ্যতামূলক। রহস্যজনক কারণে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীলরা এসব দেখেও না দেখার ভান করছেন।

ফলে নদীর তীরবর্তী শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই, আলগাপুর, শৈলজুড়া, সদর উপজেলার সাধুরবাজার, ভঙ্গুরহাটি, রাজিউড়া, ফান্দ্রাইল, সানাবই, উচাইল, বেকিটেকা, নাজিরপুর, লুকড়া, লাখাই উপজেলার করাব, বুল্লা, বেগুনাই, বরগান্দিসহ বেশকটি গ্রামে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যাপক বিপর্যয়ের পাশাপাশি উদ্বেগজনক মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সুতাং নদীর পানি দূষণে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে প্রাণ (আরএফএল) ও স্কয়ার কোম্পানির একাধিক প্রতিষ্ঠানের। তারা অলিপুর এলাকায় বিশাল আয়তন নিয়ে একাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেছে। এসব প্রতিষ্ঠানের বর্জ্য মাটির নিচ দিয়ে ছোট-বড় পাইপ দিয়ে সরাসরি শৈলজুড়া খালে ফেলা হচ্ছে, আর খালের পানি যাচ্ছে সুতাং নদীতে।

কৃষকরা জানান, এ নদীর পানি ব্যবহার করে লাখাই ও সদর উপজেলার প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ হতো। বর্তমানে শিল্পদূষণ ও পানি সংকটের কারণে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ছে এবং অনেক জমি অনাবাদি থেকে যাচ্ছে, যা সামগ্রিক উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

লাখাই উপজেলার করাব গ্রামের কৃষক ছালেক মিয়া বলেন, "আমাদের অবস্থান ভাটি এলাকায় হওয়ায় বন্যার সময় সব জমিতে পানি উঠে যায়। আগে বন্যার পানি উঠলে জমির উর্বরতা বৃদ্ধি পেত। কিন্তু এখন আর জমির উর্বরতা বৃদ্ধি পায় না, উল্টো জমি নষ্ট হয়ে যায়। কারণ সুতাং নদীর পানি বিভিন্ন কোম্পানির ময়লা-আবর্জনায় নষ্ট হয়ে গেছে।"

সদর উপজেলার রাজিউড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, "আমরা আগে সুতাং নদীর পানি ব্যবহার করে বোরো ধান চাষ করতাম। কিন্তু নদীর পানি নষ্ট হয়ে যাওয়ায় বিকল্প হিসাবে গভীর নলকূপে দিয়ে চাষ করতে হচ্ছে। এজন্য খরচ দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে। তাই ধান চাষ করে আর লাভবান হওয়া যাচ্ছে না। অনেক কৃষক বাধ্য হয়ে ধান চাষ করা বাদ দিয়ে দিচ্ছেন।" এছাড়া নদীর পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। চর্মরোগসহ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয়রা এর প্রতিবাদ করে কোনো সুফল পাননি।

সাধুর বাজারের ব্যবসায়ী মহসিন আহমেদ বলেন, "সুতাং নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে, নদীর পানি ধানের জমিতে দিলে ধানের চারা মরে যায়। এখানকার গরু-ছাগল ও হাঁস নদীতে নামানো হলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।"

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সুতাং নদীর পানি ও মাছের ওপর একটি গবেষণা পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে শিল্পদূষণের শিকার এই নদীর দূষণের মাত্রা নির্ধারণের জন্য গবেষকরা নদীর বিভিন্ন স্থান থেকে পানি, মাছ এবং পলির নমুনা সংগ্রহ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন বলেন, "পরীক্ষাগারে বিশ্লেষণে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে যে, পানি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এছাড়া শিল্পদূষণের ফলে নদীর পানির ভৌত-রাসায়নিক বৈশিষ্ট্যগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে নদীর নিম্নপ্রবাহে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।" নমুনা সংগ্রহের সময় গবেষকরা দেখতে পান, নদীর নিম্নপ্রবাহে মাছের সংখ্যা অত্যন্ত কম। বিশেষ করে শৈলজোড়া খালের সংযোগস্থলের আশপাশের এলাকাটি সবচেয়ে উদ্বেগজনক, যেখানে শিল্পবর্জ্য নদীতে প্রবাহিত হয়। এই অঞ্চলে কোনো মাছ বা জলজ প্রাণী পাওয়া যায়নি।

কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাকির আহম্মেদ বলেন, "আমরা এরই মধ্যে নিশ্চিত হয়েছি, পানি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিক রয়েছে। বর্তমানে ভারী ধাতুর উপস্থিতি নির্ণয়ের জন্য আরো পরীক্ষা চলছে।"

খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, "এই নদী বাঁচাতে দ্রুত পদক্ষেপ না নিলে সুতাং নদী একসময় কেবল স্মৃতির অংশ হয়ে রয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া, নইলে এই অঞ্চলের জনজীবন আরো সংকটের মুখে পড়বে।"

পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক ড. মো. ইউসূফ আলী বলেন, "সুতাং নদীর বিষয়টি যথাযথ মনিটরিং করা হচ্ছে। সিলেট অফিসের লোকজন স্যাম্পল কালেকশন করে তদন্ত করছে, নির্দেশনা এলেই ব্যবস্থা নেওয়া হবে।"

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, "বিষয়টি জেলা প্রশাসনের নজরে আছে, আমরা কড়া নজরদারিতে রেখেছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের হুইপ জিকে গউছের নির্দেশে সম্প্রতি ঢাকা থেকে বিশেষজ্ঞ একটি টিম সরেজমিনে তদন্ত করে গেছে। তারা খুব শিগগিরই রিপোর্ট পেশ করার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ এম


নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছেন। তিনি একই সঙ্গে তুরস্কের সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনা সম্পর্কেও কথা বলেছেন।

নেতানিয়াহু এসব মন্তব্য করেন ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু উল্লেখ করেন, ইসরাইল তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়। তবে তিনি জানান, ইসরাইলের একটি নিরাপত্তানীতি রয়েছে, যার আওতায় সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য আগাম আঘাত হানার সুযোগ রয়েছে। এই নীতির প্রেক্ষিতে তুরস্কের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

তবে এ বিষয়ে ইসরাইলের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে সরাসরি কোনো উত্তর দেননি নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল কখনোই নতি স্বীকার করবে না এবং যেকোনো সংঘাতের মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ এম


টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু

আজ নিউজিল্যান্ড এবং ভারত এর মধ্যে টি–টোয়েন্টি সিরিজের সূচনা হচ্ছে। একই সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার দল একে অপরের মোকাবিলা করবে।

ক্রিকেট

১ম টি–টোয়েন্টি

নিউজিল্যান্ড–ভারত

বেলা ১টা থেকে খেলা সম্প্রচারিত হবে সনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেলে।

গেবেখা টেস্ট: ৫ম দিন

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া

বেলা ১–৪৫ মি., ট্যাপম্যাড

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

ইংল্যান্ড–শ্রীলঙ্কা

বেলা ২টা, টি স্পোর্টস

ফুটবল

ইউরোপা লিগ

ক্রিট–লেভারকুসেন

রাত ১০–৪৫ মি., সনি স্পোর্টস ১

জুভেন্টাস–রেনে

রাত ১০–৪৫ মি., সনি স্পোর্টস ২

বেসিকতাস–প্যালেস

রাত ১টা, সনি স্পোর্টস ১

বোর্নমাউথ–এসি মিলান

রাত ১টা, সনি স্পোর্টস ২

কনফারেন্স লিগ

ইয়াবলোনেৎস–ব্রাইটন

রাত ১০–৪৫ মি., সনি স্পোর্টস ৫

আয়াক্স–আতালান্তা

রাত ১টা, সনি স্পোর্টস ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%