ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কিউবা: যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কর্মকাণ্ড চালানোর সুযোগ দিচ্ছে


কিউবা: যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কর্মকাণ্ড চালানোর সুযোগ দিচ্ছে

কিউবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসীরা বিনা বাধায় তাদের কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। সোমবার এই অভিযোগটি উত্থাপন করা হয়। গত ফেব্রুয়ারিতে দ্রুতগতির একটি নৌযানে কিউবায় অনুপ্রবেশের ঘটনার তদন্তের তথ্য তুলে ধরে তারা এই দাবি জানায়। ওই ঘটনায় সমুদ্রে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়, যার ফলে উভয় পক্ষের মানুষ নিহত ও আহত হন।

কিউবার সরকারি গণমাধ্যমের সোমবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ফ্লোরিডার কিজ এলাকা থেকে নৌকায় করে কিউবায় ঢোকার চেষ্টা করেন কিউবা থেকে নির্বাসিত ১০ ব্যক্তি। তাদের কাছে ছিল প্রায় ১৩ হাজার গুলি, ১১টি রাইফেল, ১৫টি পিস্তল, পেট্রলবোমা, একটি ভিএইচএফ রেডিও এবং স্টারলিংকের উপগ্রহ যোগাযোগের সরঞ্জাম।

কিউবার কর্তৃপক্ষ জানায় যে, ওই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং বাকিদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সোমবার কিউবা জানায় যে, তদন্তে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, সশস্ত্র বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি এখনো যুক্তরাষ্ট্রে মুক্ত অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ

কিউবার প্রসিকিউটর এডওয়ার্ড রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু ব্যক্তি ও সংগঠন এই কর্মকাণ্ডে সহায়তা করেছে। তারা স্থল ও সমুদ্রপথে যাতায়াতের ব্যবস্থা করেছে এবং অস্ত্র কেনা ও মজুদ করতেও সহায়তা করেছে। রবার্টস বলেন, "এসব অপরাধ এখনো চলছে।"

কিউবার কর্তৃপক্ষ ফ্লোরিডায় বসবাসরত কিউবার নাগরিক মারিৎসা লুগো ফার্নান্দেজের বিরুদ্ধে এই পরিকল্পনা সাজাতে সহায়তা করার অভিযোগ এনেছে। আটক ব্যক্তিদের কয়েকজন স্বীকার করেছেন যে, তারা ফ্লোরিডার একটি খামারে প্রশিক্ষণ নিয়েছিলেন। খামারটির মালিক লুগো ফার্নান্দেজ, যিনি ফ্লোরিডাভিত্তিক ‘পার্তিদো দেমোক্রাতিকো ৩০ দে নভিয়েম্ব্রে’ বা ‘৩০ নভেম্বরের গণতান্ত্রিক দল’-এর নেতৃত্ব দেন। তবে লুগো ফার্নান্দেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

কিউবার সরকারি গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে তিনি বলেন, "৪০ বছরেরও বেশি সময় ধরে ওই শাসকগোষ্ঠী আমাকে সন্ত্রাসী বলে অভিযুক্ত করছে। তারা যা কিছু কল্পনা করতে পারে, সবকিছুর জন্যই আমাকে দায়ী করে।"

তিনি আরো বলেন, "ব্যক্তিগতভাবে আমি মানসিকভাবে শান্তিতে আছি। তারা কী বলছে, তা নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমি খুব ভালো করেই জানি, পুরো বিষয়টিই মিথ্যা।" কিউবার অভিযোগ নিয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের কিউবা দূতাবাস ও দেশটির বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল, তবে কোনো পক্ষই জবাব দেয়নি। এর আগে কিউবা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছিল, তারা এই ঘটনার তদন্তে একসঙ্গে কাজ করছে।

আরও পড়ুন: ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে ২২৯ শতাংশ বাজেট বাড়াল তুরস্ক

কিউবার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে আটক ব্যক্তিদের কয়েকজন জানিয়েছিলেন যে, তারা দেশটির মাতানসাস প্রদেশে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন ইউনিটে একই সময়ে হামলার পরিকল্পনা করেছিলেন। প্রদেশটি রাজধানী হাভানার ঠিক পূর্ব দিকে অবস্থিত। কর্তৃপক্ষের দাবি, তাদের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিদ্রোহ শুরু করা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পথ তৈরি করা।

কিউবার এই অভিযোগটি সামনে এসেছে যখন দেশটির সরকারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে। গত ৯ মাস ধরে দেশটিতে কার্যত জ্বালানি অবরোধ চলছে। পাশাপাশি নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে, যা কিউবায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র কিউবা সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়েছে এবং দেশটির নেতৃত্বে পরিবর্তন আনতেও তারা কাজ করছে বলে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ‘পেইড পিরিয়ড লিভ’ সামিটে মাইনুল ইসলাম সম্মাননা পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ এম


নিউইয়র্কে ‘পেইড পিরিয়ড লিভ’ সামিটে মাইনুল ইসলাম সম্মাননা পেলেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় পেইড পিরিয়ড লিভ বিষয়ক গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়েছে। মাসিক স্বাস্থ্য, বেতনসহ মাসিককালীন ছুটি এবং কর্মক্ষেত্রে নারীর সমতা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন দেশের অধিকারকর্মী, শিক্ষাবিদ, আইনজীবী, চলচ্চিত্র নির্মাতা ও সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির আয়োজক ছিল RISE। প্রদীপ নায়ক পরিচালিত প্রামাণ্যচিত্র Paid Period Leave এখানে প্রদর্শিত হয়। মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী বেতনসহ মাসিককালীন ছুটি চালুর গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজনটি করা হয়েছিল।

সামিটে সাংবাদিক মাইনুল ইসলামকে পেইড পিরিয়ড লিভ বা বেতনসহ মাসিককালীন ছুটি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অবদানের জন্য সম্মাননা সনদ প্রদান করা হয়। তিনি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও সংবাদ উপস্থাপক এবং BanglaHour.com-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেইড পিরিয়ড লিভ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক পর্যায়ের অধিকারকর্মী রঞ্জিতা প্রিয়দর্শিনী অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্যকে নারীর সুস্থতা, মর্যাদা ও কর্মক্ষেত্রে সমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ সরকার বেতনসহ মাসিককালীন ছুটি চালুর উদ্যোগ নিলে তা নারীর স্বাস্থ্যগত প্রয়োজন ও কর্মক্ষেত্রে মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন UNESCO Center for Peace-এর উপপরিচালক এমেট ইমানি, Coalition for the UN We Need-এর নির্বাহী পরিচালক অ্যাডাম লুপেল এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সহযোগী অধ্যাপক আনা কাপলান। আলোচনায় বিশ্বব্যাপী পেইড পিরিয়ড লিভ চালুর প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।

সামিটের বিশেষ অধিবেশন Advancing Paid Period Leave Through Storytelling and Policy Reform -এ চলচ্চিত্র, সৃজনশীল যোগাযোগ ও আইনি কাঠামোর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিগত সংস্কারের বিষয়টি গুরুত্ব পায়। এতে অংশগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা সানিয়া পান্ডা ও দামিলোলা আদেয়েরি, অ্যাটর্নি ফারহান আরিয়ান এবং পরিচালক, প্রযোজক ও সংগীতশিল্পী আর্তুরো দে লাস ফুয়েন্তেস। আলোচনায় চলচ্চিত্র ও গল্প বলার মাধ্যমে সামাজিক ভুল ধারণা দূর করার পাশাপাশি নারীদের অধিকার সুরক্ষায় আইন ও কর্মক্ষেত্রের নীতিমালা কার্যকর করার বিষয়টি তুলে ধরা হয়।

সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই স্বীকৃতিকে নিজের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, "সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা, জনসচেতনতা তৈরি এবং গঠনমূলক আলোচনা এগিয়ে নিতে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

সামিটে বক্তারা মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বেতনসহ মাসিককালীন ছুটি বাস্তবায়নের সম্ভাব্য পথ খুঁজে বের করতে সাংবাদিক, অধিকারকর্মী, আইনজীবী, শিক্ষাবিদ, নিয়োগকর্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস

চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার হতে পারে। দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা না থাকলেও, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের আমবাগানে ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেঁতুলিয়ায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত ঘটেনি। আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় সম্প্রীতি ধরে রেখেই গড়তে হবে বাংলাদেশ: ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


ধর্মীয় সম্প্রীতি ধরে রেখেই গড়তে হবে বাংলাদেশ: ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ধরে রেখেই গড়তে হবে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের জন্য এক মাস আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা তৈরি, পরিবহন, মণ্ডপে স্থাপন এবং পূজা উদযাপনের প্রতিটি পর্যায়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে।

ডিআইজি বলেন, এবারের পূজায় প্রতিটি মণ্ডপে কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে, যা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়িয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, আমি ১১টি জেলা পরিদর্শন করে দেখেছি, প্রতিটি জায়গায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সব মিলিয়ে পূজাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন হতে দেখে আমরা স্বস্তি পাচ্ছি।

তিনি বলেন, এবারের দুর্গাপূজার বিশেষত্ব হলো প্রতিটি পূজামণ্ডপে কমিউনিটি পুলিশকে অন্তর্ভুক্ত করা। বিএনপির নেতারাও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সার্বিক সহযোগিতা করছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।

ডিআইজি আরো বলেন, দুর্গাপূজা এখন সবার অংশগ্রহণে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। প্রত্যেকের যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন এবং উৎসব-আচার অনুষ্ঠান উদযাপন করতে পারেন, রাষ্ট্র যেমন সেই পরিবেশকে উৎসাহিত করে, আমরাও তা উৎসাহিত করি। এই সম্প্রীতির ধারা অক্ষুণ্ন রেখে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে এগিয়ে যেতে চাই।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, পটিয়া ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক মো. আমীর ফারুক, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মান্না কুমার দেব এবং পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল দে প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫০ এম


ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ একটি সামরিক প্রশিক্ষণশিবিরে ইরান সমর্থিত হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন।

সোমবার, দেশটির শাবওয়া প্রদেশের আল-আলম সামরিক শিবিরে এ হামলা সংঘটিত হয়। সেখানে নতুন নিয়োগ পাওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলছিল।

বিভিন্ন সংবাদ সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার প্রশিক্ষণ চলাকালে শিবিরটিতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সমর্থিত হুথি বাহিনী। হামলার পর, পশ্চিমা সমর্থিত সরকারের কর্মকর্তারা এবং চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রগুলো প্রথমে ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার তথ্য দিয়েছিল। পরে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩ জন নিহত ও ২০০ জন আহত।

সংঘাতের তীব্রতা বাড়ছে

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে গৃহযুদ্ধ ২০২২ সালের যুদ্ধবিরতির পর কিছুটা কমে এসেছিল। তবে চলতি বছর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের আঞ্চলিক প্রভাব নতুন করে সংঘাত বাড়িয়ে দিয়েছে।

গত মাসে লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর অনুগত সেনাদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয় হুথিরা। এরপর সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। আনসার আল্লাহ নামেও পরিচিত হুথি বাহিনীর নামের আরবি অর্থ ‘আল্লাহর সাহায্যকারী’।

হুথিদের অগ্রযাত্রার জবাবে সৌদি আরবের সমর্থনপুষ্ট পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করে। পরে তারা ‘ডন অব ইয়েমেন’ নামে একটি অভিযান চালু করে। এর লক্ষ্য হুথিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধার করা। এসব এলাকার মধ্যে রাজধানী সানাও রয়েছে। ২০১৪ সালে রাজধানীটি দখল করে নেয় ইরান সমর্থিত হুথি বাহিনী।

এদিকে সৌদি আরবের ওপরও হামলা বাড়িয়েছে হুথিরা। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাও রয়েছে।

সোমবার সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদের বাসিন্দাদের মোবাইলফোনে সতর্কবার্তা পাঠায়। এতে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি’ সম্পর্কে সতর্ক করা হয়।

নতুন নিয়োগ পাওয়া সেনাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি জানান, শাবওয়ায় নিহত ব্যক্তিরা নতুন নিয়োগ পাওয়া সদস্য ছিলেন। এ হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

আল-আলিমি বলেন, ‘নতুন নিয়োগ পাওয়া সদস্যদের লক্ষ্যবস্তু করা থেকে বোঝা যায়, চাপের মুখে পড়লে হুথি মিলিশিয়া সন্ত্রাসী হামলার পথ বেছে নেয়।’

সানা থেকে আলজাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি জানান, হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, সৌদি আরব-সমর্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। ওই ঘাঁটিতে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনী অবস্থান করছিল।

ইউসুফ মাওরি বলেন, হুথিরা জানিয়েছে, তারা এ ধরনের ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব-সমর্থিত সামরিক উপস্থিতি রয়েছে—এমন যেকোনো স্থানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছিল, তারা তাইজ শহরের দক্ষিণে আল-আকরৌদ, আল-শাকাব ও আল-সারারি এলাকায় হুথিদের সমাবেশ, যানবাহন ও অস্ত্রের ওপর হামলা চালিয়েছে। জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধিতে ভুগছে তাইজ শহর।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%