ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী কলেজিয়েট স্কুলে ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া


রাজশাহী কলেজিয়েট স্কুলে ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাজশাহী কলেজিয়েট স্কুল ২০২৮ সালে ২০০ বছরে পা দেবে। এই দীর্ঘ পথচলায় বিদ্যালয়টির শ্রেণিকক্ষ পেরিয়ে গেছেন ইতিহাসবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, চলচ্চিত্রকার, সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও সংস্কৃতি অঙ্গনের বহু কৃতী ব্যক্তি।

১৮২৮ সালে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই শতকের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। তবে, বর্তমান বাস্তবতার সঙ্গে সেই গৌরবের মিল নেই। সরকারি এই বিদ্যালয়ে প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য এখনো কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল বোর্ড নেই। পুরোনো ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, কোথাও ভাঙা জানালা দেখা যাচ্ছে। শৌচাগারের দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে। স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী বা লাইব্রেরিয়ান নেই। বর্ষাকালে পানি জমে খেলার মাঠ অনুপযোগী হয়ে পড়ে।

দুই শতকের ইতিহাস

আরও পড়ুন: সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারেন: ডা. শাহাদাত হোসেন

ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৮২৮ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে রাজশাহীতে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ প্রতিষ্ঠা করা হয়। ১৮৩৬ সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে। সেই সময় ৭৮ জন হিন্দু, দুজন মুসলমান ও তিনজন খ্রিষ্টানসহ মোট ৮৩ জন শিক্ষার্থী নিয়ে এর আনুষ্ঠানিক সরকারি যাত্রা শুরু হয়।

১৮৭৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাজশাহী কলেজিয়েট স্কুল রাখা হয়। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ; তিন রাষ্ট্রীয় পর্বের সাক্ষী এই প্রতিষ্ঠান। প্রায় দুই শতকের পথচলায় স্কুলটি শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাজশাহীর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

১৯৩৬ সালে শতবর্ষ এবং ১৯৮৬ সালে ১৫০ বছর পূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ০.৯৭ একর জমির ওপর কয়েকটি ভবনে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। ২০০৮ সালে একাদশ শ্রেণি চালু হয় এবং ২০১০ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

যারা এই স্কুলের শিক্ষার্থী ছিলেন

আরও পড়ুন: সিলেটে টিলা কাটার মহোৎসব, গত ২৫ বছরে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ও অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, সংগীতশিল্পী জেমস, কথাসাহিত্যিক প্রমথনাথ বিশী, স্থপতি মাজহারুল ইসলাম, ভাস্কর মৃণাল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি বীর উত্তম এ. কে. খন্দকার, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান থেকে বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ দেশ-বিদেশে পরিচিত এমন অসংখ্য ব্যক্তিত্ব এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রয়েছে রবীন্দ্রনাথ-নজরুলের স্মৃতি

রাজশাহী কলেজিয়েট স্কুলের ইতিহাস কেবল তার ছাত্রদের কৃতিত্বে সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের রাজশাহী সফরের স্মৃতিও প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে রয়েছে।

১৮৯২ সালে রাজশাহীতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাক্তন শিক্ষার্থী অক্ষয় কুমার মৈত্রেয় ও শরৎকুমার রায়ের সঙ্গে সাহিত্যসভায় অংশ নেন। রাজশাহী অ্যাসোসিয়েশনের সভায় ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: ‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ মানববন্ধনে জলবায়ু সংকট ও নদী রক্ষার দাবি

১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম রাজশাহীতে এলে কলেজিয়েট স্কুলের ফুলার হোস্টেলের শিক্ষার্থীরা তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে কবি বক্তব্য দেন এবং ‘চল চল চল’ গানটি পরিবেশন করেন।

১৯৩৮ সালে স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন শেরেবাংলা এ. কে. ফজলুল হক। ছাত্রদের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি দুজন শিক্ষার্থীকে সোনার মেডেল উপহার দেন।

আন্দোলন-সংগ্রামেরও সাক্ষী

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম, সব পর্যায়েই কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের ইতিহাস রয়েছে। ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর স্বরাজ আন্দোলনের আহ্বানে স্কুলের শিক্ষার্থীরা পিকেটিং করে। বিলাতি কাপড় বর্জন ও তা পুড়িয়ে ফেলার কর্মসূচিতেও অংশ নেয় তারা। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজশাহী সফরের পর আজাদ হিন্দ ফৌজের আন্দোলনেও স্কুলের শিক্ষার্থীদের অনেকে যুক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় রাজশাহীতে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল, তার সঙ্গে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততার কথা ইতিহাসে রয়েছে। শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, নাজমুল হক ও মহিউদ্দিন আহমেদ এতে সক্রিয় ছিলেন বলে প্রতিষ্ঠানটির ইতিহাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটের পরিবহন সেক্টরে ধর্মঘটের অস্থিরতা, শ্রমিকদের তিন দফা দাবি

গৌরবের পাশে জরাজীর্ণ বাস্তবতা

বর্তমানে বিদ্যালয়ের পুরোনো ভবনগুলোর বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও জানালার কাচ ভাঙা। এসব ভবনেই প্রতিদিন পাঠদান চলছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, শুধু ভবন সংস্কার নয়, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জানান, ব্রিটিশ আমলের একটি ভবন একসময় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন ছিল। লম্বা গোলাকার স্তম্ভ, উঁচু ছাদ ও প্রশস্ত গ্যালারি ছিল ভবনটির বৈশিষ্ট্য। কিন্তু ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে সেটি ভেঙে ফেলা হয়। অথচ ওই ভবনের একটি শ্রেণিকক্ষ থেকেই রাজশাহী কলেজের শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল।

এদিকে বিদ্যালয়ে এখনো ডিজিটাল বোর্ড না থাকায় প্রচলিত বোর্ডেই পাঠদান চলছে। কম্পিউটার ল্যাব থাকলেও প্রয়োজনের তুলনায় আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। আগে ১৭টি কম্পিউটার থাকলেও বর্তমানে ১৪টি সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। ল্যাবের ব্যবহার নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

লাইব্রেরিয়ানসহ নেই পরিচ্ছন্নতাকর্মী

আরও পড়ুন: ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ

এছাড়া এত বড় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী না থাকায় পরিচ্ছন্নতা ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, শৌচাগারে নিয়মিত দুর্গন্ধ থাকে এবং কয়েকটি পানির ট্যাপ নষ্ট।

বিদ্যালয়ের শিক্ষক শহিদুল্লাহ বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও এখানে কোনো সরকারি পরিচ্ছন্নতাকর্মী নেই। বিভিন্ন বেসরকারি তহবিলের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ চালাতে হয়, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

অন্যদিকে বিদ্যালয়ে লাইব্রেরি থাকলেও লাইব্রেরিয়ানের পদ শূন্য। ফলে বিপুলসংখ্যক বই থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিটি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। এ ছাড়া অফিস সহকারী ও অফিস সহায়কসহ কয়েকটি পদও শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে শিক্ষকদেরই দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলার পরিবেশও নেই

আরও পড়ুন: সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আব্দুস ছালাম নিহত

বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ থাকলেও বর্ষাকালে সেখানে পানি জমে যায়। কাদা ও আবর্জনায় মাঠ অনুপযোগী হয়ে পড়ে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, মাঠ কিছুটা উঁচু করে ঢালু করা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা গেলে খেলাধুলার পরিবেশের উন্নতি হবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাইরুল ইসলাম জানান, সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ভবন সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অবকাঠামো, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী কলেজিয়েট স্কুল অসংখ্য গুণী মানুষ তৈরি করেছে। প্রতিবছর বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ স্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে। ২০০ বছরে পদার্পণ করতে যাওয়া প্রতিষ্ঠানটি দীর্ঘ ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...

রাজনীতি বা বৈরিতা দূরে সরিয়ে রাখলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতে পারত—এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের সঙ্গে হওয়া কথোপকথন এবং তার আসন্ন স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে উঠে আসা বিভিন্ন বিস্ফোরক ও চমকপ্রদ তথ্য নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা।

৪৭০ পৃষ্ঠার এই স্মৃতিকথায় বাইডেন হোয়াইট হাউসে তার মেয়াদকাল, নিজের স্বাস্থ্যগত লড়াই এবং নানা রাজনৈতিক জটিলতার কথা তুলে ধরেছেন।

দুই রূপের ডোনাল্ড ট্রাম্প

স্মৃতিকথার শুরুতে জো বাইডেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছেন। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা এবং ২০২০ সালের নির্বাচনের ফল অস্বীকার করার ঘটনায় ট্রাম্পকে দায়ী করে একে ‘যেকোনো প্রেসিডেন্টের দায়িত্বে অবহেলার অন্যতম নিকৃষ্ট উদাহরণ’ বলে উল্লেখ করেছেন তিনি।

তবে এর পাশাপাশি ট্রাম্পের অন্য একটি রূপও দেখেছেন বলে জানিয়েছেন বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যখন শপথ নেন, তখন হোয়াইট হাউসে তার জন্য একটি প্রশংসামূলক ও সৌহার্দ্যপূর্ণ চিঠি রেখে গিয়েছিলেন ট্রাম্প।

এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনের পর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠক বাইডেনকে বেশ অবাক করে দেয়।

বইয়ের বর্ণনামতে, সেই বৈঠকে ট্রাম্প তাকে বলেছিলেন, ‘শুনুন জো, যদি রাজনীতি না থাকত, আমি বিশ্বাস করি আমরা ভালো বন্ধু হতে পারতাম। রাজনীতি না থাকলে আমরা আমাদের পুরো সময় একসঙ্গে গলফ খেলে কাটিয়ে দিতাম।’

ট্রাম্পের এই আচরণে জো বাইডেন কিছুটা স্তম্ভিত হয়ে যান এবং তার মনে হতে থাকে, কথাগুলো যেন কোনো পুরনো বন্ধুর মুখ থেকে শুনছেন।

পুনঃনির্বাচনে দাঁড়ানো এবং সরে দাঁড়ানোর সিদ্ধান্ত

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে পুনরায় লড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বাইডেন বলেন, তখন কেউ এর প্রতিবাদ করেনি।

বয়স নিয়ে ওঠা সমালোচনার জবাবে বাইডেন লিখেছেন, ‘লোকেরা বলে আমি নিজের সঙ্গে প্রতারণা করছিলাম যে আমি এই বয়সে কাজটি করতে পারব। এর জবাবে আমার ভাষ্য হলো—আমি কেবল আমার দায়িত্ব পালন করছিলাম।’

তবে জুনের শেষভাগে ট্রাম্পের সঙ্গে সেই বিপর্যয়কর বিতর্কের কথা অকপটে স্বীকার করেছেন ৮৩ বছর বয়সি বাইডেন। তিনি জানান, বিতর্কের সময় তিনি খেই হারিয়ে ফেলেছিলেন এবং ‘আমরা অবশেষে বিগ ফার্মাকে হারিয়েছি’ এর বদলে ভুলবশত বলে ফেলেছিলেন ‘আমরা অবশেষে মেডিকেয়ারকে হারিয়েছি।’

এই বিতর্কের পরেই ডেমোক্রেটিক পার্টির মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বাইডেন জানান, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারের সঙ্গে তার ব্যক্তিগত বৈঠক হয়, যেখানে তারা তাকে প্রার্থীতা প্রত্যাহার করার অনুরোধ জানান।

ন্যান্সি পেলোসি বাইডেনকে সতর্ক করেছিলেন যে, সব জনমত জরিপ তার পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত তাই প্রবল চাপের মুখে পড়ে বাইডেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেন। তবে পরবর্তীতে একটি ইতালীয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের মাধ্যমে ন্যান্সি পেলোসির সঙ্গে তার সেই সম্পর্কের বরফও গলে যায়।

স্মৃতিকথায় বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে নিজের হতাশার কথাও প্রকাশ করেছেন।

বর্তমানে চতুর্থ ধাপের প্রস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কোভিডের বিরুদ্ধে তার প্রশাসনের লড়াই এবং আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেও সমর্থনের কথা উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতারা

চট্টগ্রামে রান্নার বিভিন্ন সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি দামের মধ্যে। হাঁড়ি-পাতিল, ফ্রাইপ্যান, রাইস কুকার ও প্রেশার কুকারসহ রান্নার কাজে ব্যবহৃত পণ্যের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বাড়াতে হচ্ছে। ফলে সংসারের খরচের চাপও বেড়ে যাচ্ছে।

মুরাদপুর, মির্জাপুর, মোহাম্মদপুর ও আশপাশের এলাকার দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল আকার ও মানভেদে প্রতি কেজি ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় পাতিল প্রতি কেজির দাম ৮০০-৮৫০ টাকা। অথচ বছরের শুরুতে ছোট আকারের হাঁড়ি-পাতিল প্রতি কেজি ৫০০-৫৫০ টাকায় বিক্রি হতো। দাম বেড়েছে ৩৬-৫০ শতাংশ পর্যন্ত। ফ্রাইপ্যান, রাইস কুকার ও প্রেশার কুকারের দামও আকার ও ব্র্যান্ডভেদে ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার কারণে ক্রেতারা আগের চেয়ে বেশি দরদাম করছেন। অনেকেই তুলনামূলক কম দামের পণ্য খুঁজছেন। তবে রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম হওয়ায় এসব পণ্য কেনা পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না।

রান্নার সরঞ্জাম কিনতে আসা গৃহিণী মনিরা জান্নাত জানান, "নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামই বাড়ছে। বাজারে গিয়ে আগে যে টাকায় সংসারের কেনাকাটা করতাম, এখন সেই টাকায় প্রয়োজনীয় সবকিছু কেনা যাচ্ছে না। এর মধ্যে হাঁড়ি-পাতিলসহ রান্নার কাজে ব্যবহৃত ছোট ছোট জিনিসেরও দাম বাড়ছে। এসব জিনিস তো প্রয়োজন হলেই কিনতে হয়; কিন্তু দাম বাড়ায় এখন হিসাব করে খরচ করতে হচ্ছে।"

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় রান্নাঘরের সরঞ্জাম উৎপাদন ও বাজারজাতকরণের খরচ বাড়ছে। উৎপাদন পর্যায়ের বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত খুচরা বাজারে পড়ছে। ভুঁইয়া ক্রোকারিজের স্বত্বাধিকারী খোরশেদ আলম জানান, "উৎপাদনকারীরা দফায় দফায় দাম বাড়াচ্ছেন। ফলে ক্রেতাদের কাছে বাড়তি দামের কারণ ব্যাখ্যা করা ছাড়া তাদের তেমন কিছু করার থাকছে না।"

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে অ্যালুমিনিয়াম অ্যালয় বা শংকর ধাতু এবং বাণিজ্যিক মানের অ্যালুমিনিয়াম শিট ও সার্কেল ব্যবহার করা হয়। কারখানায় প্রেস মেশিনের সাহায্যে এসব শিট বা গোলাকার পাতকে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। এছাড়া স্পিনিং পদ্ধতিতেও হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করা হয়। কাঁচামালের দাম ও উৎপাদন ব্যয়ের পরিবর্তন এসব পণ্যের বাজারদরে প্রভাব ফেলেছে।

অ্যালুমিনিয়ামের তৈজসপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স শহীদ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলমগীর কবির বলেন, "অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্রের দাম বাড়ার অন্যতম কারণ কাঁচামালের মূল্য বৃদ্ধি। পাশাপাশি কারখানায় কাজ করার মতো দক্ষ কারিগর পাওয়া যাচ্ছে না। এতে কখনো কখনো উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে পণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট

মাহফিজুল ইসলাম রবিনের অভিষেক টেস্টের প্রথম ইনিংসটি ছিল দুঃস্বপ্নের মতো। তরুণ ওপেনারটি নিজের অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হয়ে যান। কাগিসো রাবাদার করা বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রবিন।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা নিজেদের দাপট দেখাতে সক্ষম হয়। মাহফিজুল রবিনকে প্রথম বলে তুলে নেয়ার পর তৃতীয় ওভারে রাবাদা মুমিনুল হককেও আউট করেন। প্রোটিয়া পেসারের অফ স্টাম্পের সামান্য বাইরের বলটি ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন মুমিনুল।

দলীয় ২২ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও রাবাদার শিকার হন। রাবাদার ফুল লেন্থের সুইং করে ভেতরে ঢোকা বলটি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে

চীন আন্তর্জাতিক বাজারের জন্য ভিটি-৪ সিরিজের প্রধান যুদ্ধট্যাংকে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নয়ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবিতে ট্যাংকটির উন্নত সংস্করণ, সম্ভাব্য নাম ভিটি-৪বি দেখা যাচ্ছে। এই সংস্করণে উন্নত বর্ম, সক্রিয় সুরক্ষাব্যবস্থা, আধুনিক সেন্সর এবং ড্রোন মোকাবিলায় বাড়তি অগ্নিশক্তি সংযোজন করা হয়েছে।

ঝুহাই বিমানবন্দরে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ট্যাংকটি পৌঁছানোর ছবি প্রকাশিত হয়েছে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর দেশটির প্রধান প্রতিরক্ষা ও বিমান প্রদর্শনী ‘এয়ারশো চায়না’তে অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে এটি প্রদর্শন করা হতে পারে। দ্বিবার্ষিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক নাম ১৬তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন।

নতুন সংস্করণটি আগের ভিটি-৪এ মডেলের তুলনায় বেশ কিছু ক্ষেত্রে উন্নত হয়েছে। এতে চীনের পরবর্তী প্রজন্মের সাঁজোয়া যান, বিশেষ করে চতুর্থ প্রজন্মের টাইপ-১০০ ট্যাংক পরিবার এবং উন্নত টাইপ-৯৯বি ট্যাংকে ব্যবহৃত প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। তবে সামগ্রিক নকশা ও কাঠামোর দিক থেকে ভিটি-৪বি এখনো তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধট্যাংকের বৈশিষ্ট্য ধরে রেখেছে।

বর্ম ও অস্ত্রব্যবস্থায় বড় পরিবর্তন

নতুন ট্যাংকটির অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন এর বর্মে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার থেকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্যাংকটির সামনের অংশ ও দুই পাশে আগের তুলনায় মোটা বিস্ফোরক প্রতিক্রিয়াশীল বর্ম (ইআরএ) যুক্ত করা হয়েছে। এই বর্ম সামনের নিচের অংশ এবং চলাচলের চাকার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত।

অস্ত্রব্যবস্থায়ও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রচলিত ১২ দশমিক ৭ মিলিমিটার মেশিনগানের পরিবর্তে ট্যাংকটির ছাদে বসানো হয়েছে দূরনিয়ন্ত্রিত ৩০ মিলিমিটার কামান। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে লয়টারিং মিউনিশন ও এফপিভি ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের অস্ত্র সংযোজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই কামান ড্রোনের পাশাপাশি পদাতিক সেনা এবং ট্যাংকবিধ্বংসী অস্ত্রধারী দলের বিরুদ্ধেও বাড়তি অগ্নিশক্তি সরবরাহ করতে পারে।

ভিটি-৪বিতে পূর্ণাঙ্গ সক্রিয় সুরক্ষাব্যবস্থা (অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম) যুক্ত করা হয়েছে বলেও ছবিতে ইঙ্গিত পাওয়া যায়। এটি সম্ভবত চীনের জিএল-৬ ব্যবস্থা। দেশটির সাম্প্রতিক প্রধান যুদ্ধট্যাংকগুলোতেও এ প্রযুক্তি দেখা গেছে।

এই ব্যবস্থায় ট্যাংকের টারেটের চারপাশে চারটি ফেজড-অ্যারে রাডার প্যানেল রয়েছে, যা চারদিক থেকে আসা হুমকি শনাক্ত করতে পারে। পাশাপাশি টারেটের পেছনের দিকে বসানো হয়েছে দুটি ইন্টারসেপ্টর লঞ্চার। এগুলোর কাজ হলো ট্যাংকের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র বা অন্য হুমকি মাঝপথে প্রতিহত করা।

ট্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ ও লক্ষ্য শনাক্ত করার সক্ষমতাও বাড়ানো হয়েছে। কমান্ডারের প্রচলিত দর্শনযন্ত্রের জায়গায় বসানো হয়েছে আলাদাভাবে স্থাপন করা বড় ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড (ইও/আইআর) সেন্সর। চীনের উন্নত ট্যাংকগুলোতে ব্যবহৃত একই ধরনের সেন্সরব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করা এবং ছবি বিশ্লেষণের প্রযুক্তি রয়েছে।

যোগাযোগব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। আগের অ্যান্টেনার বদলে মোটা ও দণ্ডাকৃতির অ্যান্টেনা বসানো হয়েছে। এগুলো উচ্চগতির তথ্য আদান-প্রদানে সহায়তা করতে পারে। ফলে ট্যাংকটির সঙ্গে অন্য সামরিক যান ও ইউনিটের যোগাযোগ এবং যুদ্ধক্ষেত্রে সমন্বয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

ছবিতে দূরনিয়ন্ত্রিত অস্ত্রব্যবস্থার এক পাশে ছোট একটি রেডিও-ফ্রিকোয়েন্সি অ্যারেও দেখা গেছে। তবে এর সুনির্দিষ্ট কাজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এটি আলাদা অগ্নিনিয়ন্ত্রণ রাডার হতে পারে। আবার এটি উচ্চক্ষমতার ক্ষুদ্র মাইক্রোওয়েভ বিকিরণযন্ত্রও হতে পারে, যা ট্যাংকের দিকে আসা ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা অকার্যকর করতে সক্ষম। সে ক্ষেত্রে প্রচলিত ইন্টারসেপ্টর ব্যবস্থার পাশাপাশি ড্রোন প্রতিরোধে আরেকটি প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত হবে।

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভিটি-৪ সিরিজ দেশটির সবচেয়ে সফল রপ্তানিমুখী প্রধান যুদ্ধট্যাংক পরিবার। পাকিস্তান, থাইল্যান্ড ও নাইজেরিয়ার সেনাবাহিনীতে এই সিরিজের ট্যাংক ব্যবহার করা হচ্ছে। নতুন সংস্করণটির উন্নয়ন ও প্রদর্শন আন্তর্জাতিক অস্ত্রবাজারে চীনের সাঁজোয়া যান রপ্তানির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ভিটি-৪বির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত মূল্যায়নের জন্য আনুষ্ঠানিক তথ্য এবং প্রদর্শনীর অপেক্ষা করতে হবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%