০১:৫৬ এম
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আর্থিক ও সদস্য নিরীক্ষা সম্পন্ন করার পর দ্রুত নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে আইসিটি শিল্পের উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং সদস্যদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বেসিস সংস্কার পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি। সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাদিম ভুঁইয়া হৃদয়।
সভায় বেসিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইসিটি শিল্পের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং করণীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এসব বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি অপসারণ
আইসিটি শিল্পের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠনের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মো. রওশান কামাল জেমস। উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান ‘একসঙ্গে এগিয়ে চলি, একসঙ্গে প্রবৃদ্ধি অর্জন করি’ শীর্ষক একটি উপস্থাপনা দেন। পরে উপস্থিত সদস্যরা এ বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফেরদোস আলম ইপন ও আবু তাহের, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য খোন্দকার শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।
সভা শুরুতে পরিষদের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মাদ তাপিত হাসান চৌধুরী।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
সভাপতির বক্তব্যে আহ্বায়ক রোকমুনুর জামান রনি আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদস্যদের স্বার্থ ও সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন