০৫:২৯ পি.এম
বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ফের আইনি জটিলতায় পড়েছেন। ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত। আদালতে হাজির না হওয়ায় এবং বারবার নোটিশ পাঠানোর পরও তিনি উপস্থিত না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সূচনা ‘রাখি কা ইনসাফ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে। লক্ষ্মণ, যিনি প্রেম নগরের বাসিন্দা, তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাখি সাওয়ান্ত।
অভিযোগ রয়েছে, অনুষ্ঠানে লক্ষ্মণকে উদ্দেশ্য করে রাখি অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। এমনকি তাকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। এর ফলে লক্ষ্মণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সামাজিকভাবে হেনস্থার শিকার হন বলে দাবি করা হয়েছে। ২০১০ সালের নভেম্বর মাসে লক্ষ্মণের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে
ছেলের মৃত্যুর পর তার মা সাবিত্রী প্রেম নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত ‘রাখি কা ইনসাফ’-এর একটি পর্বে তার ছেলেকে নিয়ে অপমানজনক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।
এই ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করা হয়।
মামলার পরবর্তী প্রক্রিয়ায় আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল রাখিকে। কিন্তু একাধিকবার নোটিশ পাঠানোর পরও তিনি আদালতে হাজির হননি বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী কাব্য মারান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন