ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা


হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সামরিক বাহিনী তথ্য প্রকাশ করেছে যে, তারা হুথিদের অধীনে থাকা একটি অস্ত্র গুদামের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করেছে।

এই হামলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় সংঘটিত হয়েছে। তবে, হুথিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য অর্জনের পরও, সৌদি আরবের সমর্থনে গঠিত সরকারি বাহিনী ইয়েমেন এবং সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা প্রতিরোধে সক্ষম হয়নি।

আরও পড়ুন: মালয়েশিয়ার রাজনীতিতে পাকাতান হারাপান চাপে, বাড়ছে মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের সংঘাতে হতাহতের সংখ্যা ১১ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আব্দুস ছালাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আব্দুস ছালাম নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুস ছালাম (৫৩) নামের এক পথচারী। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল উত্তরপাড়া এলাকায় তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সরিষাবাড়ী উপজেলার স্থল উত্তরপাড়া গ্রামের মৃত নজর আলী মণ্ডলের ছেলে ছিলেন। এই ঘটনায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক সুজন (১৬), মোটরসাইকেল আরোহী সিয়াম (১৫) এবং কাউসার মিয়া (১৫) রয়েছেন। তারা সবাই আওনা ইউনিয়নের আওনা চরের গঞ্চিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আব্দুস সালাম স্থানীয় জগনাথগঞ্জ ঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যমুনা কোচিং সেন্টার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় আব্দুস ছালামসহ মোটরসাইকেলের চালক এবং দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তারাকান্দি যমুনা সারকারখানা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রবিবার দিবাগত রাত ২টার দিকে আব্দুস ছালাম মারা যান।

সরিষাবাড়ী থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

সিংগাইরে অবস্থিত ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা আরোপ করেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বায়রা ও বলধারা ইউনিয়নে মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় সিংগাইর থানার এসআই মো. রেজাউল করিম-২ এবং তার সঙ্গীয় ফোর্স সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আইনি ত্রুটিতে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আইনি ত্রুটিতে মুক্তি

বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশ দিল্লির একজন যুবককে গ্রেপ্তার করে। তবে, গ্রেপ্তারের পর তাকে দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে আসার সময় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। এই কারণে, বিষয়টি আদালতে গড়ালে বিচারক পুলিশের আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন।

সম্প্রতি সোনাক্ষী মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিনেত্রীর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত নগ্ন ছবি তৈরি করছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। একপর্যায়ে আরিয়ান দীপক জৈন নামের যুবককে শনাক্ত করা হয়।

শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের একটি দল। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে গিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে কোন ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে আদালত পুলিশের সেই আবেদন নাকচ করে দেন।

অভিযুক্তের আইনজীবীরা আদালতে দাবি করেন, গ্রেপ্তারের সময় পুলিশ বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। গ্রেপ্তারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশও দেওয়া হয়নি। এমনকি, দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে আসার আগে অভিযুক্তকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি।

আইনজীবীদের আরো অভিযোগ, অভিযোগকারী একজন পরিচিত অভিনেত্রী হওয়ায় পুলিশ তাড়াহুড়ো করে এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করে বলেন, যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, সেগুলোর সঙ্গে অভিযোগের যথাযথ সম্পর্ক নেই।

সব পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট জানান, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ের আদালতে হাজির করা হয়েছে। অথচ এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দিল্লির নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির না করার পেছনে পুলিশ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

আদালত আরো পর্যবেক্ষণ করেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে তদন্তের স্বার্থে কাউকে গ্রেপ্তার বা আটক করার ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত অভিযুক্তের গ্রেপ্তারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে এবং তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কলেজিয়েট স্কুলে ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


রাজশাহী কলেজিয়েট স্কুলে ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাজশাহী কলেজিয়েট স্কুল ২০২৮ সালে ২০০ বছরে পা দেবে। এই দীর্ঘ পথচলায় বিদ্যালয়টির শ্রেণিকক্ষ পেরিয়ে গেছেন ইতিহাসবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, চলচ্চিত্রকার, সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও সংস্কৃতি অঙ্গনের বহু কৃতী ব্যক্তি।

১৮২৮ সালে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই শতকের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। তবে, বর্তমান বাস্তবতার সঙ্গে সেই গৌরবের মিল নেই। সরকারি এই বিদ্যালয়ে প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য এখনো কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল বোর্ড নেই। পুরোনো ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, কোথাও ভাঙা জানালা দেখা যাচ্ছে। শৌচাগারের দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে। স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী বা লাইব্রেরিয়ান নেই। বর্ষাকালে পানি জমে খেলার মাঠ অনুপযোগী হয়ে পড়ে।

দুই শতকের ইতিহাস

ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৮২৮ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে রাজশাহীতে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ প্রতিষ্ঠা করা হয়। ১৮৩৬ সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে। সেই সময় ৭৮ জন হিন্দু, দুজন মুসলমান ও তিনজন খ্রিষ্টানসহ মোট ৮৩ জন শিক্ষার্থী নিয়ে এর আনুষ্ঠানিক সরকারি যাত্রা শুরু হয়।

১৮৭৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাজশাহী কলেজিয়েট স্কুল রাখা হয়। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ; তিন রাষ্ট্রীয় পর্বের সাক্ষী এই প্রতিষ্ঠান। প্রায় দুই শতকের পথচলায় স্কুলটি শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাজশাহীর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

১৯৩৬ সালে শতবর্ষ এবং ১৯৮৬ সালে ১৫০ বছর পূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ০.৯৭ একর জমির ওপর কয়েকটি ভবনে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। ২০০৮ সালে একাদশ শ্রেণি চালু হয় এবং ২০১০ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

যারা এই স্কুলের শিক্ষার্থী ছিলেন

ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ও অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, সংগীতশিল্পী জেমস, কথাসাহিত্যিক প্রমথনাথ বিশী, স্থপতি মাজহারুল ইসলাম, ভাস্কর মৃণাল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি বীর উত্তম এ. কে. খন্দকার, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান থেকে বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ দেশ-বিদেশে পরিচিত এমন অসংখ্য ব্যক্তিত্ব এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রয়েছে রবীন্দ্রনাথ-নজরুলের স্মৃতি

রাজশাহী কলেজিয়েট স্কুলের ইতিহাস কেবল তার ছাত্রদের কৃতিত্বে সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের রাজশাহী সফরের স্মৃতিও প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে রয়েছে।

১৮৯২ সালে রাজশাহীতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাক্তন শিক্ষার্থী অক্ষয় কুমার মৈত্রেয় ও শরৎকুমার রায়ের সঙ্গে সাহিত্যসভায় অংশ নেন। রাজশাহী অ্যাসোসিয়েশনের সভায় ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।

১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম রাজশাহীতে এলে কলেজিয়েট স্কুলের ফুলার হোস্টেলের শিক্ষার্থীরা তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে কবি বক্তব্য দেন এবং ‘চল চল চল’ গানটি পরিবেশন করেন।

১৯৩৮ সালে স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন শেরেবাংলা এ. কে. ফজলুল হক। ছাত্রদের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি দুজন শিক্ষার্থীকে সোনার মেডেল উপহার দেন।

আন্দোলন-সংগ্রামেরও সাক্ষী

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম, সব পর্যায়েই কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের ইতিহাস রয়েছে। ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর স্বরাজ আন্দোলনের আহ্বানে স্কুলের শিক্ষার্থীরা পিকেটিং করে। বিলাতি কাপড় বর্জন ও তা পুড়িয়ে ফেলার কর্মসূচিতেও অংশ নেয় তারা। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজশাহী সফরের পর আজাদ হিন্দ ফৌজের আন্দোলনেও স্কুলের শিক্ষার্থীদের অনেকে যুক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় রাজশাহীতে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল, তার সঙ্গে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততার কথা ইতিহাসে রয়েছে। শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, নাজমুল হক ও মহিউদ্দিন আহমেদ এতে সক্রিয় ছিলেন বলে প্রতিষ্ঠানটির ইতিহাসে উল্লেখ করা হয়েছে।

গৌরবের পাশে জরাজীর্ণ বাস্তবতা

বর্তমানে বিদ্যালয়ের পুরোনো ভবনগুলোর বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও জানালার কাচ ভাঙা। এসব ভবনেই প্রতিদিন পাঠদান চলছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, শুধু ভবন সংস্কার নয়, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জানান, ব্রিটিশ আমলের একটি ভবন একসময় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন ছিল। লম্বা গোলাকার স্তম্ভ, উঁচু ছাদ ও প্রশস্ত গ্যালারি ছিল ভবনটির বৈশিষ্ট্য। কিন্তু ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে সেটি ভেঙে ফেলা হয়। অথচ ওই ভবনের একটি শ্রেণিকক্ষ থেকেই রাজশাহী কলেজের শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল।

এদিকে বিদ্যালয়ে এখনো ডিজিটাল বোর্ড না থাকায় প্রচলিত বোর্ডেই পাঠদান চলছে। কম্পিউটার ল্যাব থাকলেও প্রয়োজনের তুলনায় আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। আগে ১৭টি কম্পিউটার থাকলেও বর্তমানে ১৪টি সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। ল্যাবের ব্যবহার নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

লাইব্রেরিয়ানসহ নেই পরিচ্ছন্নতাকর্মী

এছাড়া এত বড় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী না থাকায় পরিচ্ছন্নতা ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, শৌচাগারে নিয়মিত দুর্গন্ধ থাকে এবং কয়েকটি পানির ট্যাপ নষ্ট।

বিদ্যালয়ের শিক্ষক শহিদুল্লাহ বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও এখানে কোনো সরকারি পরিচ্ছন্নতাকর্মী নেই। বিভিন্ন বেসরকারি তহবিলের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ চালাতে হয়, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

অন্যদিকে বিদ্যালয়ে লাইব্রেরি থাকলেও লাইব্রেরিয়ানের পদ শূন্য। ফলে বিপুলসংখ্যক বই থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিটি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। এ ছাড়া অফিস সহকারী ও অফিস সহায়কসহ কয়েকটি পদও শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে শিক্ষকদেরই দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলার পরিবেশও নেই

বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ থাকলেও বর্ষাকালে সেখানে পানি জমে যায়। কাদা ও আবর্জনায় মাঠ অনুপযোগী হয়ে পড়ে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, মাঠ কিছুটা উঁচু করে ঢালু করা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা গেলে খেলাধুলার পরিবেশের উন্নতি হবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাইরুল ইসলাম জানান, সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ভবন সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অবকাঠামো, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী কলেজিয়েট স্কুল অসংখ্য গুণী মানুষ তৈরি করেছে। প্রতিবছর বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ স্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে। ২০০ বছরে পদার্পণ করতে যাওয়া প্রতিষ্ঠানটি দীর্ঘ ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%