ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি অপসারণ


সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি অপসারণ

সরকার রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এই ব্যাংকগুলো হলো সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়।

পৃথক চিঠির মাধ্যমে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান ও রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সম্মতির কথা জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। মোট ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১০ পরিচালককেও অপসারণ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর, ১৯ অক্টোবর, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একই ভূখণ্ডে বসবাস করেন। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা সবাই মিলে এই মানচিত্রের মধ্যে আছি, এটি বিএনপির রাজনীতির মূল ভিত্তি।

মন্ত্রী আরও বলেন, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সম্মান ও মর্যাদা না থাকলে কিছুই মূল্যহীন হয়ে যায়। স্বাভাবিক জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষকে লড়াই-সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী উল্লেখ করেছেন, এ ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মারমা, মগ ও সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের ভিত্তি গড়ে তুলেছিলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তাদের ধর্মীয় উৎসবের প্রতি সবার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। সমাজে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রেখে সবাই একসঙ্গে বসবাস করছেন। যেকোনো বিপদ-আপদে তারা বিএনপি সরকারকে পাশে পাবেন।

তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং মানবকল্যাণের বার্তা শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। এ উৎসবের আনন্দের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের চর্চা আরও জোরদার হয়।

মন্ত্রী আরও জানান, রাষ্ট্র সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বীকৃতি দেয় এবং এ ক্ষেত্রে উৎসাহিত করে। ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আবহমানকাল থেকেই এ দেশের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে।

তিনি বলেন, বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে, এ বিষয়ে সতর্ক থাকুন।’

আগামী ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করার সুযোগ নেই। প্রতিটি নাগরিকের ধর্মীয় অনুষ্ঠান ও উপাসনা স্বাধীন ও নিরাপদে পালন করার সাংবিধানিক অধিকার রয়েছে। সরকার সাংবিধানিক বাধ্যবাধকতা ও নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, আসন্ন প্রবারণা পূর্ণিমা এবং বিশেষ করে সন্ধ্যায় ফানুস ওড়ানো উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে (বিশেষত চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও রংপুর অঞ্চলে) যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, চলমান দুর্গাপূজায় মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা ব্যবহারসহ অ্যাপভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সভায় উপস্থিত বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ প্রবারণা পূর্ণিমার তাৎপর্য, সংযম, মন-চেতনার শুদ্ধি এবং ঐতিহ্যগত ফানুস উড়ানো ও কঠিন চীবর দানের পবিত্রতা তুলে ধরেন।

নেতৃবৃন্দ মন্ত্রীর কাছে সারা দেশের বৌদ্ধ বিহারসমূহের তালিকা পৌঁছে দেওয়া হবে বলে জানান।

মন্ত্রী বলেন, তালিকা পেলে সেটি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

মতবিনিময় সভায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আসিন জিন রক্ষিত মহাথের, উত্তরা মহাবিহারের অধ্যক্ষ মুদিতাপাল ভিক্ষু এবং ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ স্বরূপানন্দ ভিক্ষুসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকটের মুখোমুখি রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সৃষ্ট মানবিক সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশকে বহন করতে হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন।

এছাড়া, বৈঠকে মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্তার, মানবপাচার ও মাদক পাচারের মতো গুরুতর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। উভয় পক্ষ এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও আলোচনা করেন।

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%