ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক সংযোগ, জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে


রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক সংযোগ, জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়, তাহলে চলতি নভেম্বর মাসেই এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। তবে, প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যা বা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মাধ্যমে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সূত্রগুলো জানায়, ইতোমধ্যে প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের উৎপাদন কার্যক্রম সফলভাবে এগোচ্ছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ উৎপাদন সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে উৎপাদিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি নভেম্বরেই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

আরও পড়ুন: অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণের পর কোনো ধরনের ত্রুটি বা সমস্যা না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই পর্যায়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পেলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ডিসেম্বর মাসে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এ কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।

তিনি বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সবকিছু ঠিকমতো চলছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। কোনো সমস্যা বা ত্রুটি নেই- এটি নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন জানিয়ে মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণও পর্যায়ক্রমে বাড়বে। এভাবে প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে এবং উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জাতীয় নিরাপত্তা, সাইবার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পার্সোনাল ডাটা সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

তিনি রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘প্রযুক্তির বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে এই কথা বলেন।

রিজভী বলেন, "আমাদের ডাটা হ্যাক করে নিয়েছিল পার্শ্ববর্তী দেশ, প্রযুক্তির উৎকর্ষতা থাকলে তা সম্ভব হতো না।" তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তির জন্য আইনি কাঠামো না থাকলে সমাজ ও রাষ্ট্র বিভিন্নভাবে বিপন্ন হয়ে পড়বে।

জাতীয় নিরাপত্তার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সে বিষয়ে গবেষণা করে প্রধানমন্ত্রীকে সহায়তা করার আহ্বানও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের আনতালিয়ায়। সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকটি ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়, যেখানে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, "আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো। আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন কোথায় কী করতে হয়।"

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, "তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাহিরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো।"

হুমায়ুন কবির আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কিছু দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। তিনি উল্লেখ করেন, "বহুপক্ষীয় ফোরামে হোস্ট প্রেসিডেন্ট খুব কমই বৈঠক করেন। তার মধ্যে প্রথম দিনেই একটি অন্যতম আকর্ষণীয় দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।"

তিনি বলেন, "তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন। বিশ্বের পলিটিক্সে, বিশ্বের পলিটিক্যাল ইকোনমিতে এই দ্বিপক্ষীয় বৈঠক প্রায়োরিটি কী? আপনাকে এটার ফ্যাক্ট বুঝতে হবে।" প্রতিমন্ত্রী আরও বলেন, "তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। এই সম্পর্ক একটা ঘনিষ্ঠ পর্যায়ে, একটা কৌশলগত অংশীদারত্বের দিকে যাচ্ছে।"

তারেক রহমান এবং এরদোয়ানের আলোচনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকে ডিফেন্স কো-অপারেশন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, "ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ডিফেন্স প্রোডাকশনে একটি ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে।" এছাড়া, রোহিঙ্গাদের অর্থায়নে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ নিয়েও ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে আলাদা লড়বে জাগপা: রাশেদ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে আলাদা লড়বে জাগপা: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে সিটি করপোরেশনের মেয়র পদে দলটি প্রার্থী দিতে যাচ্ছে না; এই পদে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন করবে, যা ১১ দলীয় ঐক্যের অংশ।

রোববার সকাল ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরেন দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

দলীয় নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা প্রদান করে রাশেদ প্রধান উল্লেখ করেন, যেখানে জাগপার প্রার্থী নেই, সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে কোনো বিবাদে জড়ানো যাবে না। নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য কোনো জালিমের সঙ্গে আপস না করার এবং অন্যায়ের সামনে মাথা নত না করার আহ্বানও জানান তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের উদাহরণ তুলে ধরে রাশেদ প্রধান বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তবুও, যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবারের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশগ্রহণ করবে। তবে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ পারস্পরিক সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে পারলে, ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদকে অবহিত করার মাধ্যমে ঐক্যের একক প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।

এ সময় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক টিকিট পেলে জরিমানা কমানোর উপায় জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ট্রাফিক টিকিট পেলে জরিমানা কমানোর উপায় জানুন

যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন লঙ্ঘনের ফলে জরিমানা ছাড়াও চালকের লাইসেন্সে পয়েন্ট যুক্ত হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে পয়েন্টের সংখ্যা সীমা অতিক্রম করলে লাইসেন্স স্থগিত হতে পারে। এর ফলে গাড়ির বিমার খরচও বৃদ্ধি পেতে পারে।

ট্রাফিক টিকিট প্রাপ্তির পর চালকের জন্য কয়েকটি বিকল্প উন্মুক্ত থাকে। চালক চাইলে জরিমানা পরিশোধ করতে পারেন, আদালতে গিয়ে অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন অথবা গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে লাইসেন্সে পয়েন্ট যোগ হওয়া থেকে রক্ষা পেতে পারেন। প্রয়োজন হলে আইনজীবীর সহায়তাও নেওয়ার সুযোগ রয়েছে।

টিকিট পাওয়ার পর প্রথমে শান্ত থাকা প্রয়োজন এবং কেন জরিমানা করা হয়েছে, তা পুলিশ থেকে জানতে হবে। টিকিটে নিজের তথ্য, গাড়ির নম্বর, ঘটনার সময় ও স্থান এবং অপরাধের বিবরণ সঠিক আছে কি না, তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার বিস্তারিত লিখে রাখা এবং সম্ভব হলে ছবি বা ভিডিওর মতো প্রমাণ সংগ্রহ করাও উচিত।

জরিমানা পরিশোধ করলে বিষয়টি সহজে নিষ্পত্তি হলেও অনেক ক্ষেত্রে অপরাধটি চালকের রেকর্ডে যুক্ত হয়ে যায়। এর ফলে বিমার খরচ বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, আদালতে অভিযোগ চ্যালেঞ্জ করলে জরিমানা বা পয়েন্ট কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হলে চালক মামলায় হেরে যেতে পারেন।

কিছু অঙ্গরাজ্যে নিরাপদ গাড়ি চালানোর প্রশিক্ষণ সম্পন্ন করলে জরিমানা বা লাইসেন্সের পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে। আবার পুলিশের দেওয়া তথ্য বা গতিমাপক যন্ত্রের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন থাকলে আদালতে তা প্রমাণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে। তবে নিয়ম ও সুযোগ অঙ্গরাজ্যভেদে ভিন্ন।

সূত্র: সুপার লয়ার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%