ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ


ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ৫৭টি দেশ এবং আরও ১১টি দেশের কাছ থেকে অংশগ্রহণের জন্য মনোনয়ন আহ্বান করেছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

পাকিস্তান ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেবার ৪০টির বেশি ওআইসি সদস্য দেশের ক্বারিরা এতে অংশগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্পকে প্রসারিত করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের উদ্দেশ্য।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ইসলামাবাদে প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওআইসির ৫৭টি সদস্যদেশের পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপ—এই ১১টি দেশের ক্বারিদের মনোনয়ন পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পাক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশের ক্বারিদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।

প্রতিযোগিতা আয়োজনের জন্য ভ্রমণ, প্রশাসনিক এবং অন্যান্য আনুষঙ্গিক সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কুরআনিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অ্যাকাডেমিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অভিন্ন মূল্যবোধকে সমুন্নত রাখবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন

ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইরাক সীমান্তসংলগ্ন ইলাম প্রদেশের দেহলোরান ও আবদানান এলাকার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রোববার (১৫ নভেম্বর) সকালে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ বিষয়ে তথ্য প্রকাশ করে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে দেহলোরান এলাকার এনজিএল গ্যাস পরিশোধনাগার প্রকল্পের কর্মীরা ছিলেন। বাসটি দাশতে আব্বাস এলাকা থেকে আবদানান জেলার মুরমুরি শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।

ইলাম প্রদেশের আবদানান জেলার গভর্নর বেহজাদ নূর মোহাম্মদি জানিয়েছেন, বাসটিতে চালকসহ মোট ২৮ জন ছিলেন। আহত ১৬ জনের মধ্যে ১০ জনকে দেজফুলের একটি হাসপাতালে, পাঁচজনকে আবদানানের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে এবং একজনকে ইলাম প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা খতিয়ে দেখছে। যদি দুর্ঘটনায় কারও অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় বিচার বিভাগীয় কর্মকর্তারা।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় ইলাম প্রদেশে এক দিনের এবং আবদানান জেলায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার তৎপরতা এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

সূত্র: ইরনা, আনাদোলু, রুদাও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় ঘটে যাওয়া প্রাণঘাতী বন্দুক হামলার জন্য তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। গত মাসে গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানদের গির্জায় এই হামলায় ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন।

গত ২৩ অক্টোবর, জর্ডানের কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে দুজন ভাই এবং একজন তাদের আত্মীয়। হামলার তিন দিন পর তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার, জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে ওই তিন অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

আদালত তাদের বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত বলে রায় প্রদান করে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে এই হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিষ্টান।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও অপরিহার্য : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


শক্তিশালী সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও অপরিহার্য : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আইনপ্রণেতাদের অন্যতম প্রধান কর্তব্য হলো সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার উল্লেখ করেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদই প্রকৃত গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বর্তমানে ব্যাপকভাবে বেড়েছে, এবং প্রকল্পগুলো বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে, একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে সরকারি সম্পদের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে সংসদ-সদস্যদের অর্জিত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান জাতীয় সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। তাই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশের সাধারণ জনগণ আজ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। পাশাপাশি, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, সেজন্য তিনি সংস্থাটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। এ ছাড়াও উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাতীয় সংসদের অন্যান্য হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, ইউএনডিপির উচ্চপদস্থ প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার প্রশ্ন নেই: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার প্রশ্ন নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে সরকার পিছিয়ে যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, বিগত অনির্বাচিত সরকারের সময় আইএমএফের সঙ্গে গৃহীত কর্মসূচির কিছু শর্ত বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা ও সময়ের প্রয়োজন রয়েছে। সরকার জনগণ, ব্যবসায়ী এবং অর্থনীতির স্বার্থ বিবেচনা করে এসব সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন করতে চায়।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা পিছিয়ে যাচ্ছি, বিষয়টি এমন নয়। বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের সঙ্গে যে কর্মসূচি করা হয়েছিল, সেখানে অনেক বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক কিছু করা সম্ভব, কিন্তু এর জন্য সঠিক সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, রাতারাতি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনির্বাচিত সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির বিষয়টি থাকে না, কিন্তু নির্বাচিত সরকারকে জনগণের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, যা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারের পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের সমন্বয় করা জরুরি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীকে সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা সমাধানে কাজ চলছে। এ জন্য দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আশা করা হচ্ছে জানুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হবে।

আমির খসরু বলেন, “আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। আমরা চাই, আমাদের কর্মসূচির সঙ্গে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ উন্নয়ন সহযোগীদের পরিকল্পনার সমন্বয় হোক। সমন্বয় না থাকলে কর্মসূচি বাস্তবায়ন করব কীভাবে?”

কক্সবাজার ও মহেশখালীকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মহেশখালীতে এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মহেশখালীতে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড দেখা যাবে।

কক্সবাজারকে শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও গড়ে তোলার চিন্তা করছে সরকার। অর্থমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পের পাশাপাশি এ অঞ্চলে নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে। মহেশখালীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক পরিবর্তন আনা হবে, তা কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও যুক্ত থাকবে। কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে。

দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন, যা অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%