১২:৩৬ পি.এম
টালিউডের দুই সুপারস্টার দেব ও জিৎকে কেন্দ্র করে নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর একই মঞ্চে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তারা। শুধু তাই নয়, দেবের পরিচালনায় পরবর্তী সিনেমায় অভিনয়ের ইঙ্গিতও দিয়েছেন জিৎ। সবকিছু ঠিক থাকলে পরিচালকের ভূমিকায় দেব এবং নায়কের ভূমিকায় জীৎকে দেখা যেতে পারে।
পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা শুরু হচ্ছে ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে। ছবিটির নায়ক এবং প্রযোজকও তিনিই। শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। আয়োজনটি উৎসবের আমেজ তৈরি করে।
তবে ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে জিতের উপস্থিতি। দেবের আমন্ত্রণে সাড়া দিয়ে একই মঞ্চে হাজির হন এই অভিনেতা। দীর্ঘদিনের দূরত্ব ও মনোমালিন্যের গুঞ্জন পেছনে ফেলে দুই তারকাকে একসঙ্গে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
আরও পড়ুন: বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় শেহতাজের ছবি
অনুষ্ঠানে উপস্থিত থেকে চমক দেননি জিৎ, বরং দেবের সঙ্গে যৌথভাবে নতুন সিনেমা তৈরির ঘোষণা দেন। এতে দুই তারকাকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চে জিৎ বলেন, ‘দেশু ৭’ হিট হলে দেবের পরবর্তী সিনেমায় আমি অভিনয় করব। জিতের এমন ঘোষণার পরপরই ছবির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমি তাহলে নায়িকা হব।’
শুভশ্রীর মন্তব্যের জবাবে দেব জানান, নিজেকে বাদ দিয়ে তার বিপরীতে অন্য কোনো নায়ককে বেছে নিতে হলে সেই পছন্দের তালিকায় প্রথমেই থাকবেন জিৎ।
উল্লেখ্য, জিৎ ও শুভশ্রী জুটি এর আগে একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন। ফলে তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে
এদিকে ‘দেশু ৭’ সিনেমার প্রচারেও আলোচনা তৈরি হয়েছে। অনুষ্ঠানে দেব ও শুভশ্রী দুজনকেই কালো পোশাকে দেখা গেছে। ইতোমধ্যে সিনেমাটির গানের ভিডিও প্রকাশিত হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।
ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াংকা সরকার, রজতাভ দত্ত ও ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশের পাশাপাশি হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন