প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ১৯ অক্টোবর, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একই ভূখণ্ডে বসবাস করেন। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা সবাই মিলে এই মানচিত্রের মধ্যে আছি, এটি বিএনপির রাজনীতির মূল ভিত্তি।
মন্ত্রী আরও বলেন, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সম্মান ও মর্যাদা না থাকলে কিছুই মূল্যহীন হয়ে যায়। স্বাভাবিক জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষকে লড়াই-সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী উল্লেখ করেছেন, এ ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মারমা, মগ ও সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের ভিত্তি গড়ে তুলেছিলেন।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তাদের ধর্মীয় উৎসবের প্রতি সবার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। সমাজে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রেখে সবাই একসঙ্গে বসবাস করছেন। যেকোনো বিপদ-আপদে তারা বিএনপি সরকারকে পাশে পাবেন।
তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং মানবকল্যাণের বার্তা শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। এ উৎসবের আনন্দের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের চর্চা আরও জোরদার হয়।
মন্ত্রী আরও জানান, রাষ্ট্র সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বীকৃতি দেয় এবং এ ক্ষেত্রে উৎসাহিত করে। ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আবহমানকাল থেকেই এ দেশের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে।
তিনি বলেন, বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন