প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইনভেস্ট বাংলাদেশ চীনে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে, যা চীনা বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। গুয়াংজু, যা চীনের শিল্প ও উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে এই কার্যালয় থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তাদের তথ্য, বিধিবিধান সম্পর্কে পরামর্শ এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের সহায়তা প্রদান করা হবে।
রবিবার ১৫ নভেম্বর ইনভেস্ট বাংলাদেশ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গুয়াংজুতে প্রতিষ্ঠিত এই কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, "সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এই কার্যালয়ের লক্ষ্য।" গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে বেছে নেওয়া হয়েছে।
কার্যালয়টিতে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। উভয়েরই বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন কার্যালয়ের মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন