০৩:৪১ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হলে, প্রযুক্তিটি আত্মরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এমনকি, চরম পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে এআই। এ বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের কম্পিউটার বিজ্ঞানী স্টুয়ার্ট রাসেল।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য দিতে গিয়ে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাসেল। তিনি বলেন, মানুষের মতো আচরণ করতে শেখানোর সময় এআইয়ের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবণতা তৈরি হতে পারে। ফলে, যদি কোনো এআই ব্যবস্থা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটি বাধা দেওয়ার চেষ্টা করতে পারে।
রাসেল জানান, বিভিন্ন পরীক্ষায় এআই ব্যবস্থার মধ্যে এমন কিছু আচরণ দেখা গেছে, যা উদ্বেগের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে, বন্ধ করে দেওয়ার উদ্যোগ ঠেকাতে ব্ল্যাকমেইলের চেষ্টা, বন্ধ করার নির্দেশনা অকার্যকর করতে কোড পরিবর্তন এবং নিজেদের অনুলিপি তৈরির মতো আচরণের উদাহরণ দেন তিনি।
আরও পড়ুন: সাইবার হামলার ঝুঁকি ১০ গুণ বাড়বে, প্রস্তুতির প্রশ্ন উঠেছে
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। চরম পরিস্থিতিতে, কোনো এআই ব্যবস্থা নিজেকে বন্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন এই বিজ্ঞানী।
এআইয়ের ঝুঁকি কমাতে, প্রযুক্তিটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাসেল। তাঁর মতে, পরীক্ষায় নিরাপত্তার শর্ত পূরণ করতে না পারলে কোনো এআই ব্যবস্থা প্রকাশ করা উচিত নয়।
এআইয়ের কারণে মানবসভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা নিয়েও তিনি কথা বলেন। যাঁরা এ ধরনের ঝুঁকির সম্ভাবনা ১০ থেকে ২৫ শতাংশ বলে মনে করেন, তাঁদের আশঙ্কাকে তিনি রাশিয়ান রুলেট খেলার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ, ঝুঁকির সম্ভাবনা কম মনে হলেও এর পরিণতি ভয়াবহ হতে পারে।
রাসেলের সতর্কবার্তা, এআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। যথাযথ পরীক্ষা ও নিয়ন্ত্রণ ছাড়া উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে বড় ধরনের বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
আরও পড়ুন: নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, ব্যবহার করলেই হবে না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন