ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাফিক টিকিট পেলে জরিমানা কমানোর উপায় জানুন


ট্রাফিক টিকিট পেলে জরিমানা কমানোর উপায় জানুন

যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন লঙ্ঘনের ফলে জরিমানা ছাড়াও চালকের লাইসেন্সে পয়েন্ট যুক্ত হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে পয়েন্টের সংখ্যা সীমা অতিক্রম করলে লাইসেন্স স্থগিত হতে পারে। এর ফলে গাড়ির বিমার খরচও বৃদ্ধি পেতে পারে।

ট্রাফিক টিকিট প্রাপ্তির পর চালকের জন্য কয়েকটি বিকল্প উন্মুক্ত থাকে। চালক চাইলে জরিমানা পরিশোধ করতে পারেন, আদালতে গিয়ে অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন অথবা গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে লাইসেন্সে পয়েন্ট যোগ হওয়া থেকে রক্ষা পেতে পারেন। প্রয়োজন হলে আইনজীবীর সহায়তাও নেওয়ার সুযোগ রয়েছে।

টিকিট পাওয়ার পর প্রথমে শান্ত থাকা প্রয়োজন এবং কেন জরিমানা করা হয়েছে, তা পুলিশ থেকে জানতে হবে। টিকিটে নিজের তথ্য, গাড়ির নম্বর, ঘটনার সময় ও স্থান এবং অপরাধের বিবরণ সঠিক আছে কি না, তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার বিস্তারিত লিখে রাখা এবং সম্ভব হলে ছবি বা ভিডিওর মতো প্রমাণ সংগ্রহ করাও উচিত।

আরও পড়ুন: সহজ ও পুষ্টিকর উপায়ে যেভাবে ঘরেই তৈরি করবেন চিকেন স্টু

জরিমানা পরিশোধ করলে বিষয়টি সহজে নিষ্পত্তি হলেও অনেক ক্ষেত্রে অপরাধটি চালকের রেকর্ডে যুক্ত হয়ে যায়। এর ফলে বিমার খরচ বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, আদালতে অভিযোগ চ্যালেঞ্জ করলে জরিমানা বা পয়েন্ট কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হলে চালক মামলায় হেরে যেতে পারেন।

কিছু অঙ্গরাজ্যে নিরাপদ গাড়ি চালানোর প্রশিক্ষণ সম্পন্ন করলে জরিমানা বা লাইসেন্সের পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে। আবার পুলিশের দেওয়া তথ্য বা গতিমাপক যন্ত্রের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন থাকলে আদালতে তা প্রমাণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে। তবে নিয়ম ও সুযোগ অঙ্গরাজ্যভেদে ভিন্ন।

সূত্র: সুপার লয়ার্স

আরও পড়ুন: নীল জলরাশি ও সাদা বালুর মায়া, ঘুরে আসুন এশিয়ার সেরা পালোলেম সৈকতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা আটক

খুলনার পাইকগাছা এলাকায় থানা পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করেছে। অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্র অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুকে (৩০) পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।

এর আগে, শনিবার রাতে দেলুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধুখালী গ্রামের বিরুপক্ষ মণ্ডল (৫৫), একই গ্রামের যুবলীগ নেতা অনিমেষ ঢালী (৩৭), আশিষ মল্লিক (৫০) এবং জখরলা গ্রামের দিদারুল গাজী (৪৩)।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেনও পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের কথা শুনলেই পুরুষরা ভয় পান ৫ কারণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


বিয়ের কথা শুনলেই পুরুষরা ভয় পান ৫ কারণে

বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দুজন মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে। নতুন পরিবার গড়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি তৈরি হয়। তবে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক পুরুষের মধ্যে দ্বিধা ও ভয় দেখা দেয়। কিছু পুরুষ আর্থিক দায়িত্বের কথা চিন্তা করে পিছিয়ে যান, আবার কেউ নিজের স্বাধীনতা হারানোর শঙ্কায় থাকেন।

বর্তমানে তরুণদের একটি অংশের মধ্যে বিয়ে নিয়ে অনীহা দেখা যাচ্ছে। আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয় কিংবা দাম্পত্য কলহের শঙ্কা—এসব কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়া অনেকের কাছে কঠিন হয়ে উঠছে।

মনস্তাত্ত্বিক ভাষায় বিয়ে বা দাম্পত্য সম্পর্কে প্রবেশের প্রতি তীব্র ভয়কে ‘গ্যামোফোবিয়া’ বলা হয়। এটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়ানোর ভয় হিসেবেও পরিচিত।

চলুন জেনে নেওয়া যাক, বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয় ও দ্বিধা তৈরির পাঁচটি কারণ।

১. অর্থনৈতিক দায়িত্ব ও ভবিষ্যৎ খরচের ভয়

বিয়ে নিয়ে পুরুষদের দুশ্চিন্তার অন্যতম কারণ হলো অর্থনৈতিক চাপ। বিয়ের অনুষ্ঠান, নতুন সংসার সাজানো, বাসাভাড়া, নিত্যপ্রয়োজনীয় খরচ এবং ভবিষ্যতে সন্তানের পড়াশোনার মতো নানা ব্যয়ের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে যান।

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বাসস্থান সংকট ও আয়ের অনিশ্চয়তা এই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। অনেক পুরুষ বিয়ের আগে নিজের কর্মজীবন গুছিয়ে নিতে এবং আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী হতে চান।

এছাড়া দাম্পত্য জীবনে বিচ্ছেদ হলে সম্পত্তির ভাগাভাগি, ভরণপোষণসহ বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়ার আশঙ্কা কারও কারও মনে ভয় তৈরি করে। তবে বিয়ের আগে সঙ্গীর সঙ্গে আয়-ব্যয়, সঞ্চয় ও সংসারের দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা করলে এই চাপ অনেকটা কমানো সম্ভব।

২. পারিবারিক দায়িত্ব সামলানোর দুশ্চিন্তা

বিয়ের পর একজন পুরুষের জীবনে নতুন পারিবারিক দায়িত্ব যুক্ত হয়। জীবনসঙ্গীর প্রতি দায়িত্ব পালন করা এবং নিজের বাবা-মায়ের দেখাশোনা—দুই দিক সামলাতে পারবেন কি না, তা নিয়ে অনেকের মনে সংশয় তৈরি হয়।

বিশেষ করে পরিবারের প্রত্যাশা পূরণ এবং নতুন সংসারের সঙ্গে পুরোনো পারিবারিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা অনেকের কাছে বড় চ্যালেঞ্জ মনে হয়।

এ ক্ষেত্রে বিয়ের আগে জীবনসঙ্গীর সঙ্গে পারিবারিক দায়িত্ব, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমতে পারে।

৩. ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়

অনেক পুরুষ মনে করেন, বিয়ের পর নিজের মতো করে জীবনযাপনের সুযোগ কমে যাবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিজের শখ পূরণ করা কিংবা ইচ্ছামতো বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে বলে আশঙ্কা করেন তারা।

এ কারণে কেউ কেউ বিয়েকে ব্যক্তিগত স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবে দেখেন। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে দুজনেরই নিজস্ব সময়, পছন্দ ও ব্যক্তিগত পরিসরের গুরুত্ব রয়েছে।

পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে সংসার ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য রাখা সম্ভব।

৪. মতের অমিল ও দাম্পত্য কলহের আশঙ্কা

দুটি ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষের চিন্তাভাবনা, অভ্যাস, পছন্দ ও জীবনযাপনের ধরন এক হওয়া স্বাভাবিক নয়। ফলে বিয়ের পর ছোটখাটো বিষয় নিয়েও মতের অমিল তৈরি হতে পারে।

এসব মতবিরোধ বড় আকার ধারণ করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অনেক পুরুষ এই দাম্পত্য কলহের কথা ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন।

তবে পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও খোলামেলা আলোচনার মাধ্যমে অধিকাংশ মতবিরোধের সমাধান করা সম্ভব। একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও দৃঢ় হয়।

৫. স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য রাখার চাপ

বিয়ের পর জীবনসঙ্গী ও নিজের বাবা-মায়ের প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক পুরুষের কাছে বড় দুশ্চিন্তার বিষয়। কেউ কেউ মনে করেন, বিয়ের পর হয়তো বাবা-মায়ের সঙ্গে আগের মতো থাকা সম্ভব হবে না। আবার পারিবারিক মতবিরোধ তৈরি হলে দুই পক্ষের মধ্যে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে।

বিশেষ করে স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন।

এ ধরনের পরিস্থিতিতে কাউকে অবহেলা না করে ন্যায়সংগত আচরণ, নিরপেক্ষতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। বিয়ের আগেই দুই পক্ষের প্রত্যাশা ও জীবনযাপনের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ভবিষ্যতের জটিলতা অনেকটা কমানো সম্ভব।

বিয়ে নিয়ে ভয় কাটবে যেভাবে

বিয়ে নিয়ে ভয় কিংবা দ্বিধা থাকা অস্বাভাবিক নয়। কারণ এটি শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব, পরিবার, অর্থনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ জীবন। তবে এসব বিষয় নিয়ে আগে থেকে পরিষ্কার ধারণা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

পারস্পরিক বিশ্বাস, দায়িত্ব ভাগাভাগি, আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি তৈরি করতে পারে। তাই ভয় বা সামাজিক চাপের কারণে নয়, বরং নিজের প্রস্তুতি, পছন্দ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীল জলরাশি ও সাদা বালুর মায়া, ঘুরে আসুন এশিয়ার সেরা পালোলেম সৈকতে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


নীল জলরাশি ও সাদা বালুর মায়া, ঘুরে আসুন এশিয়ার সেরা পালোলেম সৈকতে

সমুদ্রের নীল জলরাশি, সাদা বালুর বিস্তীর্ণ উপকূল এবং সারি সারি নারকেলগাছ—প্রকৃতির এমন সৌন্দর্যে মুগ্ধ হতে চাইলে ভারতীয় গোয়ার পালোলেম সমুদ্রসৈকতে ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন। এশিয়ার সেরা সমুদ্রসৈকতের মর্যাদা অর্জন করার পাশাপাশি, বিশ্বের সেরা সৈকতগুলোর তালিকাতেও স্থান করে নিয়েছে পালোলেম। যারা সমুদ্রের পাশে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান, তাদের ভ্রমণ তালিকায় পালোলেম জায়গা করে নিতে পারে।

দক্ষিণ গোয়ার কানাকোনা এলাকায় অবস্থিত পালোলেম সৈকত তার অর্ধচন্দ্রাকৃতির উপকূল, সাদা বালু, সারি সারি তালগাছ এবং তুলনামূলক শান্ত পানির জন্য পরিচিত। উপকূলজুড়ে বিস্তৃত বালুর ওপর দিয়ে হাঁটা, সমুদ্রের ঢেউ উপভোগ করা কিংবা গাছের ছায়ায় বসে সময় কাটানো—সব মিলিয়ে সৈকতটি পর্যটকদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করে।

গোয়ার অন্যান্য ব্যস্ত সৈকতের তুলনায় পালোলেমের পরিবেশ অনেকটাই শান্ত ও স্বস্তিদায়ক। তাই যারা ভ্রমণে গিয়ে শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে। বিশেষ করে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, ছবি তোলা কিংবা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে অবসর কাটানোর জন্য জায়গাটি বেশ উপযোগী।

এশিয়ার সেরা সৈকতের স্বীকৃতি

বিচ ডটকমের গ্লোবাল বিচ ইনডেক্স ২০২৬-এ পালোলেমকে এশিয়ার সেরা সমুদ্রসৈকত হিসেবে নির্বাচিত করা হয়েছে। বিশ্বসেরা সৈকতের তালিকায় এর অবস্থান ষষ্ঠ। এবারের তালিকায় এশিয়া থেকে একমাত্র সৈকত হিসেবে এটি স্থান পেয়েছে।

সৈকতটির অবস্থান নির্ধারণের জন্য পানির গুণমান, জনপ্রিয়তা, যাতায়াতের সুবিধা, আবহাওয়া এবং পর্যটকদের অভিজ্ঞতা সহ ১৮টি বিষয় বিবেচনা করা হয়েছে। ৫৮ জন ভ্রমণ বিশেষজ্ঞ, কনটেন্ট নির্মাতা এবং স্থানীয় কর্তৃপক্ষের মনোনয়নে ৩২২টি সৈকত নিয়ে এই মূল্যায়ন করা হয়। পাশাপাশি স্যাটেলাইট থেকে পাওয়া পানির তথ্য, আবহাওয়াসংক্রান্ত উপাত্ত এবং গুগল ম্যাপসের ৯৩ হাজারের বেশি পর্যালোচনাও বিশ্লেষণ করা হয়েছে।

কী কী দেখবেন ও করবেন

পালোলেম সৈকতে শুধু সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেই সময় কাটাতে হবে, এমন নয়। এখানে বেশ কিছু বিনোদনমূলক কার্যক্রমের সুযোগও রয়েছে। সমুদ্রের শান্ত পানিতে কায়াকিং করতে পারেন। চাইলে নৌকায় চড়ে ডলফিন দেখার অভিজ্ঞতাও নিতে পারেন। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর পাশাপাশি আশপাশের দ্বীপ ও উপকূলীয় এলাকাও ঘুরে দেখার সুযোগ রয়েছে।

সৈকতের কাছেই রয়েছে মাঙ্কি আইল্যান্ড। নৌকায় ঘুরে দেখার পাশাপাশি দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন পর্যটকেরা। এ ছাড়া কাছাকাছি অবস্থিত আগোন্ডা ও পাটনেম সৈকতও ভ্রমণ তালিকায় রাখতে পারেন। ফলে পালোলেমকে কেন্দ্র করে দক্ষিণ গোয়ার উপকূলীয় সৌন্দর্য ঘুরে দেখার সুযোগ তৈরি হয়।

পালোলেমের আরেকটি বিশেষ আকর্ষণ হলো ‘সাইলেন্ট নয়েজ’ পার্টি। সাধারণত সৈকতের পার্টিতে উচ্চ শব্দে গান বাজানো হলেও এখানে রয়েছে ভিন্ন আয়োজন। প্রচলিত লাউডস্পিকারের পরিবর্তে পর্যটকেরা ব্যক্তিগত হেডফোনে গান শুনে নাচেন। ফলে একই জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের গান উপভোগ করার সুযোগ থাকে, আবার আশপাশের পরিবেশেও শব্দদূষণ তুলনামূলক কম হয়।

যারা শুধু ঘোরাঘুরি নয়, ছুটির সময়ে শরীর ও মনকে কিছুটা স্বস্তি দিতে চান, তাদের জন্যও রয়েছে নানা আয়োজন। সৈকতের আশপাশে আছে যোগব্যায়াম কেন্দ্র, ক্যাফে এবং সুস্থতা চর্চার বিভিন্ন ব্যবস্থা। সমুদ্রের পাশে বসে সময় কাটানো কিংবা ক্যাফেতে খাবার উপভোগের মধ্য দিয়েও ভ্রমণকে করে তুলতে পারেন উপভোগ্য।

কখন যাবেন

পালোলেম ভ্রমণের উপযুক্ত সময় সাধারণত নভেম্বর থেকে মার্চ। এ সময় আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে এবং সমুদ্রসৈকতের বিভিন্ন কার্যক্রম উপভোগের পরিবেশও ভালো থাকে। বিশেষ করে সমুদ্রের পাশে দীর্ঘ সময় কাটানো, উপকূল ঘুরে দেখা কিংবা নৌকায় ভ্রমণের জন্য এই সময়টি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে পালোলেমে পর্যটকদের ভিড় বাড়ে। এ সময় সৈকতের আশপাশের আবাসন ও পর্যটনকেন্দ্রগুলোতে ব্যস্ততা দেখা যায়। তাই এই সময়ে ভ্রমণের পরিকল্পনা করলে আগে থেকেই আবাসন বুকিং করে রাখা ভালো।

প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রকেন্দ্রিক নানা কার্যক্রম এবং তুলনামূলক শান্ত পরিবেশ— পালোলেম শুধু গোয়ার নয়, এশিয়ার অন্যতম আকর্ষণীয় সমুদ্রসৈকত হিসেবে পরিচিতি পেয়েছে। সমুদ্রের পাশে কয়েকটি দিন প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চাইলে দক্ষিণ গোয়ার এই সৈকতটি রাখতে পারেন আপনার পরবর্তী ভ্রমণ তালিকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহজ ও পুষ্টিকর উপায়ে যেভাবে ঘরেই তৈরি করবেন চিকেন স্টু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


সহজ ও পুষ্টিকর উপায়ে যেভাবে ঘরেই তৈরি করবেন চিকেন স্টু

জ্বরে আক্রান্ত হয়ে শরীর দুর্বল হয়ে পড়লে ভারী অথবা তেল-মসলাযুক্ত খাবারের পরিবর্তে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়। এই পরিস্থিতিতে গরম চিকেন স্টু একটি চমৎকার বিকল্প হতে পারে, যা মুখের রুচি ফিরিয়ে আনার পাশাপাশি শরীরকে শক্তি প্রদান করে। ঘরে এটি কিভাবে সহজে তৈরি করা যাবে, তা জানার জন্য নিচে নির্দেশনা দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ

মুরগি: ১টি

মাখন ও তেল: প্রতিটি ২ টেবিল চামচ করে

ফোড়নের জন্য: গোটা গোলমরিচ (১২টি), লবঙ্গ (৫টি), দারুচিনি (২ টুকরা) ও তেজপাতা (২টি)

মসলা ও বাটা কুচি: লম্বা মিহি আদাকুচি (১ চা–চামচ), রসুনকুচি (১ চা–চামচ), পেঁয়াজ কুচি (২টি)

সবজি: ছোট আলু (৭-৮টি), গাজরের টুকরা (১ কাপ), পুঁইশাকের ডাঁটা (১টি, টুকরা করা), রসুনের কোয়া (৫টি), গোটা ছোট পেঁয়াজ (৬-৭টি), টমেটো (১টি) ও পেঁয়াজপাতা

ময়দা (২ টেবিল চামচ)

চিকেন স্টক (প্রয়োজনমতো)

সাদা গোলমরিচের গুঁড়া (২ চা–চামচ), কালো গোলমরিচের গুঁড়া (১ চা–চামচ)

কাঁচা মরিচ (৫টি)

চিনি (১ চা–চামচ) এবং

লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

১। প্রথমে মুরগিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর কালো গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাংসটি ভালোভাবে মেখে রাখতে হবে।

২। একটি বড় ডিপ প্যানে ১ টেবিল চামচ তেল ও মাখন একসঙ্গে গরম করে তাতে গোটা গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিতে হবে।

৩। এরপর আস্ত মুরগিটি প্যানে বসিয়ে হালকা উল্টেপাল্টে নিতে হবে, যাতে মসলা ও মাখনের ঘ্রাণ ভালোভাবে মিশে যায়। মুরগির দুই পিঠ হালকা বাদামী রঙ ধারণ করলে তা নামিয়ে রাখতে হবে।

৪। একই প্যানে বাকি আদা, রসুন ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কাটা আলু, গাজর, পছন্দের সবজি এবং সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে রাখতে হবে।

৫। প্যানে বাকি তেল ও মাখন দিয়ে ময়দা দিয়ে নাড়তে থাকতে হবে। ময়দা ভালোভাবে মিশে গেলে অল্প করে স্টক দিয়ে নাড়তে হবে, যাতে জমাট না বাঁধে। এরপর বাকি স্টক, ভেজে রাখা মুরগি ও সবজিগুলো একসঙ্গে ঢেলে দিতে হবে। (স্টক না থাকলে গরম পানিতে স্টকের কিউব মিশিয়ে তৈরি করে নিতে পারেন)। এমনভাবে স্টক দিতে হবে যাতে মুরগি ও সবজি সেদ্ধ হতে পারে।

৬। প্যানের মুখ ঢেকে রান্না করতে হবে। মাংস ও সবজি সেদ্ধ হয়ে নরম হয়ে এলে এর মধ্যে আস্ত পেঁয়াজ, টমেটো ও পেঁয়াজপাতা দিতে হবে।

৭। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ, সাদা ও কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে।

৮। সবশেষে লবণের স্বাদ ঠিক আছে কি না দেখে নামিয়ে নিতে হবে।

ভাত কিংবা টোস্ট করা ব্রেডের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন এই পুষ্টিকর ও সুস্বাদু চিকেন স্টু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%