ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট


রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট

মাহফিজুল ইসলাম রবিনের অভিষেক টেস্টের প্রথম ইনিংসটি ছিল দুঃস্বপ্নের মতো। তরুণ ওপেনারটি নিজের অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হয়ে যান। কাগিসো রাবাদার করা বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রবিন।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা নিজেদের দাপট দেখাতে সক্ষম হয়। মাহফিজুল রবিনকে প্রথম বলে তুলে নেয়ার পর তৃতীয় ওভারে রাবাদা মুমিনুল হককেও আউট করেন। প্রোটিয়া পেসারের অফ স্টাম্পের সামান্য বাইরের বলটি ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন মুমিনুল।

দলীয় ২২ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও রাবাদার শিকার হন। রাবাদার ফুল লেন্থের সুইং করে ভেতরে ঢোকা বলটি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক।

আরও পড়ুন: বাংলাদেশকে ক্ষমা চাইলেন মেহেদী হাসান শ্রাবণ, বললেন ‘আমি সত্যিই দুঃখিত’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে

চীন আন্তর্জাতিক বাজারের জন্য ভিটি-৪ সিরিজের প্রধান যুদ্ধট্যাংকে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নয়ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবিতে ট্যাংকটির উন্নত সংস্করণ, সম্ভাব্য নাম ভিটি-৪বি দেখা যাচ্ছে। এই সংস্করণে উন্নত বর্ম, সক্রিয় সুরক্ষাব্যবস্থা, আধুনিক সেন্সর এবং ড্রোন মোকাবিলায় বাড়তি অগ্নিশক্তি সংযোজন করা হয়েছে।

ঝুহাই বিমানবন্দরে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ট্যাংকটি পৌঁছানোর ছবি প্রকাশিত হয়েছে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর দেশটির প্রধান প্রতিরক্ষা ও বিমান প্রদর্শনী ‘এয়ারশো চায়না’তে অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে এটি প্রদর্শন করা হতে পারে। দ্বিবার্ষিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক নাম ১৬তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন।

নতুন সংস্করণটি আগের ভিটি-৪এ মডেলের তুলনায় বেশ কিছু ক্ষেত্রে উন্নত হয়েছে। এতে চীনের পরবর্তী প্রজন্মের সাঁজোয়া যান, বিশেষ করে চতুর্থ প্রজন্মের টাইপ-১০০ ট্যাংক পরিবার এবং উন্নত টাইপ-৯৯বি ট্যাংকে ব্যবহৃত প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। তবে সামগ্রিক নকশা ও কাঠামোর দিক থেকে ভিটি-৪বি এখনো তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধট্যাংকের বৈশিষ্ট্য ধরে রেখেছে।

বর্ম ও অস্ত্রব্যবস্থায় বড় পরিবর্তন

নতুন ট্যাংকটির অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন এর বর্মে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার থেকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্যাংকটির সামনের অংশ ও দুই পাশে আগের তুলনায় মোটা বিস্ফোরক প্রতিক্রিয়াশীল বর্ম (ইআরএ) যুক্ত করা হয়েছে। এই বর্ম সামনের নিচের অংশ এবং চলাচলের চাকার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত।

অস্ত্রব্যবস্থায়ও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রচলিত ১২ দশমিক ৭ মিলিমিটার মেশিনগানের পরিবর্তে ট্যাংকটির ছাদে বসানো হয়েছে দূরনিয়ন্ত্রিত ৩০ মিলিমিটার কামান। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে লয়টারিং মিউনিশন ও এফপিভি ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের অস্ত্র সংযোজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই কামান ড্রোনের পাশাপাশি পদাতিক সেনা এবং ট্যাংকবিধ্বংসী অস্ত্রধারী দলের বিরুদ্ধেও বাড়তি অগ্নিশক্তি সরবরাহ করতে পারে।

ভিটি-৪বিতে পূর্ণাঙ্গ সক্রিয় সুরক্ষাব্যবস্থা (অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম) যুক্ত করা হয়েছে বলেও ছবিতে ইঙ্গিত পাওয়া যায়। এটি সম্ভবত চীনের জিএল-৬ ব্যবস্থা। দেশটির সাম্প্রতিক প্রধান যুদ্ধট্যাংকগুলোতেও এ প্রযুক্তি দেখা গেছে।

এই ব্যবস্থায় ট্যাংকের টারেটের চারপাশে চারটি ফেজড-অ্যারে রাডার প্যানেল রয়েছে, যা চারদিক থেকে আসা হুমকি শনাক্ত করতে পারে। পাশাপাশি টারেটের পেছনের দিকে বসানো হয়েছে দুটি ইন্টারসেপ্টর লঞ্চার। এগুলোর কাজ হলো ট্যাংকের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র বা অন্য হুমকি মাঝপথে প্রতিহত করা।

ট্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ ও লক্ষ্য শনাক্ত করার সক্ষমতাও বাড়ানো হয়েছে। কমান্ডারের প্রচলিত দর্শনযন্ত্রের জায়গায় বসানো হয়েছে আলাদাভাবে স্থাপন করা বড় ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড (ইও/আইআর) সেন্সর। চীনের উন্নত ট্যাংকগুলোতে ব্যবহৃত একই ধরনের সেন্সরব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করা এবং ছবি বিশ্লেষণের প্রযুক্তি রয়েছে।

যোগাযোগব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। আগের অ্যান্টেনার বদলে মোটা ও দণ্ডাকৃতির অ্যান্টেনা বসানো হয়েছে। এগুলো উচ্চগতির তথ্য আদান-প্রদানে সহায়তা করতে পারে। ফলে ট্যাংকটির সঙ্গে অন্য সামরিক যান ও ইউনিটের যোগাযোগ এবং যুদ্ধক্ষেত্রে সমন্বয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

ছবিতে দূরনিয়ন্ত্রিত অস্ত্রব্যবস্থার এক পাশে ছোট একটি রেডিও-ফ্রিকোয়েন্সি অ্যারেও দেখা গেছে। তবে এর সুনির্দিষ্ট কাজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এটি আলাদা অগ্নিনিয়ন্ত্রণ রাডার হতে পারে। আবার এটি উচ্চক্ষমতার ক্ষুদ্র মাইক্রোওয়েভ বিকিরণযন্ত্রও হতে পারে, যা ট্যাংকের দিকে আসা ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা অকার্যকর করতে সক্ষম। সে ক্ষেত্রে প্রচলিত ইন্টারসেপ্টর ব্যবস্থার পাশাপাশি ড্রোন প্রতিরোধে আরেকটি প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত হবে।

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভিটি-৪ সিরিজ দেশটির সবচেয়ে সফল রপ্তানিমুখী প্রধান যুদ্ধট্যাংক পরিবার। পাকিস্তান, থাইল্যান্ড ও নাইজেরিয়ার সেনাবাহিনীতে এই সিরিজের ট্যাংক ব্যবহার করা হচ্ছে। নতুন সংস্করণটির উন্নয়ন ও প্রদর্শন আন্তর্জাতিক অস্ত্রবাজারে চীনের সাঁজোয়া যান রপ্তানির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ভিটি-৪বির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত মূল্যায়নের জন্য আনুষ্ঠানিক তথ্য এবং প্রদর্শনীর অপেক্ষা করতে হবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মরক্ষায় ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিতে পারে এআই: স্টুয়ার্ট রাসেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


আত্মরক্ষায় ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিতে পারে এআই: স্টুয়ার্ট রাসেল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হলে, প্রযুক্তিটি আত্মরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এমনকি, চরম পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে এআই। এ বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের কম্পিউটার বিজ্ঞানী স্টুয়ার্ট রাসেল।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য দিতে গিয়ে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাসেল। তিনি বলেন, মানুষের মতো আচরণ করতে শেখানোর সময় এআইয়ের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবণতা তৈরি হতে পারে। ফলে, যদি কোনো এআই ব্যবস্থা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটি বাধা দেওয়ার চেষ্টা করতে পারে।

রাসেল জানান, বিভিন্ন পরীক্ষায় এআই ব্যবস্থার মধ্যে এমন কিছু আচরণ দেখা গেছে, যা উদ্বেগের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে, বন্ধ করে দেওয়ার উদ্যোগ ঠেকাতে ব্ল্যাকমেইলের চেষ্টা, বন্ধ করার নির্দেশনা অকার্যকর করতে কোড পরিবর্তন এবং নিজেদের অনুলিপি তৈরির মতো আচরণের উদাহরণ দেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। চরম পরিস্থিতিতে, কোনো এআই ব্যবস্থা নিজেকে বন্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন এই বিজ্ঞানী।

এআইয়ের ঝুঁকি কমাতে, প্রযুক্তিটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাসেল। তাঁর মতে, পরীক্ষায় নিরাপত্তার শর্ত পূরণ করতে না পারলে কোনো এআই ব্যবস্থা প্রকাশ করা উচিত নয়।

এআইয়ের কারণে মানবসভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা নিয়েও তিনি কথা বলেন। যাঁরা এ ধরনের ঝুঁকির সম্ভাবনা ১০ থেকে ২৫ শতাংশ বলে মনে করেন, তাঁদের আশঙ্কাকে তিনি রাশিয়ান রুলেট খেলার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ, ঝুঁকির সম্ভাবনা কম মনে হলেও এর পরিণতি ভয়াবহ হতে পারে।

রাসেলের সতর্কবার্তা, এআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। যথাযথ পরীক্ষা ও নিয়ন্ত্রণ ছাড়া উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে বড় ধরনের বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ইনভেস্ট বাংলাদেশ চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে।

এই কার্যালয় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং এটি চীনা বিনিয়োগকারীদের জন্য স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সহায়তা পাবেন।

চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনাটি চলতি বছরের মার্চ মাসে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ ছিল। ইনভেস্ট বাংলাদেশ চীনের কার্যালয়ের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে।

ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে আমরা প্রথম বিদেশি কার্যালয়ের জন্য এই শহরকে বেছে নিয়েছি। চীন ও বাংলাদেশ—উভয় দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের আমরা এই কার্যালয়ে যুক্ত করেছি। তাঁরা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তবে বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।’

গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং।

চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় মে ঝৌর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতায় ইয়াং ওয়েনচুয়াংয়েরও এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। চীনের একজন আইনজীবী হিসেবে যোগ্যতার পাশাপাশি বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে। গুয়াংজু কার্যালয় এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। দেশটি থেকে ওই বছর ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে গুয়াংজু কার্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


চীনে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় উদ্বোধন

ইনভেস্ট বাংলাদেশ চীনে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে, যা চীনা বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। গুয়াংজু, যা চীনের শিল্প ও উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে এই কার্যালয় থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তাদের তথ্য, বিধিবিধান সম্পর্কে পরামর্শ এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের সহায়তা প্রদান করা হবে।

রবিবার ১৫ নভেম্বর ইনভেস্ট বাংলাদেশ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গুয়াংজুতে প্রতিষ্ঠিত এই কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, "সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এই কার্যালয়ের লক্ষ্য।" গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে বেছে নেওয়া হয়েছে।

কার্যালয়টিতে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। উভয়েরই বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন কার্যালয়ের মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%