০৬:০৪ পি.এম
দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট এই চ্যালেঞ্জগুলোর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। সরকারের জন্য গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
এ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা রয়েছে। সমাধান ছয় মাস কিংবা এক বছরে হবে না, অবশ্যই ন্যূনতম দুই বছর লাগবে।
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, এই দুই বছর সাবধান থাকা লাগবে। গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে এই সময় লাগার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতে দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন। এর আগে এই সমস্যার কোন সমাধান হবে না।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বিষয়ে এই সেমিনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। সভায় নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।
অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। তবে, সম্ভাব্য পদক্ষেপগুলো দ্রুত নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
তিনি বলেন, দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি, এখন সেটা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ চলছে। কোন ধরনের জ্বালানি কত পরিমাণ লাগবে, তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে, এতে জনগণ জানতে পারবে কী ব্যবস্থা নিতে হবে। আগামী দুই বছর আমাদের সাবধান থাকতে হবে।
সরকারের রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়ন ও নীতি বিভাগ আলাদা করা হবে। আমরা রাজস্ব আদায়ের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছি। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর আরোপ করা হবে। সেটার জন্য তথ্যভান্ডার তৈরি হচ্ছে।
এ সময় শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার নিয়ে সতর্ক সংকেত পাচ্ছিলাম। এরপর সেখানে পরিবর্তন আনা হয়েছে। আমাদের আরও বেশি টালিকাভুক্ত কোম্পানির প্রয়োজন।
এরপর ব্যাংক খাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক খাতে মারাত্মক মূলধনের ঘাটতি রয়েছে। এটা এত বেশি যে সরকারের পক্ষে পূরণ করার মতো নয়। খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। তাই অর্থায়নের বিকল্প উৎস প্রয়োজন।
আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। সভাপতির বক্তব্যে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, শুধু চ্যালেঞ্জ চিহ্নিত করা নয়, আমরা সমাধানের অংশ হতে চাই। তাই ব্যবসায়ীদের আত্মবিশ্বাস তৈরিতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এমন আরও আয়োজন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন