ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পুরনো প্রসাধনী ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন জরুরি


পুরনো প্রসাধনী ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন জরুরি

আইশ্যাডো, ব্লাশ বা লিপস্টিকের মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকেই সেগুলো ফেলে দিতে চান না, কারণ সেগুলো নতুনের মতোই মনে হয়। তবে ত্বকের চিকিৎসকদের মতে, সামান্য আবেগের কারণে পুরনো প্রসাধনী ব্যবহার করা বড় ধরনের শারীরিক বিপদের কারণ হতে পারে।

প্রসাধনীর স্থায়িত্ব নির্ভর করে শুধুমাত্র প্যাকেটের গায়ের তারিখের ওপর নয়, বরং খোলার পর সেগুলো কিভাবে ব্যবহার বা সংরক্ষণ করা হচ্ছে তার ওপরও। ক্রিম বা মাসকারার কৌটোতে হাত বা ব্রাশ ডোবানোর ফলে ত্বকের তেল, ধুলোবালি ও জীবাণু ভেতরে প্রবেশ করে। নতুন পণ্যে জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতা থাকলেও পুরনো হলে সেই ক্ষমতা নষ্ট হয়ে যায়।

সংরক্ষক উপাদান নষ্ট হয়ে গেলে ফাউন্ডেশন ফেটে যাওয়া বা কমলা হওয়া, মাসকারা শুকিয়ে দলা পাকানো কিংবা লিপ গ্লসের রং পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় প্রসাধনীর গন্ধ বা রূপ স্বাভাবিক মনে হলেও এর ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধতে পারে।

আরও পড়ুন: ট্রাফিক টিকিট পেলে জরিমানা কমানোর উপায় জানুন

যেসব সমস্যা হতে পারে

জীবাণুযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে ত্বকে লালচে ভাব, চুলকানি, ফুসকুড়ি, ব্রণ এবং রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে চোখের চারপাশের সংবেদনশীল ত্বক বা ঠোঁটে মারাত্মক সংক্রমণ হতে পারে। শরীরের কোথাও কেটে গেলে সেখানে পুরনো প্রসাধনী ব্যবহার করলে বড় ধরনের ইনফেকশন ছড়াতে পারে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রসাধনী

মাসকারা ও তরল আইলাইনার: এগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে, খোলার তিন মাস পর মাসকারা বদলে ফেলা উচিত এবং এতে পানি মেশানো বা অন্যের সঙ্গে তা ভাগ করা উচিত নয়।

আরও পড়ুন: বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

পাউডার জাতীয় পণ্য: পরিষ্কার ও শুকনো রাখলে এগুলি প্রায় দুই বছর পর্যন্ত ভালো থাকে। তবে শক্ত বা খসখসে হয়ে গেলে তা ফেলে দিতে হবে।

প্রাকৃতিক পণ্য: এগুলোতে জীবাণু প্রতিরোধক রাসায়নিক না থাকায় এগুলো খুব দ্রুত নষ্ট হয়।

এ ছাড়া বাথরুম বা স্যাঁতসেঁতে জায়গায় প্রসাধনী রাখা অনুচিত।

করণীয় ও সুরক্ষার উপায়

আরও পড়ুন: নুহাশ পল্লীর নির্জনে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ

১। নতুন প্রসাধনী খোলার পর পেন দিয়ে তার গায়ে খোলার তারিখ লিখে রাখুন।

২। প্রতি সপ্তাহে অন্তত একবার মেকআপ ব্রাশ ও তুলি ভালোভাবে পরিষ্কার করুন।

৩। চোখ ও ঠোঁটের প্রসাধনী কখনোই কারও সঙ্গে ভাগ করবেন না।

৪। প্রসাধনীর গন্ধ, রঙ বা গঠনে সামান্য পরিবর্তন দেখলেই মায়া ত্যাগ করে তা ফেলে দিন। চিকিৎসায় খরচের চেয়ে নতুন প্রসাধনী কেনা অনেক নিরাপদ।

আরও পড়ুন: বকাঝকা ছাড়াই যেভাবে শিশুর স্ক্রিন টাইম কমাবেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে টিলা কাটার মহোৎসব, গত ২৫ বছরে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


সিলেটে টিলা কাটার মহোৎসব, গত ২৫ বছরে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

সিলেটে টিলা কাটার মহোৎসব চলছে। একের পর এক টিলা কেটে বসতবাড়ি, প্লট ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। প্রশাসনের মামলা ও অভিযান সত্ত্বেও টিলা কাটা থামছে না। স্থানীয়রা প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত আড়াই দশকে সিলেট বিভাগের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।

রাত কিংবা দিন; অবিরাম টিলা কাটা চলছে। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামে টিলা কাটার দৃশ্য দেখতে গিয়ে সময় সংবাদ টিমকে দেখে শ্রমিকরা সরঞ্জাম ফেলে পালিয়ে যান। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে একটি মাটিবাহী ট্রাকও। ট্রাকচালকের দাবি, স্থানীয় চেয়ারম্যান ট্রাকটি ভাড়া করেছেন।

তবে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তার সঙ্গে কথা বললে তিনি জানান, কোথায় টিলা কাটা হচ্ছে, তা খোঁজ নেয়ার কথা।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় অবৈধভাবে টিলা কেটে ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

একই ইউনিয়নের শ্মশানের টিলা এলাকায় গিয়ে দেখা যায়, কেটে ফেলা হয়েছে টিলার একটি অংশ। প্রথমে স্থানীয়দের কেউ কেউ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে একজনের কাছ থেকে টিলা কাটার তথ্য বেরিয়ে আসে।

সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডেও টিলা কেটে এবং সেই মাটি দিয়ে প্লট, দালানকোঠা ও অস্থায়ী ঘর তৈরি করা হচ্ছে। টিলা কাটার শাস্তি ও জরিমানার বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সাইনবোর্ডও লাগানো হয়েছে। কিন্তু তাতেও টিলা কাটা বন্ধ হচ্ছে না।

টিলার ওপর ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অনেকে। ওপর থেকে দেখলে ঘরগুলো খেলনার মতো মনে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এসব স্থাপনা নির্মাণ থামানো যাচ্ছে না।

টিলা কাটা বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, যেখানেই টিলা কাটা হচ্ছে, সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হচ্ছে।

পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বনানী দাস বলেন, টিলা কাটা রোধে মামলা ও অভিযান অব্যাহত রয়েছে।

তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতারের অভিযোগ, প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক নেতাদের নির্দেশে একটি দুষ্ট চক্র টিলাগুলো ধ্বংস করছে।

সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে ১ হাজার ৮৭৫টি টিলা রয়েছে। এসব টিলার মোট আয়তন ৪ হাজার ৮১১ একর। তবে গত আড়াই দশকে এ অঞ্চলের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ার ২০ শয্যার হাসপাতালে ৬ বছরেও জনবল নিয়োগ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


মঠবাড়িয়ার ২০ শয্যার হাসপাতালে ৬ বছরেও জনবল নিয়োগ হয়নি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫ বছর আগে উদ্বোধন করা হলেও আজও এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। যদিও হাসপাতালটি ২০ শয্যার নামে পরিচিত, সেখানে একটি শয্যাও নেই। ডাক্তার, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালটি বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে। অব্যবহারের কারণে ভবনের বিভিন্ন অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। হাসপাতাল চত্বরে গবাদিপশু চরছে এবং সিঁড়িতে ছাগলের মলমূত্র পড়ে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক খোলা থাকলেও দোতলা ভবনের কোথাও রোগীর উপস্থিতি নেই। হাসপাতালের অধিকাংশ কক্ষ ফাঁকা পড়ে রয়েছে এবং ধুলাবালিতে ঢেকে গেছে। এক্স-রে, ইসিজিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের কোনো ব্যবহার বা অস্তিত্ব চোখে পড়েনি। একটি কক্ষে একজন নার্স সীমিত পরিসরে কয়েকজনকে বিনামূল্যে ওষুধ দিচ্ছিলেন, তবে হাসপাতালের কোথাও নিয়মিত চিকিৎসা সেবার পরিবেশ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২১ সালের ২৬ ফেব্রæয়ারি সাবেক সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী হাসপাতালটির উদ্বোধন করলেও এরপর থেকে এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। চিকিৎসক না থাকায় অধিকাংশ সময় হাসপাতাল বন্ধ থাকে। ফলে অসুস্থ রোগীদের বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বরিশাল সদরে যেতে হয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের মূল ভবন নির্মাণে ও দুটি স্টাফ কোয়ার্টারসহ ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। হাসপাতালের জন্য চারজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক মেডিকেল অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট সার্জন, ছয়জন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং একজন অফিস সহায়কের পদ অনুমোদিত রয়েছে। কিন্তু অধিকাংশ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি দ্রুত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। অন্যথায়, সরকারি অর্থে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি অব্যবহারে আরও নষ্ট হয়ে যাবে এবং এলাকার হাজারো মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার জানান, হাসপাতালটির এখন পর্যন্ত প্রশাসনিক কোড ও অর্থনৈতিক কোড দেয়া হয়নি। কোড প্রদান করা হলে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালু হবে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ১ জন সিনিয়র স্টাফ নার্স কিছু ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা চালাচ্ছেন। সরঞ্জামাদি চুরি রোধে ১ জন নার্স হাসপাতালে রাত্রিযাপন করেন বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারেন: ডা. শাহাদাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারেন: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন, "সুযোগ পেলে নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারেন।" তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া সহ অনেক নারীর সাফল্য নানা প্রতিকূলতা ও সমালোচনার মুখেও প্রমাণ করে যে, নারীরা সুযোগ পেলে নেতৃত্বে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারেন।

আজ রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই আয়োজন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় করা হয়েছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, "শিক্ষা একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি।" তিনি উল্লেখ করেন, কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের তরুণ নেতাদের নিজেদের বিকশিত করার এবং এগিয়ে আসার সুযোগ তৈরি করতে হবে। গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখা এবং জাতীয় ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। তার মতে, নারীর বাস্তবমুখী ক্ষমতায়নও জরুরি। পরিবারে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান মন্তব্য করেন, তরুণেরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত। তিনি রাজনীতিতে অংশগ্রহণের আগে নিজেদের যোগ্য করে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, "শুধু স্লোগাননির্ভর রাজনীতি নয়, দক্ষতা ও প্রস্তুতির মাধ্যমে নেতৃত্বে আসার আহ্বান জানাই।"

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, সংসদে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ সাংবিধানিক বিষয়। তিনি জাতীয় সংসদে নারীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তরুণদের দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।"

রাঙামাটি জেলা জজ আদালতের অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা বলেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা, সমাজে গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা রাজনীতি ও সমাজে নারীর অংশগ্রহণ সংকুচিত করছে। তিনি নারীর অধিকার নিয়ে বক্তব্যের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হলে নারীর অংশগ্রহণ বাড়বে।

চট্টগ্রামের কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সভাপতি অশোক সাহা বলেন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও রাষ্ট্রীয় নীতির ওপর তাদের অবস্থান অনেকাংশে নির্ভর করে। তিনি বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা বলেন, রাজনীতিতে নারীদের অবদান থাকলেও তারা এখনো নানা বাধার মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, এসব বাধার শুরু অনেক সময় পরিবার থেকেই হয়। নারীদের কেবল প্রতীকী প্রতিনিধিত্বে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অর্থবহ ভূমিকা দেওয়ার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ, নারী নেতৃত্ব, রাজনৈতিক ও অধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন, নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সিজিএসের ‘রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিল্লুর রহমান। দিনব্যাপী কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক, বাজারের চাহিদা পূরণের জন্য, কয়েক দফা রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন যে ডলারের বাজারে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। পাশাপাশি, ব্যাংকগুলোর মধ্যে যদি কোনো কারসাজি ঘটে, সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১২৫ টাকার কাছাকাছি অবস্থান করছে। রোববার (১৫ নভেম্বর) ব্যাংকগুলোর মধ্যে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৯৯ পয়সায়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ, এক কর্মদিবসের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বেড়েছে ১৩ পয়সা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারি আমদানির খরচ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহের হ্রাসের কারণে ডলারের বাজারে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%