প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ৫৭টি দেশ এবং আরও ১১টি দেশের কাছ থেকে অংশগ্রহণের জন্য মনোনয়ন আহ্বান করেছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
পাকিস্তান ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেবার ৪০টির বেশি ওআইসি সদস্য দেশের ক্বারিরা এতে অংশগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্পকে প্রসারিত করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের উদ্দেশ্য।
পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ইসলামাবাদে প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওআইসির ৫৭টি সদস্যদেশের পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপ—এই ১১টি দেশের ক্বারিদের মনোনয়ন পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
পাক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশের ক্বারিদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।
প্রতিযোগিতা আয়োজনের জন্য ভ্রমণ, প্রশাসনিক এবং অন্যান্য আনুষঙ্গিক সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কুরআনিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অ্যাকাডেমিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অভিন্ন মূল্যবোধকে সমুন্নত রাখবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন