প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্মীয় সম্প্রীতি ধরে রেখেই গড়তে হবে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের জন্য এক মাস আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা তৈরি, পরিবহন, মণ্ডপে স্থাপন এবং পূজা উদযাপনের প্রতিটি পর্যায়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে।
ডিআইজি বলেন, এবারের পূজায় প্রতিটি মণ্ডপে কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে, যা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়িয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, আমি ১১টি জেলা পরিদর্শন করে দেখেছি, প্রতিটি জায়গায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সব মিলিয়ে পূজাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন হতে দেখে আমরা স্বস্তি পাচ্ছি।
তিনি বলেন, এবারের দুর্গাপূজার বিশেষত্ব হলো প্রতিটি পূজামণ্ডপে কমিউনিটি পুলিশকে অন্তর্ভুক্ত করা। বিএনপির নেতারাও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সার্বিক সহযোগিতা করছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।
ডিআইজি আরো বলেন, দুর্গাপূজা এখন সবার অংশগ্রহণে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। প্রত্যেকের যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন এবং উৎসব-আচার অনুষ্ঠান উদযাপন করতে পারেন, রাষ্ট্র যেমন সেই পরিবেশকে উৎসাহিত করে, আমরাও তা উৎসাহিত করি। এই সম্প্রীতির ধারা অক্ষুণ্ন রেখে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে এগিয়ে যেতে চাই।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, পটিয়া ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক মো. আমীর ফারুক, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মান্না কুমার দেব এবং পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল দে প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন