মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:১৯ পি.এম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রমাণের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে চিহ্নিত করেছেন।
শান্ত তাঁর অভিমত প্রকাশ করেছেন বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত একটি ভিডিওতে।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমি বহু বছর ধরে বিপিএল খেলছি। যখনই শুনি বিপিএল শুরু হবে তখন প্রতি বছরই অন্যরকম উত্তেজনা কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি একটি বিশাল মঞ্চ। এখানে ভালো পারফরমেন্স করতে পারলে আমাদের ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বেশি ভালো হবে।’
শান্তের মতে, বিপিএল শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্র নয়। তিনি মনে করেন, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের সুযোগ তৈরি করতে এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল একটি বড় টুর্নামেন্ট। প্রতি বছরই বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই আমাদের জন্য বিপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ মঞ্চ।’
শান্ত বিশ্বাস করেন যে, বিপিএলের মত বড় টুর্নামেন্টে ভালো পারফরমেন্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ হঠাৎ করেই জাতীয় সেপাক টাকরো স্টেডিয়ামে উপস্থিত হন সেপাক টাকরো খেলার ফাইনাল দেখতে।
পরিদর্শনের সময় তিনি খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জানান, "যদি খেলোয়াড়রা এই খেলায় ধারাবাহিক নৈপুণ্য ও ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তবে আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টসে' সেপাক টাকরোকে অন্তর্ভুক্ত করা হবে।"
তিনি খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাসও দেন এবং দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত ড্রেসিং রুমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রীর আকস্মিক আগমন ও ইতিবাচক আশ্বাসে তরুণ খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরুষ বিভাগের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ২-০ সেটে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নারী বিভাগের খেলায় গ্রুপ লীগ পয়েন্টের ফলাফলের ভিত্তিতে রাঙামাটি জেলা দল সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং নীলফামারী জেলা দল ৪ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, দীর্ঘ আট বছরের প্রেমের পর। বিয়ের পর থেকেই তিনি স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের নানা সুন্দর মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।
অভিনয়ের পাশাপাশি, ব্যক্তিজীবনের কাজ নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন।
এই সিনেমাটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। যদিও প্রযোজনা কিংবা পরিচালনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে, অভিনেত্রী মিম নিজেই শুটিং শেষ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমকে প্রশ্ন করা হয়, জীবনে সবচেয়ে প্রিয় মানুষ কে? অভিনেত্রী তার সেই বিশেষ মানুষটির কথা জানিয়েছেন, যিনি তার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় এবং জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী।
বিশেষ এ মানুষটিকে ঘিরে তার ভালোবাসার প্রকাশ মাঝেমধ্যে দেখা যায় সামাজিক মাধ্যমের পোস্টের মাধ্যমে। মিমের সেই প্রিয় মানুষ আর কেউ নন, তিনি হচ্ছেন তার স্বামী ও ব্যাংকার সনি পোদ্দার। আজ সনি পোদ্দারের জন্মদিনে, বিশেষ এ দিনটিতে স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম।
অভিনয়ের ব্যস্ততার বাইরে, ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে ভ্রমণ, অবসর কিংবা কাছের মানুষের সঙ্গে কাটানো সময়ের ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে। এবারও তেমনই এক বিশেষ দিনে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম।
সামাজিক মাধ্যমে পোস্টে, অভিনেত্রী মিম লিখেছেন— ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই.’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে,‘মাদককে না বলুন, জীবঁনকে হ্যাঁ বলুন, মাদক নয়-জীবন চাই, মাদক ছেড়ে-স্বপ্ন দেখো, মাদক মুক্ত সমাজ গড়ি একসাথে’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ‘মাদক প্রতিরোধে গঠিত পিরোজপুর জেলা কমিটির সাথে’এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক ইউএনও মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইব্রাহীম মোল্লা, মাদক প্রতিরোধে গঠিত পিরোজপুর জেলা কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো.মুনিরুজ্জামান নাসিম আলি, সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম শেখ, যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, সুশীল সমাজের প্রতিনিধি সিকদার জাকির হোসেন বাচ্চু, অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. হাবিুবর রহমান, প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, প্রতিদিনের বাংলাদেশ মো. তরিকুল ইসলাম শামীম, বরিশাল বার্তার মো. আল আমীন আহম্মেদ, রেড ক্রিসেন্ট সদস্য সজিব হাওলাদার শাওন, বিডি ক্লিন সদস্য মো. মেহেদী হাসান প্রমূখ।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ন্ত্রণে আনতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো বেশি আন্তরিক হয়ে উপজেলা প্রশাসনের সাথে এক হয়ে কাজের গতি বাড়ানো, থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা,পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সকলের অংশ গ্রহনে সামাজিক আন্দোলন বাড়ানোর আহবান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিলের প্রস্তুতির সময় পুলিশ ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, যাদের সংগঠন কার্যক্রম নিষিদ্ধ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন আলভি (২৫), ফয়সাল (২৯), অপুর্ব (৩৫), রাতুল (১৮), সুমন (৩৮), লালন (৩৮), সৈকত (৩২), সিয়াম (২৯), মামুন (১৯) ও অহিদুল ইসলাম (২৪)। তারা সকলেই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা মাওয়া ঘাট এলাকায় খাওয়া-দাওয়া শেষে ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ