০৩:৩১ পি.এম
তিনি ছিলেন ম্যাচের নায়ক। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রেখেছিলেন। কিন্তু সেই মেহেদী হাসান শ্রাবণ শেষ পর্যন্ত খলনায়কে পরিণত হলেন। গতকাল সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।
এখন তিনি নিরবতা ভাঙলেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে সব দায় নিজের কাঁধে তুলে নিলেন। এরপর শ্রাবণ জাতির কাছে ক্ষমা চাইলেন।
৮৫ মিনিট পর্যন্ত তিনি অন্তত ৩টি সেভ করেছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলো বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, হয়তো অতিরিক্ত সময়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে।
আরও পড়ুন: রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট
কিন্তু এক মুহূর্তের ভুলে সবকিছু বদলে গেল। তার একটি লং থ্রো প্রতিপক্ষের পায়ে গিয়ে পড়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। ফলে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায় এবং ফাইনালে উঠে পাকিস্তান।
ম্যাচের পর হামজা চৌধুরী এককভাবে কাউকে দোষ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয়, ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা শুধু একটি সুযোগ তৈরি করেছে, আমরা দুটি দারুণ সুযোগ... এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল দিয়েছে।”
শমিত সোমও একই সুরে কথা বলেছেন। তার ভাষ্য, “কারো একার দোষ দিতে পারি না আমরা। একজন যদি ভুল করে, আরেকজন তা পুষিয়ে দেবে, এই তো নিয়ম!”
তবে এই দুই তারকার এমন বক্তব্যও শ্রাবণের দিকে আসা সমালোচনার তির কমাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তোপের মুখে পড়েছেন।
আরও পড়ুন: ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন
এখন শ্রাবণ নিজেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফাইন ফেসবুক পেজে তিনি লিখেছেন, “গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি।”
তিনি আরও লেখেন, “একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
পোস্টের শেষে তিনি লেখেন, “আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।”
আরও পড়ুন: জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন