ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানের কাছে ১-০ গোলে বিদায়, হামজা বললেন: এই হার ভীষণ হৃদয়বিদারক


পাকিস্তানের কাছে ১-০ গোলে বিদায়, হামজা বললেন: এই হার ভীষণ হৃদয়বিদারক

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে। ২০০৫ সালের সেমিফাইনালে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠার স্মৃতি থাকলেও, এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করায় বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছে। এই পরাজয়ে দেশের ফুটবলের তারকা হামজা দেওয়ান চৌধুরী গভীর হতাশা প্রকাশ করেছেন।

জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে হামজা নিজের ও দলের অনুভূতি তুলে ধরেন, "এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!"

পাকিস্তানের কাছে এই পরাজয়ের পর দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রো পাস নিয়ে আলোচনা চলছে। শ্রাবণের থ্রো থেকেই বল পেয়ে পাকিস্তানের আব্দুল সামাদ জয়সূচক গোলটি করেন। কিছু সমর্থক এই পরাজয়কে গোলরক্ষকের ভুল হিসেবে দেখলেও হামজা সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, "জয়-পরাজয় বা ভুল—দলের সবাই মিলে ভাগ করে নেয়।"

আরও পড়ুন: রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট

হামজা আরও জানান, "এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।"

ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে হামজা বলেন, প্রথমার্ধে বাংলাদেশ দারুণ লড়াই করলেও বিরতির পর প্রতিপক্ষ কৌশলগত পরিবর্তন আনে। পুরো ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

তিনি যোগ করেন, "হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?"

প্রথমার্ধে একটি বল পোস্টে লেগে ফেরে এবং দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ নষ্ট হয়। সব মিলিয়ে জয়ের খুব কাছাকাছি গিয়েও ফাইনালে পৌঁছাতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

আরও পড়ুন: বাংলাদেশকে ক্ষমা চাইলেন মেহেদী হাসান শ্রাবণ, বললেন ‘আমি সত্যিই দুঃখিত’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি চুক্তি, কার্যকর ২০২৭ সালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি চুক্তি, কার্যকর ২০২৭ সালে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলো একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছে, যা ডিজিটাল অর্থনীতিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে। এই চুক্তির নাম ‘ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ (ডিইএফএ) এবং এর আওতায় সীমান্তপারের ডিজিটাল বাণিজ্য, অর্থ লেনদেন, তথ্য আদান-প্রদান, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য অভিন্ন নীতিমালা তৈরি করা হবে।

চুক্তিটি কার্যকর হবে আগামী ২০২৭ সালের শুরুর দিকে। প্রথম দফার কিছু প্রকল্পও তখন থেকে চালুর প্রস্তুতি নিচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহক উভয়েই উপকৃত হওয়ার আশা করা হচ্ছে।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের সদস্যদেশগুলোর প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ং জানিয়েছেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ব্যবসাপ্রতিষ্ঠানের ডিজিটাল পরিচয় এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথিপত্র হতে পারে প্রথম দফার অগ্রাধিকারমূলক প্রকল্প।

ডিজিটাল বাণিজ্যে অভিন্ন নিয়ম

২০২৩ সালের সেপ্টেম্বরে আলোচনা শুরু হওয়ার পর দীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় এই চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এটি আসিয়ানের ইতিহাসে প্রথম স্বতন্ত্র এবং আইনগতভাবে বাধ্যতামূলক ডিজিটাল অর্থনীতি চুক্তি।

চুক্তিতে ডিজিটাল বাণিজ্য, সীমান্তপারের তথ্য প্রবাহ, ইলেকট্রনিক পেমেন্ট, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে অভিন্ন কাঠামো নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর সই হওয়ার ১৮০ দিন পর এটি কার্যকর হবে এবং ২০১৯ সালের আসিয়ান ইলেকট্রনিক কমার্স চুক্তির জায়গা নেবে নতুন এই কাঠামো।

গ্যান কিম ইয়ং বলেন, "চুক্তির লক্ষ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী করা।" সড়ক, সমুদ্রপথ ও সরবরাহব্যবস্থার মতো প্রচলিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল যোগাযোগেও দেশগুলোর পারস্পরিক নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

লেনদেনের খরচ ও সময় কমবে

চুক্তির আওতায় ইলেকট্রনিক বাণিজ্যিক নথিপত্র ব্যবহারের ফলে সীমান্তপারের বাণিজ্যে কাগজপত্রের ঝামেলা কমবে। এর ফলে পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়া দ্রুত হবে এবং প্রশাসনিক ব্যয়ও কমবে।

একইভাবে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সহজ হলে এক দেশের গ্রাহক অন্য দেশে কেনাকাটা করতে পারবেন আরও নির্বিঘ্নে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পারস্পরিক লেনদেনও সহজ হবে।

ব্যবসাপ্রতিষ্ঠানের ডিজিটাল পরিচয় চালু হলে প্রতিষ্ঠানগুলো সহজেই যাচাই করতে পারবে কার সঙ্গে তারা ব্যবসা করছে। পাশাপাশি সীমান্তপারের তথ্য স্থানান্তরের নিয়ম স্পষ্ট হলে বিভিন্ন দেশের বাজারে ব্যবসা সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে।

চুক্তিতে তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং অনলাইন প্রতারণা মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

২০৩৫ সালে ডিজিটাল অর্থনীতি ছাড়াবে এক ট্রিলিয়ন ডলার।

গুগল, টেমাসেক ও বেইন অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদনের বরাত দিয়ে সিঙ্গাপুরের জ্বালানি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে আসিয়ানের ডিজিটাল অর্থনীতির আকার ৩৬৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ২০৩৫ সালের মধ্যে তা এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশাল এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে সদস্যদেশগুলোর মধ্যে ডিজিটাল বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাস্তবায়নে দেশভেদে ভিন্ন গতির সুযোগ

তবে আসিয়ানের সব দেশের ডিজিটাল অবকাঠামো, আইনগত কাঠামো ও ব্যবসায়িক প্রস্তুতি এক রকম নয়। এ কারণে চুক্তি বাস্তবায়নে চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন গ্যান কিম ইয়ং।

তিনি বলেন, "কোনো উদ্যোগ বাস্তবায়নে যেসব দেশ প্রস্তুত, তারা আগে থেকেই কাজ শুরু করতে পারবে।" অন্য দেশগুলো পরবর্তী সময়ে সেই উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ, জোটের সব সদস্যকে একই গতিতে এগোতে বাধ্য করা হবে না।

উদাহরণ হিসেবে তিনি বলেন, যেসব দেশ নির্দিষ্ট খাতে সীমান্তপারের তথ্য আদান-প্রদানে প্রস্তুত, তারা গোপনীয়তা, ব্যবসায়িক তথ্যের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত শর্ত মেনে একসঙ্গে কাজ করতে পারবে।

চুক্তির সুফল দ্রুত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দিতে বাস্তবায়ন পরিকল্পনা তৈরির কাজ চলছে। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা এবং কর্মীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন গ্যান।

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের প্রধান নির্বাহী কক পিং সুন বলেন, "চুক্তিটির সাফল্য নির্ভর করবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাস্তবে কতটা সুবিধা পাচ্ছে, তার ওপর।" সীমান্তে কাগজপত্রের ঝামেলা কমা, সহজ ডিজিটাল পেমেন্ট এবং নিরাপদ তথ্য আদান-প্রদানই হবে এর কার্যকারিতা যাচাইয়ের প্রধান মাপকাঠি।

২০২৭ সালে আসিয়ানের নেতৃত্ব নেবে সিঙ্গাপুর।

২০২৭ সালে ফিলিপাইনের কাছ থেকে আসিয়ানের সভাপতিত্বের দায়িত্ব নেবে সিঙ্গাপুর। এ সময় জোটের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে দুটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন গ্যান কিম ইয়ং। এর একটি হলো সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি আরও গভীর করা, অন্যটি বাইরের অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ।

বিশ্ব অর্থনীতি যখন ক্রমেই বিভক্ত ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন আসিয়ানকে একটি সমন্বিত ও ব্যবসাবান্ধব অঞ্চল হিসেবে তুলে ধরতে চায় সিঙ্গাপুর।

এ ছাড়া কানাডার সঙ্গে আসিয়ানের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০২৭ সালে চুক্তিটি সইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের সদস্যদেশগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চায় জোটটি।

একই সঙ্গে প্রস্তাবিত আসিয়ান গ্রিন ইকোনমি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট নিয়েও কাজ এগোচ্ছে। টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে সম্ভাব্যতা যাচাই চলছে। ২০২৭ সালে এ বিষয়ে আলোচনার ক্ষেত্র নির্ধারণের আগে সমীক্ষাটি শেষ করার লক্ষ্য রয়েছে।

এদিকে আসিয়ান ট্রেড ইন গুডস অ্যাগ্রিমেন্টের হালনাগাদ সংস্করণ ২০২৬ সালের শেষ নাগাদ কার্যকর করার প্রস্তুতি চলছে।

আসিয়ানের ১১ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ।

ম্যানিলায় চুক্তি সই অনুষ্ঠানে আসিয়ানের ১১ সদস্যদেশের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ং, ফিলিপিন্সের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ক্রিস্টিনা আলদেগুয়ের-রোক, মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহরি আবদুল গনি, ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বিষয়ক সমন্বয়মন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো এবং ব্রুনেইয়ের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আবদুল মানাফ মেতুসিন।

এ ছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন।

চুক্তি সইয়ের মাধ্যমে আসিয়ান ডিজিটাল অর্থনীতিতে আঞ্চলিক সংযোগ বাড়ানোর নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে সদস্যদেশগুলোর প্রস্তুতি, বাস্তবায়নের গতি এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে এর সুবিধা পৌঁছে দেওয়ার ওপর।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলার পর রাতেই তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য এবং পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিয়মিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তার বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এরপর থেকে কর্মস্থলে এসপি জাহাঙ্গীরকে নজরদারিতে রাখা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহ জামাল @ নাহিদ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬ খ্রি.) সকালে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৬:২০ ঘটিকা হতে ৭:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহ জামাল @ নাহিদকে আটক করা হয়। আটককৃত আসামী নাচোল উপজেলার খোলসী (নতুনটোলা) গ্রামের ১নং ওয়ার্ডের মো. মনিরুল ইসলামের ছেলে। তার মাতার নাম মোসা. পারভিন বেগম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চান মিয়া নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চান মিয়া নিহত, আহত ২

পটুয়াখালী, ১৫ নভেম্বর ২০২৬ : পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ফলে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির পুত্র ছিলেন।

দুর্ঘটনায় আহত দুইজন হলেন হারুন মোল্লা ও মরিয়ম বেগম, যাঁরা স্বামী স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান পটুয়াখালীর দিকে আসছিল। পটুয়াখালী সেতুর ঢালে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে যানবাহন দুটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক চান মিয়ার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হারুণ মোল্লা ও মরিয়ম বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত চান মিয়ার মরদেহ ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%