১০:১৩ পি.এম
নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় ৬৫ বছর বয়সী জালাল উদ্দিন নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকের রায়ে একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদান না করার ক্ষেত্রে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ আদালত দেন। ১৭ জুন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি জালাল উদ্দিনের স্থায়ী ঠিকানা নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে। মামলার রায়ে সিদ্ধান্ত ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২৩ সালের আগস্ট মাসে অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা ঘটনাটি উপলব্ধি করেন। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামী করে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। পরে দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ এ রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশে শিশু ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে, তাই সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথাযথ বিচার পেয়েছে বলে আমরা মনে করি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন