ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ধান কাটার তাগিদ


বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ধান কাটার তাগিদ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আগামী কয়েক দিনের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। সম্ভাব্য এই আবহাওয়া ব্যবস্থার কারণে সাগর উত্তাল হওয়া এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাসে বঙ্গোপসাগরের লঘুচাপটি ক্রমশ শক্তিশালী হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে এটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর গতিপথ, শক্তি ও উপকূলে আঘাতের সময় সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আরও পড়ুন: জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে দাবি করেছেন জুনাইদ আহমেদ পলক

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি ২৪ অক্টোবরের মধ্যে নিম্নচাপে, ২৫ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া ব্যবস্থাটির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত কোথায় এবং কী মাত্রায় এর প্রভাব পড়বে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সরাসরি আঘাতের আশঙ্কা এখনো নিশ্চিত নয়। তবে এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে বিডব্লিউওটির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির ধারণা, ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাসের ওপর নজর রাখা জরুরি।

সাগরে আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ, সাগরে যাওয়ার আগে পরিস্থিতি যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে বাতাসের গতি ও ঢেউ বাড়লে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার প্রস্তুতি রাখতে হবে।

সম্ভাব্য বৃষ্টিপাতকে কেন্দ্র করে কৃষি খাতেও সতর্কতা জারি করেছে বিডব্লিউওটি। যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো আগামী ২৬ অক্টোবরের মধ্যে কেটে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, পাকা ধান দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে থাকলে শিষে অঙ্কুরোদ্গম, দানার গুণগত মান নষ্ট হওয়া এবং গাছ মাটিতে পড়ে যাওয়ার মতো ক্ষতি হতে পারে। এতে কৃষকের উৎপাদন ও আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়বে।

আরও পড়ুন: ২১৭ বোতল মদসহ ধরা খেয়ে ছাত্রনেতা উদয় পদ হারালেন

শীতকালীন সবজি চাষ ও বীজতলা তৈরির ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে বীজতলা তৈরি বা সবজি রোপণের আগে বৃষ্টির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। যেসব জমিতে ইতোমধ্যে রবি ফসল বা সবজি রয়েছে, সেসব জমিতে পানি জমতে না দেওয়ার জন্য নালা পরিষ্কার রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া বীজ, সার ও কাঁচা ফসল বৃষ্টির পানি থেকে রক্ষায় নিরাপদ স্থানে সংরক্ষণ এবং প্রয়োজন হলে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাকা ধান ও অন্যান্য ফসল কাটার পর দ্রুত পরিবহনের ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কমানো যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির শিক্ষকপুত্র অপ্রতিম হত্যায় ৩১ দিনের মধ্যে চার্জশিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


কুবির শিক্ষকপুত্র অপ্রতিম হত্যায় ৩১ দিনের মধ্যে চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান এবং স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার পেছনে আইফোন ছিনিয়ে নেওয়ার লোভ ছিল। এই হত্যাকাণ্ড, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, ঘটনার ৩১ দিনের মধ্যে পুলিশ মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা এই চার্জশিটে চারজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় এবং অপর অভিযুক্ত সিয়াম পুরো ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। বর্তমানে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। দুইজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী তাদের গাজীপুর শিশু শোধনাগারে রাখা হয়েছে। ইতোমধ্যে সিয়াম ছাড়া বাকি তিনজন আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোনটি নিয়ে ছবি তোলার কথা বলে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির ছাত্র অপ্রতিম। এরপর মূল পরিকল্পনাকারী তুহিন কৌশলে অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার একটি নির্জন বনে নিয়ে যায়। সেখানে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় সজোরে আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইফোনটি নিয়ে খুনিরা পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে আটক করা হয় এবং তার বাসা থেকেই অপ্রতিমের ফোনটি উদ্ধার করা হয়।

তদন্তের দ্রুত সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করলেও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপ্রতিমের পরিবার। নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, "পুলিশ দ্রুত চার্জশিট দেওয়ায় আমরা আশাবাদী। এখন আমাদের একমাত্র চাওয়া বিচার প্রক্রিয়া যেন দ্রুত শেষ হয় এবং আসামিরা যেন বয়সের ফারাকে আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। আমার একমাত্র সন্তানকে যারা এভাবে কেড়ে নিয়েছে, আদালত যেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের সম্মান দিতে পাপারাজ্জিদের সতর্ক করলেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


নারীদের সম্মান দিতে পাপারাজ্জিদের সতর্ক করলেন সালমান খান

বলিউডের ‘ভাইজান’ অভিনেতা সালমান খান, বিগ বসের মঞ্চ থেকে পাপারাজ্জিদের উদ্দেশ্যে অশ্লীল অ্য়াঙ্গেল থেকে নায়িকাদের কুরুচিকর ছবি ও ভিডিও তোলা নিয়ে কিছুদিন আগে একটি সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি সেদিন তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা প্রদান করেছিলেন।

সম্প্রতি মুম্বাইয়ে ‘আইফা ২০২৭’ সালের প্রচার উপলক্ষ্যে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে কারিনা কাপুরের সঙ্গে স্টাইলিশ লুকে উপস্থিত হন সালমান। ওই অনুষ্ঠানে ছবি তোলার উজ্জ্বল পরিবেশের মধ্যে, তিনি আবারও পাপারাজ্জিদের উদ্দেশ্যে তার পূর্বের সতর্কবার্তা স্মরণ করিয়ে দেন।

পাপারাজ্জিদের কাছে তারকাদের ছবি তোলার অশালীন অভ্যাসের কঠোর সমালোচনা করে সালমান বলেন, ‘পেছনের দিকের কথা, কিন্তু মনে রেখো— তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’

তিনি আরও বলেন, যেসব অভিনেত্রী পেছনের দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যারা আপত্তি জানান না— উভয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা ফটো সাংবাদিকদের থাকা উচিত।

গত সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে, ভাইজান নারীদের কুরুচিকর ছবি তোলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেসময় সালমান খান বলেছিলেন— পেছন থেকে যেসব ছবি নেওয়া হয়, তা কোনো নায়িকা পছন্দ করেন না। ৯০ শতাংশ মেয়ে এবং যারা এখন মা হয়েছেন, তারা কেউই এটা চান না। তিনি মন্তব্য করেন যে, যেসব নারীরা এটা পছন্দ করেন না, তাদের উচিত পেছন ফিরে এমন পাপারাজ্জিদের সপাটে চড় মারা! তিনি তাদের বলার পরামর্শ দেন— নিজেদের মা-বোনের ছবি এভাবে তুলে দেখাতে। এটি একটি জঘন্য মানসিকতা!

অভিনেতা এ ধরনের কুরুচিকর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও প্রদান করেছিলেন।

উল্লেখ্য, আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর অনুষ্ঠিত হবে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ‘ইতিহাদ অ্যারেনা’য়। আগামী বছরের ২২ ও ২৩ জানুয়ারি এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। তাদের সঙ্গে যোগ দেবেন করণ জোহর ও মণীশ পল। এছাড়া সালমান খান, কারিনা কাপুর এবং জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির তারকারাও সেখানে পারফর্ম করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি সাহিত্য সংসদ সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি পেলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


জবি সাহিত্য সংসদ সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি পেলো

সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাহিত্য সংসদ সম্মাননা অর্জন করেছে ঐতিহ্য কার্নিভালে। এই সম্মাননা দেশের সাতটি বিশ্ববিদ্যালয় ও কলেজের সাহিত্য সংগঠনকে প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ঐতিহ্য প্রকাশনীর কার্নিভালের অষ্টম দিনে ‘ক্লাব-ডে: লিটারেচার ক্লাব সম্মাননা ও ঐতিহ্য রিডার্স ক্লাব গেটটুগেদার’ অনুষ্ঠানে জবি সাহিত্য সংসদকে এই সম্মাননা দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষে অভিপ্সা দাস সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাপ্রাপ্ত অন্যান্য ছয়টি সংগঠন হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সাহিত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, ইডেন মহিলা কলেজের ‘অপরাজেয়’, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ রিডার্স ক্লাব এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইউএপি লিটারেচার ক্লাব।

অনুষ্ঠানে বুয়েট সাহিত্য সংসদের পক্ষে হাসান মামুন, রাফিদ আনজুম ও আহনাফ তারহাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষে আব্দুল্লাহ আল মাহমুদ ও কাসিরা সুলতানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষে মোস্তাফিজুর রাহমান, তারিন তাসনিম ও তানজিনা তাবাসসুম তন্দ্রা সম্মাননা গ্রহণ করেন।

এছাড়া, ইডেন মহিলা কলেজের ‘অপরাজেয়’-এর পক্ষে সানজিদা হক এবং ইউএপি লিটারেচার ক্লাবের পক্ষে শাহনেওয়াজ শাহিন সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, "এই ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। আমরা যারা সাহিত্যচর্চা করি, তাদের মধ্যে এ ধরনের সম্মাননা নতুন উদ্দীপনা ও উদ্যম তৈরি করে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য নিয়ে আগ্রহ বা অনুরাগ কিছুটা কমে আসছে, সেখানে ঐতিহ্য প্রকাশনীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন চমৎকার ও ভিন্নমাত্রার আয়োজনের জন্য ঐতিহ্য প্রকাশনীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"

এদিকে, আয়োজনের অংশ হিসেবে ঐতিহ্য রিডার্স ক্লাবের সদস্যদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন হাসান মামুন, দ্বিতীয় হন রাফিদ আনজুম এবং তৃতীয় হন মাহবুবুল হাছান। বিজয়ীদের ঐতিহ্য প্রকাশনীর রচনাবলি উপহার দেওয়া হয়।

এছাড়া বিকেলে সাইফ বরকতুল্লাহ সম্পাদিত ‘সংবাদপত্রে খালেদা জিয়ার মৃত্যু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কার্নিভালের অষ্টম দিনের আয়োজনে সংগীতসন্ধ্যাও অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থাবর সম্পত্তি হস্তান্তরে প্রকৃত বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


স্থাবর সম্পত্তি হস্তান্তরে প্রকৃত বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ গ্রহণ

স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সর্বনিম্ন মৌজা মূল্যের পরিবর্তে প্রকৃত বাজারমূল্য নির্ধারণের জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং অপ্রদর্শিত বা কালো টাকা সৃষ্টি রোধের উদ্দেশ্যে এই পদক্ষেপটি বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন এই ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা এবং উপজেলা—এই তিন স্তরে বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার মাসের মধ্যে তাদের নিজ নিজ এলাকার জমি, আবাসিক প্লট, ফ্ল্যাট এবং অন্যান্য স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, এই উদ্যোগটি কয়েকটি ধাপে বাস্তবায়িত হবে। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সুপারিশ অনুযায়ী বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে জমি ও অন্যান্য সম্পদের বাজারমূল্য নির্ধারণ করা হবে। তবে, এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কমিটির মাধ্যমে সম্পদের বাজারমূল্য নির্ধারণ একটি অন্তর্বর্তীকালীন পদক্ষেপ। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার সরকারের সহায়তায় স্থাবর সম্পদের মূল্যায়নের একটি মডেল তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, এই মডেলের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে সম্পদের প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা হবে। এটি একটি স্থায়ী প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা হবে। এজন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা করা হচ্ছে, দেড় থেকে দুই বছরের মধ্যে এই উদ্যোগ সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%